×

ঢাকা, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

শিক্ষাকে বাণিজ্যে পরিণত করেছিল বিগত সরকার: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

২০২৬ অক্টোবর ১৬ ২০:০০:২৬

শিক্ষাকে বাণিজ্যে পরিণত করেছিল বিগত সরকার: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: বিগত সরকার শিক্ষার মানোন্নয়নে গুরুত্ব না দিয়ে শিক্ষাকে বাণিজ্যে পরিণত করেছিল বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী এবং টাঙ্গাইল-৫ (সদর) আসনের সংসদ সদস্য সুলতান সালাউদ্দিন টুকু। তিনি বলেন, শিক্ষাপ্রতিষ্ঠান স্থাপন করে লোক নিয়োগের মাধ্যমে ১০ লাখ ও ১৫ লাখ টাকা ঘুষ নেওয়ার দিকেই বিগত সরকারের নজর ছিল। এভাবে শিক্ষাকে বাণিজ্যিক প্রক্রিয়ায় পরিণত করা হয়েছিল।

শুক্রবার (১৬ অক্টোবর) দুপুরে টাঙ্গাইলে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সুলতান সালাউদ্দিন টুকু বলেন, শিক্ষা একটি আদর্শিক পেশা। শিক্ষকেরা মানুষ গড়ার কারিগর। কিন্তু বিগত সরকার যোগ্যতার পরিবর্তে দলীয় বিবেচনায় শিক্ষক নিয়োগ দিয়েছে। শিক্ষকদের বিভিন্ন মতাদর্শে বিশ্বাস থাকতে পারে। তবে শিক্ষাঙ্গনে প্রবেশের পর শিক্ষাপ্রতিষ্ঠান ও শিক্ষার্থীদের সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারি চাকরিজীবীদের ক্ষেত্রে দলীয় পরিচয়ের পরিবর্তে কর্মদক্ষতাকে গুরুত্ব দেওয়ার নির্দেশনা দিয়েছেন। দেশপ্রেমকে ধারণ করে সবাইকে কাজ করতে হবে। শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষকদের যে নৈতিক দায়িত্ব রয়েছে, তা দায়িত্ববোধ ও দেশপ্রেম থেকে পালন করতে হবে।

বিন্দুবাসিনী সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. তোফাজ্জল হোসেনের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের উপপরিচালক শামীম আল মামুন ও মোহাম্মদ আকতার হোসেন, টাঙ্গাইল জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু এবং সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুর রহমান খান শফিকসহ অন্যরা।

সভায় বক্তারা শিক্ষার গুণগত মান উন্নয়ন, সরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোর অবকাঠামোগত সমস্যা এবং শিক্ষকদের পেশাগত মর্যাদা ও অধিকার রক্ষার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।

২ হাজার ৮০০ জনকে শাড়ি-পাঞ্জাবি ও অর্থ উপহার

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ব্যক্তিগত অর্থায়নে টাঙ্গাইলের ২ হাজার ৮০০ দরিদ্র ও দুস্থ হিন্দুধর্মাবলম্বী মানুষের মধ্যে শাড়ি, পাঞ্জাবি ও নগদ অর্থ বিতরণ করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।

এর মধ্যে ২ হাজার ৫০০ নারী-পুরুষের মধ্যে শাড়ি ও পাঞ্জাবি বিতরণ করা হয়। পাশাপাশি হরিজন সম্প্রদায়ের ৩০০ জনকে প্রত্যেকের জন্য ২ হাজার টাকা করে নগদ অর্থ দেওয়া হয়।

শুক্রবার সকালে টাঙ্গাইলের শ্রীশ্রী কালীবাড়ি প্রাঙ্গণে উপহার বিতরণের মধ্য দিয়ে এ কার্যক্রমের আনুষ্ঠানিক সূচনা হয়। পরে দিনব্যাপী সদর উপজেলার পোড়াবাড়ি ও সদুল্যাপুরসহ বিভিন্ন পূজামণ্ডপে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শারদীয় শুভেচ্ছা বিনিময় করেন তিনি। এ সময় উপহারসামগ্রীও বিতরণ করেন প্রতিমন্ত্রী।

অনুষ্ঠানে সুলতান সালাউদ্দিন টুকু বলেন, আনন্দ সবার সঙ্গে ভাগাভাগি করে নিতে ঈদের সময় ইসলাম ধর্মাবলম্বীদের মধ্যে সরকারি বরাদ্দের পাশাপাশি তিনি ব্যক্তিগত অর্থায়নেও উপহার দিয়েছেন। সেই ধারাবাহিকতায় এবার সনাতন ধর্মাবলম্বীদের উপহার দেওয়া হচ্ছে।

তিনি বলেন, সনাতন ধর্মাবলম্বীদের নিরাপত্তার বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। তাই ভয়ভীতির কোনো কারণ নেই। সবাই যেন নির্বিঘ্নে ও উৎসবমুখর পরিবেশে পূজা উদযাপন করতে পারেন, সে জন্য প্রধানমন্ত্রী ইতোমধ্যে সারা দেশে নেতাকর্মীদের স্পষ্ট নির্দেশনা দিয়েছেন। বাংলাদেশে সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু বলতে কিছু নেই, সবাই বাংলাদেশি। দেশকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে নিয়ে যেতে হবে।

উপহার বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন হিন্দুধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি বাবু শ্যামল হোড়, জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু, টাঙ্গাইল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহীন মিয়া এবং অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) এইচ এম মাহবুব রেজওয়ান সিদ্দিকী।

এ সময় উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা পূজা উদযাপন ফ্রন্টের সভাপতি অমল ব্যানার্জি, শ্রীশ্রী কালীবাড়ির সভাপতি স্বপন ঘোষ ও সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা জীবন কৃষ্ণ চৌধুরী, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুর রহমান খান শফিক, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সালেহ মোহাম্মদ শাফী, জেলা ছাত্রদলের আহ্বায়ক দুর্জয় হোড় শুভসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

ইমামুল

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

জাতীয় এর অন্যান্য সংবাদ

আজকের বাজারে স্বর্ণের দাম (১৬ অক্টোবর)

আজকের বাজারে স্বর্ণের দাম (১৬ অক্টোবর)

ডুয়া ডেস্ক: বিশ্ববাজারের পরিস্থিতির প্রভাবে দেশের বাজারেও স্বর্ণের দামে পরিবর্তন এসেছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) ভরিতে সর্বশেষ ৩ হাজার ২৬৬... বিস্তারিত