ঢাকা, বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩

ভারতের আমন্ত্রণে দিল্লি যাচ্ছেন কি তারেক রহমান

২০২৬ আগস্ট ১৩ ২১:২৭:৫৩

ভারতের আমন্ত্রণে দিল্লি যাচ্ছেন কি তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক: আগামী মাসে ভারতের নয়াদিল্লিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে অষ্টাদশ ব্রিকস সম্মেলন। এতে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে যোগ দেওয়ার আমন্ত্রণ জানিয়েছে ভারত সরকার। তবে তারেক রহমান সম্মেলনে যোগ দেবেন কি না, সে বিষয়ে বাংলাদেশের পক্ষ থেকে এখনো নিশ্চিত কোনো সিদ্ধান্ত জানানো হয়নি।

বিশ্বের প্রধান উদীয়মান বাজার ও উন্নয়নশীল দেশগুলোর আন্তর্জাতিক ও অর্থনৈতিক জোট ব্রিকস। আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর ভারতের নয়াদিল্লিতে ব্রিকস শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

ব্রিকসের নিয়ম অনুযায়ী, বিভিন্ন আঞ্চলিক জোটের নেতাদের সম্মেলনের আউটরিচ অধিবেশনে আমন্ত্রণ জানানো হয়।

তবে বুধবার পর্যন্ত এই সম্মেলনে তারেক রহমানের যোগ দেওয়ার বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র শহীদুল করিম। খবর বিবিসি বাংলার।

গত সোমবার তারেক রহমানের সঙ্গে বৈঠক করেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। বৈঠক শেষে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের কাছে সাংবাদিকেরা জানতে চান, ওই সম্মেলনে যোগ দিতে তারেক রহমান ভারত সফর করবেন কি না। জবাবে পররাষ্ট্রমন্ত্রী জানান, এ বিষয়ে এখনো কোনো নীতিগত সিদ্ধান্ত হয়নি।

পরদিন মঙ্গলবার নয়াদিল্লিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল ব্রিফিং করেন। সেখানেও তারেক রহমানের ভারত সফর নিয়ে প্রশ্ন করা হয়। রণধীর জয়সওয়াল বলেন, এ বিষয়ে কোনো আপডেট থাকলে তিনি তা জানাবেন।

সাবেক কূটনীতিকেরা মনে করেন, হাসিনা সরকার পতনের পর অন্তর্বর্তী সরকারের সময় থেকে বাংলাদেশ ও ভারতের মধ্যে যে সম্পর্কের টানাপোড়েন তৈরি হয়েছিল, তা কাটিয়ে উঠতে দুই দেশের পক্ষ থেকেই চেষ্টা ছিল।

তাঁরা বলছেন, চলতি বছরের ৫ আগস্ট নয়াদিল্লিতে বসে বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীর বক্তব্যে দুই দেশের মধ্যে আবারও কিছুটা দূরত্ব তৈরি হয়েছে ঠিকই। তবে তারেক রহমান ভারত সফরে গেলে সম্পর্কে ইতিবাচক পরিবর্তন আসতে পারে।

নয়াদিল্লিতে দায়িত্ব পালন করা বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত ও সাবেক সচিব মাশফি বিনতে শামস বলেন, এই সম্মেলনে বাংলাদেশের প্রধানমন্ত্রীর অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা আছে ঠিকই, তবে কূটনৈতিক সম্পর্ক উন্নয়নে তারেক রহমানের এই সফরে যাওয়া উচিত।

তারেক রহমানের সফর নিয়ে ধোঁয়াশা কেন?

২০২৬ সালে ব্রিকসের সভাপতির দায়িত্ব পালন করছে ভারত। বাংলাদেশ ব্রিকসের সদস্য দেশ নয়।

তবে ব্রিকসের নিয়ম অনুযায়ী, বিভিন্ন আঞ্চলিক জোটের নেতাদের সম্মেলনের আউটরিচ অধিবেশনে আমন্ত্রণ জানানো হয়।

এই আঞ্চলিক জোট হচ্ছে বিমসটেক বা বে অব বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি-সেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কো-অপারেশন।

বিভিন্ন সময়ে সদস্যদেশগুলোর সরকারপ্রধানেরা বিমসটেকের চেয়ারম্যান পদের দায়িত্ব পালন করেন। ২০২৫ সাল থেকে বিমসটেকের চেয়ারম্যান পদটি রয়েছে বাংলাদেশের। সেই হিসেবে বর্তমানে এই জোটের চেয়ারম্যান বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান।

বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ব্রিকসের আউটরিচ অধিবেশনে অংশ নেওয়ার জন্য আমন্ত্রণ জানিয়েছে ভারত। গত জুলাইয়ে ঢাকায় ভারতীয় হাইকমিশনের মাধ্যমে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ে একটি কূটনৈতিক পত্র পাঠিয়ে এই আমন্ত্রণ জানানো হয়।

এরপরই গত প্রায় এক মাস ধরে আলোচনা চলছে, ওই সম্মেলনে অংশ নিতে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ভারত সফরে যাবেন কি না।

বাংলাদেশের বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হয়েছে, এই সফরে তারেক রহমান না যাওয়ার সম্ভাবনাই বেশি।

ইমামুল

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

ফের দেশের বাজারে বাড়ল সোনার দাম

ফের দেশের বাজারে বাড়ল সোনার দাম

নিজস্ব প্রতিবেদক: দেশের বাজারে টানা তৃতীয়বারের মতো স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এবার ভরিতে ১ হাজার ১৩৩ টাকা... বিস্তারিত