ঢাকা, রবিবার, ১৬ আগস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩
আজ সংগীতের কিংবদন্তির জন্মদিন
বিনোদন ডেস্ক: বাংলা ব্যান্ড সংগীতের কিংবদন্তি শিল্পী আইয়ুব বাচ্চুর ৬৪তম জন্মদিন আজ। ১৯৬২ সালের ১৬ আগস্ট চট্টগ্রামে জন্ম নেওয়া এই শিল্পী মাত্র ৫৬ বছরের জীবনে গান, সুর ও গিটারের মাধ্যমে বাংলা সংগীতকে সমৃদ্ধ করেছেন। মৃত্যুর প্রায় আট বছর পরও তাঁর সৃষ্টি নতুন প্রজন্মের শ্রোতাদের কাছে সমান জনপ্রিয়।
১৯৬২ সালের এই দিনে চট্টগ্রাম শহরে জন্মগ্রহণ করেন আইয়ুব বাচ্চু। গায়ক, গিটারবাদক, গীতিকার, সুরকার ও সংগীত পরিচালক হিসেবে দীর্ঘ কয়েক দশকের ক্যারিয়ারে তিনি দেশের ব্যান্ড সংগীতে নিজের স্বতন্ত্র অবস্থান তৈরি করেন।
১৯৭৮ সালে ‘ফিলিংস’ ব্যান্ডের মাধ্যমে সংগীতজগতে তাঁর পথচলা শুরু। ১৯৮৩ সালে মাত্র ৬০০ টাকা নিয়ে ঢাকায় আসেন তিনি। পরে প্রায় এক দশক ‘সোলস’ ব্যান্ডের লিড গিটারিস্ট হিসেবে দায়িত্ব পালন করেন। প্রতিভা ও নিরলস পরিশ্রমের মাধ্যমে ধীরে ধীরে দেশের অন্যতম জনপ্রিয় ব্যান্ড তারকায় পরিণত হন।
১৯৯০ সালে নিজের ব্যান্ড ‘এলআরবি’ প্রতিষ্ঠা করেন আইয়ুব বাচ্চু। শুরুতে ব্যান্ডটির নাম ছিল ‘লিটল রিভার ব্যান্ড’। পরবর্তী সময়ে এটি ‘লাভ রান্স ব্লাইন্ড’ বা এলআরবি নামে পরিচিতি পায়।
রক সংগীতের শিল্পী হিসেবে ব্যাপক পরিচিতি পেলেও তাঁর সংগীতচর্চা নির্দিষ্ট একটি ঘরানায় সীমাবদ্ধ ছিল না। আধুনিক গান, লোকসংগীত ও চলচ্চিত্রের প্লেব্যাকেও তিনি শ্রোতাদের মুগ্ধ করেছেন। তাঁর কণ্ঠের পাশাপাশি গিটারের অনন্য পরিবেশনাও তাঁকে আলাদা পরিচিতি এনে দেয়।
ব্যক্তিজীবনে আইয়ুব বাচ্চু ছিলেন আবেগপ্রবণ ও সংবেদনশীল মানুষ। কাছের মানুষদের মতে, নিজের অনুভূতি সবসময় প্রকাশ না করলেও তাঁর গান ও সুরে সেই আবেগের প্রকাশ ঘটত। মায়ের মৃত্যু তাঁর জীবনে গভীর প্রভাব ফেলেছিল। একইভাবে ব্যান্ডের সহশিল্পীদের দলছুট হওয়াও তাঁকে কষ্ট দিত। তাঁর কাছে ব্যান্ডের সদস্যরা ছিলেন পরিবারের মতো।
গিটার ছিল তাঁর সংগীতজীবনের অন্যতম প্রধান অনুষঙ্গ। তিনি গিটারকে নিজের প্রথম ও শেষ ভালোবাসা হিসেবে দেখতেন। দীর্ঘ সংগীতজীবনে ‘চলো বদলে যাই’, ‘হাসতে দেখো’, ‘এখন অনেক রাত’, ‘রুপালি গিটার’, ‘মেয়ে’, ‘আমি কষ্ট পেতে ভালোবাসি’, ‘সুখের এ পৃথিবী’, ‘ফেরারী মন’, ‘উড়াল দেবো আকাশে’, ‘বাংলাদেশ’, ‘এক আকাশের তারা’, ‘সেই তারা ভরা রাতে’সহ অসংখ্য জনপ্রিয় গান উপহার দিয়েছেন।
২০১৮ সালের ১৬ আগস্ট ঘরোয়া আয়োজনে কাছের মানুষদের সঙ্গে নিজের শেষ জন্মদিন পালন করেন আইয়ুব বাচ্চু। এর মাত্র দুই মাস পর, ১৮ অক্টোবর, ৫৬ বছর বয়সে তিনি মারা যান।
আইয়ুব বাচ্চু আজ শারীরিকভাবে নেই, তবে তাঁর গান, সুর ও গিটারের মূর্ছনা এখনো বাংলা ব্যান্ড সংগীতের ভক্তদের হৃদয়ে তাঁকে জীবন্ত করে রেখেছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের জুলাইয়ের বেতন ফাইল চূড়ান্ত
- এসএসসির ফল পুনঃনিরীক্ষণে আবেদন করবেন যেভাবে
- আজকের বাজারে স্বর্ণের দাম (১০ আগস্ট)
- দাখিল ও কারিগরি বোর্ডের ফল দেখবেন যেভাবে
- এসএসসির ফল পুনঃনিরীক্ষণ নিয়ে যা জানালেন শিক্ষামন্ত্রী
- পরীক্ষায় ফেল বা খারাপ করার পর শিক্ষার্থীদের করণীয় কী
- ১৯তম নিবন্ধন থেকে শিক্ষক নিয়োগে সুপারিশ করবে না এনটিআরসিএ
- এসএসসিতে ফেলের হার ৩৭.৭৫ শতাংশ
- নতুন নিয়মে এসএসসির খাতা চ্যালেঞ্জ করবেন যেভাবে
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাবেক মহাসচিব রঞ্জন কর্মকার আর নেই
- বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডে ৪৮ পদে নিয়োগ, আবেদন শুরু ১১ আগস্ট
- পাট গবেষণা ইনস্টিটিউটে ৪১ পদে নিয়োগ
- এসএসসির ফলাফল দেখবেন যেভাবে
- এসএসসিতে ৩১২ শিক্ষাপ্রতিষ্ঠানের সবাই ফেল
- বসুন্ধরায় অভিনেত্রী রিধিকা রিধির মরদেহ উদ্ধার