ঢাকা, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩

‘জুলাই সনদ নিয়ে বিরোধী দল জনগণকে বিভ্রান্ত করছে’

২০২৬ জুলাই ১৭ ১৬:১০:৩২

‘জুলাই সনদ নিয়ে বিরোধী দল জনগণকে বিভ্রান্ত করছে’

নিজস্ব প্রতিবেদক: জুলাই সনদ ইস্যুতে বিরোধী দল জনগণকে বিভ্রান্ত করছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, জুলাই সনদে স্বাক্ষরকারী দলগুলো এর বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ এবং নির্বাচিত সরকার তাদের নির্বাচনী ইশতেহার অনুযায়ী তা বাস্তবায়ন করবে।

শুক্রবার (১৭ জুলাই) জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে বিশিষ্ট রাষ্ট্রবিজ্ঞানী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক এমাজউদ্দীন আহমদের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘আমরা আজকে অনেকগুলো প্রশ্নের সম্মুখীন হচ্ছি। আমাদের বিরোধী দল থেকে বলা হচ্ছে, জুলাই সনদ বাস্তবায়নের দাবি সংসদে আদায় না হলে রাজপথের ফয়সালা হবে। আমার কাছে মনে হয়, জনগণকে বিভ্রান্ত করার জন্য এই প্রশ্ন তোলা হচ্ছে। জুলাই সনদ আমরা স্বাক্ষর করেছি একসঙ্গে। যে সমস্ত দল আমরা আন্দোলন করেছি, তারাও সবাই এতে স্বাক্ষর করেছে। জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়নের বিষয়ে আমরা বারবার বলেছি এবং আমরা এ বিষয়ে অঙ্গীকারবদ্ধ।’

গণভোট প্রসঙ্গে তিনি বলেন, ‘যে গণভোটের কথা বলা হচ্ছে, সেই গণভোটের একটি অংশ নিয়ে আমাদের সঙ্গে কোনো আলোচনাই হয়নি। আমরা বারবার বলেছি, উচ্চকক্ষে আনুপাতিক হারে প্রতিনিধিত্বের বিষয়ে আমরা কখনোই একমত হইনি। সে সময় আমি নিজেই বিবৃতি দিয়েছিলাম যে জাতির সঙ্গে প্রতারণা করা হয়েছে। সংস্কার কমিশন যেভাবে বিষয়গুলো উপস্থাপন করেছে, তা আমাদের সম্মতি ছাড়াই করা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘জুলাই সনদের বইটি পড়লে দেখা যাবে, সেখানে স্পষ্টভাবে উল্লেখ আছে যে দল নির্বাচিত হবে, তারা তাদের নির্বাচনী ইশতেহার অনুযায়ী সনদ বাস্তবায়ন করবে। আমরা বারবার এই অবস্থানের কথাই বলে আসছি এবং এ বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ। যেমন ৩১ দফা বাস্তবায়নে আমরা প্রতিশ্রুতিবদ্ধ, তেমনি জুলাই সনদ বাস্তবায়নেও আমরা প্রতিশ্রুতিবদ্ধ। তবে আমরা আমাদের নির্ধারিত পদ্ধতিতেই তা বাস্তবায়নের কথা বলছি। বিরোধী দল সম্পূর্ণ ভুল ব্যাখ্যা দিয়ে বলছে যে আমরা জুলাই সনদ বাস্তবায়ন করতে চাই না।’

মির্জা ফখরুল তার বক্তব্যে উল্লেখ করেন, গতকাল কাকরাইলের আইডিবি ভবনের মিলনায়তনে ‘জুলাই সনদ দিবস’ উপলক্ষে এক অনুষ্ঠানে বিরোধী দলের এক নেতা বলেন, ‘জুলাই সনদ বাস্তবায়নের দাবি সংসদে আদায় না হলে রাজপথে ফয়সালা হবে। গণভোটের রায় মেনে সংবিধান সংস্কার পরিষদ গঠন করতে হবে। সংবিধানে সংশোধনের নামে কোনো ভাঁওতাবাজি জনগণ মেনে নেবে না।’

প্রফেসর এমাজ উদ্দিন আহমেদ রিসার্চ সেন্টার ও জাতীয় সাংবাদিক সমিতির যৌথ আয়োজনে জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে এই স্মরণসভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান শেষে প্রয়াত অধ্যাপক এমাজউদ্দীন আহমদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

জাতীয় এর অন্যান্য সংবাদ

বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম

বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক বাজারে টানা ঊর্ধ্বগতির পর বুধবার স্বর্ণের দাম কমেছে। তেলের দাম বাড়তে থাকায় মূল্যস্ফীতি এবং যুক্তরাষ্ট্রের সুদের হার... বিস্তারিত