×

ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩

‘আন্ধার’-এ সিয়ামের রহস্যময় চরিত্রের নাম ‘দেলোয়ার’

২০২৬ সেপ্টেম্বর ০৫ ১৮:০০:৪০

‘আন্ধার’-এ সিয়ামের রহস্যময় চরিত্রের নাম ‘দেলোয়ার’

বিনোদন ডেস্ক: ঢালিউড নির্মাতা রায়হান রাফীর বহুল প্রতীক্ষিত ভৌতিক সিনেমা ‘আন্ধার’-এর টিজার প্রকাশ্যে এসেছে। সিনেমাটিতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন সময়ের আলোচিত অভিনেতা সিয়াম আহমেদ। সামাজিক যোগাযোগমাধ্যমে টিজার প্রকাশের পর থেকেই সিনেমাপ্রেমীদের মধ্যে কৌতূহল তুঙ্গে উঠেছে।

টিজারে মৃত্যু, কালোজাদু ও রহস্যময় আবহ তৈরি করা হলেও সিয়াম আহমেদের চরিত্রটি নিয়ে তৈরি হয়েছে বড় রহস্য। সেই রহস্যের জট কিছুটা খুলে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের নতুন লুক ও চরিত্রের নাম প্রকাশ করেছেন অভিনেতা।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) নিজের ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে সিয়াম আহমেদ ‘আন্ধার’ সিনেমায় তার ‘ফার্স্টলুক টেস্ট’-এর ঝলক শেয়ার করেন। ক্যাপশনে তিনি জানান, সিনেমায় তাঁর চরিত্রের নাম ‘দেলোয়ার’।

সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করা ছবিতে গাঢ় লাল আলোর আবহে অচেনা ও রহস্যময় অবতারে দেখা গেছে সিয়ামকে। মুখে ঘন দাড়ি, উস্কোখুস্কো চুল এবং গায়ে গাঢ় রঙের কোট-সব মিলিয়ে তাঁকে দেখা গেছে বেশ গম্ভীর ও চিন্তামগ্ন ভঙ্গিতে। ঠোঁটে জ্বলতে থাকা সিগারেট ও সেখান থেকে বেরিয়ে আসা ধোঁয়ার কুণ্ডলী, সঙ্গে অভিনেতার প্রখর চাহনি-চরিত্রটির রহস্য আরও ঘনীভূত করেছে।

এর আগে বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় প্রকাশিত সিনেমাটির টিজারে সিয়ামকে কখনো লাশের সামনে দাঁড়িয়ে থাকতে, আবার কখনো মারমুখী অ্যাকশন অবতারে দেখা যায়। টিজারের শেষভাগে তাঁর জ্বলজ্বলে নীল চোখের চাহনি সিনেমাপ্রেমী দর্শকদের মনে বিশেষ কৌতূহল তৈরি করে।

নতুন ‘দেলোয়ার’ লুক প্রকাশের পর মন্তব্যের ঘরেও নেটিজেনদের বেশ আগ্রহ দেখা গেছে। রায়হান রাফী ও সিয়াম আহমেদের জুটির এই রসায়নের প্রশংসা করছেন তাঁরা।

এ মুহূর্তে ঢালিউডে ‘আন্ধার’ একটি বড় বাজেটের ভৌতিক সিনেমা হিসেবে আলোচিত হচ্ছে। শাকিব চৌধুরী, বেজবাবা সুমন ও আদনান আদিব খানের গল্পে নির্মিত হচ্ছে সিনেমাটি।

‘আন্ধার’-এর কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন সিয়াম আহমেদ। তাঁর বিপরীতে জুটি হয়ে কাজ করছেন নাজিফা তুষি। এ ছাড়া অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, মোস্তফা মনওয়ার, আফসানা মিমি, গাজী রাকায়েত ও তানজিকা আমিন।

আগামী মাসে বিশ্বজুড়ে প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত ‘আন্ধার’ সিনেমাটি।

ইমামুল

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)

আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)

নিজস্ব প্রতিবেদক: টানা তিন দফা কমার পর দেশের বাজারে আবারও বড় ব্যবধানে বেড়েছে স্বর্ণের দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) ভরিতে... বিস্তারিত