ঢাকা, রবিবার, ২ আগস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩

কবে শুরু হচ্ছে ঢাবির ভর্তি আবেদন, জানাল কর্তৃপক্ষ

২০২৬ আগস্ট ০২ ১৪:৫৯:০১

কবে শুরু হচ্ছে ঢাবির ভর্তি আবেদন, জানাল কর্তৃপক্ষ

নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তির অনলাইন আবেদন আগামী ১১ নভেম্বর ২০২৬ দুপুর ১২টা থেকে শুরু হবে। আবেদন চলবে ২৫ নভেম্বর ২০২৬ রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।

রোববার (২ আগস্ট) নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন মিলনায়তনে অনুষ্ঠিত সাধারণ ভর্তি কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম।

সভায় প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালাম, প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরী, অনলাইন ভর্তি কমিটির আহ্বায়ক, বিভিন্ন অনুষদের ডিন, হলগুলোর প্রাধ্যক্ষ, বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, বিভিন্ন ইনস্টিটিউটের পরিচালক এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভায় জানানো হয়, ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে পাঁচটি ইউনিটের মাধ্যমে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ইউনিটগুলো হলো—‘কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট’, ‘বিজ্ঞান ইউনিট’, ‘ব্যবসায় শিক্ষা ইউনিট’, ‘চারুকলা ইউনিট’ এবং ‘আইবিএ ইউনিট’।

নির্ধারিত সময়সূচি অনুযায়ী, ‘আইবিএ ইউনিট’-এর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ৫ ডিসেম্বর ২০২৬ (শনিবার), ‘বিজ্ঞান ইউনিট’-এর ১২ ডিসেম্বর (শনিবার), ‘কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট’-এর ১৯ ডিসেম্বর (শনিবার), ‘চারুকলা ইউনিট’-এর (সাধারণ জ্ঞান ও অঙ্কন) ২২ ডিসেম্বর (মঙ্গলবার) এবং ‘ব্যবসায় শিক্ষা ইউনিট’-এর ২৬ ডিসেম্বর (শনিবার)।

‘আইবিএ ইউনিট’ ছাড়া সব ইউনিটের পরীক্ষা সকাল ১১টা থেকে দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত অনুষ্ঠিত হবে। ‘আইবিএ ইউনিট’-এর পরীক্ষা হবে সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত। চারুকলা ও আইবিএ ইউনিট ছাড়া অন্য তিনটি ইউনিটের ভর্তি পরীক্ষা ঢাকাসহ আটটি বিভাগীয় শহরে অনুষ্ঠিত হবে। বিভাগীয় কেন্দ্রগুলো হলো রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, বরিশাল বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ এবং বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়।

সভায় চারুকলা ও আইবিএ ইউনিট ছাড়া অন্য ইউনিটগুলোর পরীক্ষায় ৬০ নম্বরের এমসিকিউ এবং ৪০ নম্বরের লিখিত পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত হয়। চারুকলা ইউনিটে ৪০ নম্বরের এমসিকিউ ও ৬০ নম্বরের অঙ্কন পরীক্ষা অনুষ্ঠিত হবে। আর আইবিএ ইউনিটে থাকবে ৭০ নম্বরের এমসিকিউ এবং ৩০ নম্বরের বর্ণনামূলক পরীক্ষা।

চারুকলা ইউনিটে এমসিকিউ পরীক্ষার জন্য ৩০ মিনিট এবং অঙ্কন পরীক্ষার জন্য ৬০ মিনিট সময় নির্ধারণ করা হয়েছে। আইবিএ ইউনিটে এমসিকিউ পরীক্ষার জন্য ৯০ মিনিট ও বর্ণনামূলক অংশের জন্য ৩০ মিনিট সময় থাকবে। অন্য ইউনিটগুলোর ক্ষেত্রে এমসিকিউ ও লিখিত পরীক্ষার জন্য পৃথকভাবে ৪৫ মিনিট করে সময় নির্ধারণ করা হয়েছে।

ভর্তি পরীক্ষায় মোট ১২০ নম্বরের ভিত্তিতে মূল্যায়ন করা হবে। এর মধ্যে ভর্তি পরীক্ষার জন্য থাকবে ১০০ নম্বর এবং মাধ্যমিক/সমমান ও উচ্চ মাধ্যমিক/সমমান পরীক্ষার ফলাফলের ওপর থাকবে ২০ নম্বর।

আবেদনকারীদের ন্যূনতম যোগ্যতা হিসেবে ২০২১ থেকে ২০২৪ সালের মধ্যে মাধ্যমিক বা সমমান এবং ২০২৬ সালের উচ্চ মাধ্যমিক বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।

বিজ্ঞান ইউনিটে আবেদন করতে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক (৪র্থ বিষয়সহ) পরীক্ষার জিপিএর যোগফল ন্যূনতম ৮.০ এবং পৃথকভাবে ন্যূনতম ৩.৫ থাকতে হবে। তবে উচ্চ মাধ্যমিক ও মাদ্রাসা শিক্ষা বোর্ডের মানবিক ও বাণিজ্য বিভাগের শিক্ষার্থীরাও আবেদন করতে পারবেন। সেক্ষেত্রে জিপিএর যোগফল ন্যূনতম ৭.৫ এবং পৃথকভাবে ন্যূনতম ৩.০ থাকতে হবে।

কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটে আবেদনের জন্য জিপিএর যোগফল ন্যূনতম ৭.৫ এবং পৃথকভাবে ৩.০ থাকতে হবে। তবে উচ্চ মাধ্যমিক ও মাদ্রাসা শিক্ষা বোর্ডের বিজ্ঞান ও বাণিজ্য বিভাগের শিক্ষার্থীরাও আবেদন করতে পারবেন। বিজ্ঞান বিভাগের ক্ষেত্রে জিপিএর যোগফল ন্যূনতম ৮.০ ও পৃথকভাবে ৩.৫ এবং বাণিজ্য বিভাগের ক্ষেত্রে জিপিএর যোগফল ৭.৫ ও পৃথকভাবে ৩.০ থাকতে হবে।

ব্যবসায় শিক্ষা ইউনিটে আবেদনের জন্য জিপিএর যোগফল ন্যূনতম ৭.৫ এবং পৃথকভাবে ৩.০ থাকতে হবে। বিজ্ঞান ও মানবিক বিভাগের শিক্ষার্থীরাও আবেদন করতে পারবেন। সেক্ষেত্রে বিজ্ঞান বিভাগের জন্য জিপিএর যোগফল ৮.০ ও পৃথকভাবে ৩.৫ এবং মানবিক বিভাগের জন্য জিপিএর যোগফল ৭.৫ ও পৃথকভাবে ৩.০ থাকতে হবে।

চারুকলা ইউনিটে আবেদন করতে জিপিএর যোগফল ন্যূনতম ৬.৫ এবং পৃথকভাবে ৩.০ থাকতে হবে।

সভায় আরও সিদ্ধান্ত হয়, ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষায় ইংরেজি মাধ্যমের শিক্ষার্থীদের জন্য তাদের কারিকুলাম অনুযায়ী পৃথক প্রশ্নপত্র প্রণয়ন করা হবে।

এ ছাড়া ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের ক্লাস আগামী ২৮ মার্চ ২০২৭ থেকে শুরু হবে বলে সভায় সিদ্ধান্ত গৃহীত হয়।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

আজকের বাজারে স্বর্ণের দাম (২ আগস্ট)

আজকের বাজারে স্বর্ণের দাম (২ আগস্ট)

নিজস্ব প্রতিবেদক: দেশের বাজারে সর্বশেষ মূল্য সমন্বয়ের পর রোববার (২ আগস্ট) আগের নির্ধারিত দামেই বিক্রি হচ্ছে স্বর্ণ। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন... বিস্তারিত