×

ঢাকা, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩

ডাকসুর তিন ঘটনায় ১৬ সদস্যের তিন তদন্ত কমিটি

২০২৬ সেপ্টেম্বর ১৪ ২১:৪২:৩২

ডাকসুর তিন ঘটনায় ১৬ সদস্যের তিন তদন্ত কমিটি

নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সম্প্রতি ঘটে যাওয়া তিনটি পৃথক ঘটনা খতিয়ে দেখতে তিনটি আলাদা তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ডাকসুর উদ্যোগে ‘DU Evaluation’ নামে ওয়েবসাইট চালু, ‘নির্ভীক জুলাই’ নামে স্মৃতিস্তম্ভ স্থাপন এবং ডাকসু সংগ্রহশালায় পাকিস্তানের প্রতিষ্ঠাতা মুহাম্মদ আলী জিন্নাহ ও ছাত্রসংঘের নেতা আব্দুল মালেকের আলোচিত ছবি টানানোর ঘটনা তদন্ত ও সুপারিশ দেওয়ার জন্য এসব কমিটি করা হয়েছে। তিন কমিটিতে মোট সদস্য রাখা হয়েছে ১৬ জন।

বিশ্ববিদ্যালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ক্যাম্পাসে সার্বিক শৃঙ্খলা বজায় রাখার লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় আদেশ, ১৯৭৩-এর ১২ (৩) ধারা অনুযায়ী কমিটিগুলো গঠন করা হয়েছে। এসব কমিটির প্রতিবেদনের ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ নেবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আগামী ৭ কর্মদিবসের মধ্যে সুপারিশসহ প্রতিবেদন জমা দিতে কমিটিগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে।

‘DU Evaluation’ ওয়েবসাইট চালুর ঘটনায় কমিটি

ডাকসু কর্তৃক ‘DU Evaluation’ নামে ওয়েবসাইট চালুর বিষয়টি তদন্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন)-কে আহবায়ক করে ছয় সদস্যের একটি কমিটি করা হয়েছে। এতে সদস্য হিসেবে থাকছেন প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা), আইন অনুষদের ডিন, বিজনেস স্টাডিজ অনুষদের ডিন এবং IQAC-এর পরিচালক। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার সদস্য-সচিবের দায়িত্ব পালন করবেন।

‘নির্ভীক জুলাই’ স্মৃতিস্তম্ভ স্থাপনে তদন্ত কমিটি

বিশ্ববিদ্যালয়ের সুনির্দিষ্ট আইন থাকার পরও কর্তৃপক্ষের অনুমতি ছাড়া ডাকসু কর্তৃক ‘নির্ভীক জুলাই’ নামে স্মৃতিস্তম্ভ স্থাপনের বিষয়টি তদন্তে পাঁচ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। কলাভবন সংলগ্ন ডাকসু ভবনের পশ্চিম পাশে ও কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে স্মৃতিস্তম্ভটি স্থাপনের ঘটনা তদন্তের জন্য গঠিত কমিটির আহবায়ক করা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন)-কে। সদস্য হিসেবে রয়েছেন বিজনেস স্টাডিজ অনুষদের ডিন, আইন অনুষদের ডিন ও প্রক্টর। বিশ্ববিদ্যালয়ের এস্টেট ম্যানেজার সদস্য-সচিবের দায়িত্ব পালন করবেন।

জিন্নাহ ও আব্দুল মালেকের ছবি টানানোর ঘটনায় তদন্ত

ডাকসু সংগ্রহশালায় পাকিস্তানের প্রতিষ্ঠাতা মুহাম্মদ আলী জিন্নাহ ও ছাত্রসংঘের নেতা আব্দুল মালেকের আলোচিত ছবি টানানোর ঘটনাটিও তদন্ত করবে পাঁচ সদস্যের একটি কমিটি। এ কমিটির আহবায়ক করা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন)-কে। কমিটিতে সদস্য হিসেবে থাকবেন আইন অনুষদের ডিন, বিজনেস স্টাডিজ অনুষদের ডিন এবং প্রক্টর। বিশ্ববিদ্যালয়ের এস্টেট ম্যানেজার সদস্য-সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।

তিনটি কমিটির প্রতিবেদন পাওয়ার পর এসব ঘটনায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পরবর্তী পদক্ষেপ নেবে। কমিটিগুলোকে নির্ধারিত ৭ কর্মদিবসের মধ্যে সুপারিশসহ প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।

ইমামুল

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

বিশ্ববিদ্যালয় এর অন্যান্য সংবাদ