ঢাকা, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩
এক দিনের উন্মাদনার পর ‘টক্সিক’-এর বক্স অফিসে ধস
বিনোদন ডেস্ক: মুক্তির পর প্রথম দিনেই দারুণ সাড়া ফেলেছিল ভারতের প্যান-ইন্ডিয়া তারকা যশ অভিনীত ‘টক্সিক’। ভারতীয় সিনেমার ইতিহাসে অন্যতম সেরা ওপেনিংয়ের পাশাপাশি অগ্রিম টিকিট বুকিংয়ের বেশ কিছু রেকর্ডও ভেঙেছিল সিনেমাটি। তবে দর্শক-ভক্তদের সেই উন্মাদনা স্থায়ী হয়েছে মাত্র একদিন। নেতিবাচক রিভিউ ও প্রচারের প্রভাবে এরপর থেকেই বক্স অফিস আয়ে নিম্নমুখী ধারায় রয়েছে ছবিটি। সোমবার (৩১ আগস্ট) পরিস্থিতি আরও খারাপ হয়। এদিন দেশ ও বিদেশের বক্স অফিসে ছবিটির আয় একক অঙ্কে নেমে আসে।
ভারতজুড়ে দুর্দান্ত সূচনা করেছিল ‘টক্সিক’, যা প্রত্যাশাকেও ছাড়িয়ে যায়। মুক্তির দিন বিশ্বব্যাপী ১৪০ কোটিরও বেশি রুপি আয় করে ছবিটি। ‘কেজিএফ চ্যাপ্টার ২’-এর পর কন্নড় সিনেমার ইতিহাসে এটি দ্বিতীয় বৃহত্তম ওপেনিং। কিন্তু এরপর থেকেই একের পর এক ধাক্কার মুখে পড়ে সিনেমাটি।
মুক্তির পর প্রথম পাঁচ দিনে ভারতীয় বক্স অফিসে ‘টক্সিক’-এর নেট আয় দাঁড়ায় ২১৪ কোটি রুপির কিছু বেশি। মন্দা কাটিয়ে উঠতে ষষ্ঠ দিনে, অর্থাৎ সোমবার (৩১ আগস্ট), আয়ে বড় সংযোজনের প্রয়োজন ছিল। কিন্তু তা আর হয়নি।
রোববার (৩০ আগস্ট) থেকে প্রায় ৭০ শতাংশ এবং প্রথম দিনের তুলনায় প্রায় ৯৫ শতাংশ আয় কমে সোমবার মাত্র ৭.৪৫ কোটি রুপি আয় করেছে ‘টক্সিক’।
এর ফলে প্রথম ছয় দিনে ভারতের অভ্যন্তরীণ বাজারে ছবিটির নেট আয় দাঁড়িয়েছে ২২১.৫৫ কোটি রুপি। গ্রস আয় ২৬৪.৮০ কোটি রুপি। বর্তমানে আয়ের এই গতি অব্যাহত থাকলে ভারতীয় প্রেক্ষাগৃহে ছবিটির ৩০০ কোটির গণ্ডি পার করা কঠিন হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
আন্তর্জাতিক বাজারেও ‘ধুরন্ধর ২’ বা ‘পাঠান’-এর মতো প্রভাব ফেলতে পারেনি ‘টক্সিক’। ফলে বিদেশের বাজারে এর সূচনাও ছিল বেশ সাধারণ। আয়ে পতন শুরু হওয়ার পর পরিস্থিতি আরও খারাপ হয়েছে।
মুক্তির প্রথম দিনে আন্তর্জাতিক বাজারে ছবিটি ২ মিলিয়ন ডলারের সামান্য বেশি আয় করেছিল। ষষ্ঠ দিনে এসে দৈনিক আয় কমে মাত্র ২ লাখ ডলারে নেমে আসে। প্রথম ছয় দিনে আন্তর্জাতিক বাজারে ছবিটির আয় হয়েছে ৪ মিলিয়ন ডলারের কিছু বেশি। এতে বিশ্বব্যাপী ছবিটির মোট আয় দাঁড়িয়েছে ৩০৪ কোটি রুপি, যা শেষ পর্যন্ত তাকে ৩০০ কোটির ক্লাবে নিয়ে গেছে।
প্রসঙ্গত, ‘টক্সিক’-এর প্রথম দিনের আয় সর্বকালের সেরা ১৫টি ভারতীয় ওপেনিংয়ের তালিকায় জায়গা করে নেওয়ার জন্য যথেষ্ট ছিল। কিন্তু ৩০৪ কোটি রুপির বৈশ্বিক আয়ও ছবিটিকে রাম চরণের ‘পেদ্দি’ ও প্রভাসের ‘আদিপুরুষ’-এর মতো বড় বাজেটের ফ্লপ সিনেমার তালিকা থেকে রক্ষা করার জন্য যথেষ্ট নয়। ছবি দুটি ‘টক্সিক’-এর চেয়ে বেশি আয় করেছিল। ‘পেদ্দি’র চূড়ান্ত বক্স অফিস সংগ্রহ ছিল ৩৪০ কোটি রুপি এবং ‘আদিপুরুষ’ অর্জন করেছিল ৩৫০ কোটি রুপি।
গীতু মোহনদাস পরিচালিত ‘টক্সিক’ ছবিতে যশের সঙ্গে প্রধান চরিত্রে অভিনয় করেছেন নয়নতারা, কিয়ারা আদভানি, হুমা কোরেশি, রুক্মিণী বসন্ত ও তারা সুতারিয়া। গত ২৬ আগস্ট সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পায়।
সাহসী ও অন্তরঙ্গ দৃশ্য এবং সংলাপের মাধ্যমে নারীদের অনুকূলভাবে ফুটিয়ে না তোলার অভিযোগে মুক্তির আগে থেকেই ছবিটি আলোচনায় ছিল। ভারতের সেন্ট্রাল বোর্ড অব ফিল্ম সার্টিফিকেশন (সিবিএফসি) কোনো কাটছাঁট ছাড়াই ছবিটিকে ‘এ’ (প্রাপ্তবয়স্কদের জন্য) সার্টিফিকেট দিয়ে মুক্তির ছাড়পত্র দেয়।
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১১ সেপ্টেম্বর)
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- পে-স্কেলের গেজেট কেন প্রকাশ হচ্ছে না, জানা গেল রহস্যময় তথ্য
- এসএসসি পুনর্নিরীক্ষণের ফল আজ, জানা যাবে ৩ উপায়ে
- দুই মন্ত্রীর দায়িত্ব বাড়াল সরকার
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ সেপ্টেম্বর)