×

ঢাকা, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩

শেখ মুজিবের ছবি পুনঃস্থাপনের দাবিতে ঢাবিতে বিক্ষোভ

২০২৬ সেপ্টেম্বর ১৪ ২০:০৫:৪৯

শেখ মুজিবের ছবি পুনঃস্থাপনের দাবিতে ঢাবিতে বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) সংগ্রহশালা থেকে মুহাম্মদ আলী জিন্নাহর ছবি সরিয়ে শেখ মুজিবুর রহমানের গৌরবোজ্জ্বল সময়ের ছবি পুনঃস্থাপনের দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন বামপন্থী তিন ছাত্র সংগঠনের নেতা-কর্মীরা। সোমবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ কর্মসূচি পালিত হয়।

বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট ও বাংলাদেশ ছাত্রলীগ-বিসিএলের ব্যানারে আয়োজিত মিছিলটি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। মিছিল থেকে নেতা-কর্মীরা বিভিন্ন স্লোগান দেন। এর মধ্যে ছিল, ‘জিন্নার ছবি কেন, ডাকসু জবাব চাই’, ‘ডাকসু জবাব দে, জিন্নার ছবি কেন’, ‘পাকিস্তানের দালালেরা, হুঁশিয়ার সাবধান’, ‘রাজাকারের দালালেরা, হুঁশিয়ার সাবধান’, ‘টাকার দালালেরা, হুঁশিয়ার সাবধান’, ‘যুদ্ধাপরাধীদের আস্তানা, জ্বালিয়ে দাও-পুড়িয়ে দাও’, ‘পাকিস্তানীদের আস্তানা, জ্বালিয়ে দাও, পুড়িয়ে দাও’, ‘এই বাংলায় হবে না, যুদ্ধাপরাধীদের আস্তানা’, ‘৭১-এর চেতনা, মুক্তিযুদ্ধের চেতনা’ এবং ‘৭১-এর হাতিয়ার, গর্জে উঠুক আরেকবার’।

কর্মসূচিতে তিন সংগঠনের অন্তত ২৫ জন নেতা-কর্মী অংশ নেন। তাঁরা ডাকসু সংগ্রহশালায় মুহাম্মদ আলী জিন্নাহর ছবি প্রদর্শনের প্রতিবাদ জানান এবং শেখ মুজিবুর রহমানের ছবি পুনঃস্থাপনের দাবি তোলেন।

সম্প্রতি ডাকসু সংগ্রহশালায় মুহাম্মদ আলী জিন্নাহর ছবি প্রদর্শনের বিষয়টি নিয়ে আলোচনা ও বিতর্ক তৈরি হয়। সেই প্রেক্ষাপটে বামপন্থী তিন ছাত্র সংগঠন জিন্নাহর ছবি অপসারণ এবং শেখ মুজিবুর রহমানের গৌরবোজ্জ্বল সময়ের ছবি পুনঃস্থাপনের দাবিতে এই বিক্ষোভ কর্মসূচি পালন করে।

ইমামুল

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

বিশ্ববিদ্যালয় এর অন্যান্য সংবাদ