ঢাকা, সোমবার, ১০ আগস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩
জলাবদ্ধতার মধ্যে এইচএসসি পরীক্ষা, কলেজের ৭ শিক্ষক বদলি
নিজস্ব প্রতিবেদক: জলাবদ্ধতার মধ্যেই এইচএসসি পরীক্ষা আয়োজন এবং পরীক্ষা ব্যবস্থাপনা নিয়ে সমালোচনার পর কুমিল্লা সরকারি মহিলা কলেজের সাত শিক্ষককে একযোগে বদলি করেছে সরকার। শুক্রবার (২৪ জুলাই) কলেজ কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করেছে। একসঙ্গে সাত শিক্ষকের বদলির ঘটনায় জেলার শিক্ষাঙ্গনে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।
বৃহস্পতিবার (২৩ জুলাই) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সরকারি কলেজ-২ শাখার উপসচিব মো. আ. কুদ্দুস স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ বদলির আদেশ জারি করা হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, কলেজের উপাধ্যক্ষ একেএম জহিরুল আলমকে চৌদ্দগ্রামের চিওড়া সরকারি কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগে, গণিত বিভাগের অধ্যাপক মো. আবদুল মালেককে কক্সবাজার সরকারি কলেজে, উদ্ভিদবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক কনক বড়ুয়াকে নোয়াখালীর হাতিয়া দ্বীপ সরকারি কলেজে, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মুহাম্মদ উল্লাহ মজুমদারকে লক্ষ্মীপুর সরকারি কলেজে, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক নূর মোহাম্মদ নূর উল্লাহকে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর সরকারি কলেজে, হিসাববিজ্ঞান বিভাগের প্রভাষক মো. আল-আমিনকে সিলেটের বিয়ানীবাজার সরকারি কলেজে এবং ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ মহসীনকে বরগুনা সরকারি কলেজে বদলি করা হয়েছে। তাদের আগামী ২৯ জুলাইয়ের মধ্যে বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত করার নির্দেশ দেওয়া হয়েছে।
কুমিল্লা সরকারি মহিলা কলেজ সূত্র জানায়, উপাধ্যক্ষ একেএম জহিরুল আলম সরাসরি পরীক্ষা ব্যবস্থাপনার দায়িত্বে ছিলেন না। গণিত বিভাগের অধ্যাপক মো. আবদুল মালেক জ্যেষ্ঠ শিক্ষকদের অনীহার কারণে ভারপ্রাপ্ত দায়িত্ব পালন করছিলেন। উদ্ভিদবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক কনক বড়ুয়া ছিলেন পরীক্ষা কমিটির আহ্বায়ক এবং সহযোগী অধ্যাপক মোহাম্মদ মহসীন ছিলেন শিক্ষক পরিষদের সম্পাদক।
উল্লেখ্য, গত ১৩ জুলাই ভারী বর্ষণে কুমিল্লা সরকারি মহিলা কলেজ প্রাঙ্গণ পানিতে তলিয়ে যায়। জলাবদ্ধতার মধ্যেই পরীক্ষার্থীদের এইচএসসি পরীক্ষায় অংশ নিতে হয়, এতে তারা চরম দুর্ভোগে পড়েন। পরে কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু ডিঙি নৌকার ব্যবস্থা করে পরীক্ষার্থীদের কেন্দ্রে পৌঁছে দেন। নৌকায় করে পরীক্ষাকেন্দ্রে যাওয়ার সেই ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা ভাইরাল হয় এবং দেশজুড়ে ব্যাপক সমালোচনার জন্ম দেয়। এ ঘটনায় এইচএসসি পরীক্ষার্থীদের আন্দোলনের মুখেও পড়েন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। বিষয়টি প্রধানমন্ত্রীর দৃষ্টিগোচর হলে তিনি শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর জন্য সিটি করপোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপুকে নির্দেশ দেন।
পরবর্তীতে গত ১৮ জুলাই কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী কলেজটি পরিদর্শন করেন। এ সময় তিনি জলাবদ্ধতা ও পরীক্ষা ব্যবস্থাপনা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। কলেজ শিক্ষকদের সঙ্গে বৈঠকে তিনি বলেন, এ ঘটনার কারণে সরকার ও শিক্ষা মন্ত্রণালয়ের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে।
নাম প্রকাশ না করার শর্তে কুমিল্লা শিক্ষা বোর্ডের এক কর্মকর্তা বলেন, একটি শিক্ষা প্রতিষ্ঠানে একসঙ্গে এতসংখ্যক শিক্ষক বদলির ঘটনা এটিই প্রথম। এটি শিক্ষা মন্ত্রণালয়ের সিদ্ধান্ত। ওই ঘটনায় সংশ্লিষ্টদের কোনো ত্রুটি ছিল কি না, তা মন্ত্রণালয় খতিয়ে দেখছে।
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স শেষপর্বের ফল প্রকাশ
- জুলাই স্মৃতি জাদুঘরে যেতে টিকিট কাটবেন যেভাবে
- ভাতা-উপবৃত্তির আবেদন শুরু, জেনে নিন পদ্ধতি
- মালয়েশিয়াকে ৮৯ রানে হারিয়ে সিরিজে এগিয়ে বাংলাদেশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৯ আগস্ট)
- এক ক্লিকে জেনে নিন আইফোন ১৮ প্রো ম্যাক্সের দাম ও ফিচার
- পাঁচ দপ্তরে নতুন সচিব নিয়োগ দিল সরকার
- নবম জাতীয় পে-স্কেল নিয়ে সর্বশেষ যা জানা গেল
- আজকের বাজারে স্বর্ণ-রুপার দাম (৫ আগস্ট)
- কবে হবে মেডিকেল ভর্তি পরীক্ষা, জানা গেল যা
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ আগস্ট)
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ আগস্ট)
- রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড: ঢাবির কয়েকজন শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা
- দাখিল ও কারিগরি বোর্ডের ফল দেখবেন যেভাবে
- পিএসসিতে আরও চার সদস্য নিয়োগ