ঢাকা, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩

এইচএসসি পরীক্ষা নিয়ে সরকারের অবস্থান জানালেন উপদেষ্টা

২০২৬ জুলাই ১৫ ১০:৪৬:২৭

এইচএসসি পরীক্ষা নিয়ে সরকারের অবস্থান জানালেন উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক: চলমান এইচএসসি ও সমমানের পরীক্ষা ঘিরে শিক্ষার্থী ও অভিভাবকদের উদ্বেগের মধ্যে সরকারের অবস্থান স্পষ্ট করেছেন প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষাবিষয়ক উপদেষ্টা ড. মাহদী আমিন। তিনি বলেছেন, পরীক্ষার্থীদের নিরাপদ পরিবেশে পরীক্ষা নেওয়া এবং তাদের দীর্ঘদিনের প্রস্তুতির যথাযথ মূল্যায়ন নিশ্চিত করাই সরকারের প্রধান লক্ষ্য। এ কারণে শিক্ষার্থীদের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পরীক্ষা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মঙ্গলবার (১৪ জুলাই) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে ড. মাহদী আমিন জানান, বৈরী আবহাওয়ার মধ্যে পরীক্ষা নেওয়া নিয়ে বিভিন্ন মহলে উদ্বেগ থাকলেও বিষয়টি শিক্ষা মন্ত্রণালয় গুরুত্বের সঙ্গে বিবেচনা করেছে।

তিনি বলেন, দেশের বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, পুলিশ সুপার, শিক্ষা বোর্ডের চেয়ারম্যান, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মতামত এবং সার্বিক পরিস্থিতি বিশ্লেষণ করে সিদ্ধান্ত হয়েছে যে, চট্টগ্রাম শিক্ষা বোর্ড ছাড়া দেশের অন্য সব বোর্ডে পরীক্ষা চালিয়ে যাওয়ার মতো পরিবেশ রয়েছে।

স্ট্যাটাসে তিনি উল্লেখ করেন, পরীক্ষার্থীদের ভবিষ্যৎ, মানসিক প্রস্তুতি এবং দীর্ঘদিনের অধ্যবসায়ের মূল্যায়ন সরকারের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। একই সঙ্গে পরীক্ষাকেন্দ্রে নিরাপদ পরিবেশ নিশ্চিত করাও সরকারের দায়িত্ব। তাই শিক্ষার্থীদের যেন অযথা ভোগান্তিতে পড়তে না হয়, সে বিষয়েও সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।

উপদেষ্টা জানান, শিক্ষা মন্ত্রণালয় কয়েকদিন ধরেই আবহাওয়া অধিদপ্তর এবং জেলা-উপজেলা প্রশাসনের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রেখেছে। মঙ্গলবার সকালে অনুষ্ঠিত এক বৈঠকে বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, পুলিশ সুপার ও শিক্ষা বোর্ডের চেয়ারম্যানদের মতামতের ভিত্তিতেই বর্তমান সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, দেশের ২ হাজার ৬৯৭টি কেন্দ্রে মোট ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে। তবে বন্যায় ক্ষতিগ্রস্ত চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আওতাধীন চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি জেলার পরীক্ষা ইতোমধ্যে ১৬ জুলাই পর্যন্ত স্থগিত করা হয়েছে।

ড. মাহদী আমিন জানান, কোথাও জলাবদ্ধতা বা যাতায়াতে সমস্যা দেখা দিলে স্থানীয় প্রশাসন প্রয়োজনে কেন্দ্র পরিবর্তন, পরীক্ষা স্থগিত বা পরীক্ষার সময় বাড়ানোর মতো সিদ্ধান্ত নিতে পারবে। এছাড়া বৈরী আবহাওয়ার কারণে যদি কোনো শিক্ষার্থী পরীক্ষা দিতে না পারেন, তাহলে তিনি চট্টগ্রাম বোর্ডের স্থগিত পরীক্ষার দিন একই প্রশ্নপত্রে পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পাবেন।

পদার্থবিজ্ঞান প্রথম পত্রের প্রশ্নে দুটি ভুল থাকার বিষয়টি উল্লেখ করে তিনি বলেন, সংশ্লিষ্ট প্রশ্নের জন্য সব পরীক্ষার্থীকে পূর্ণ নম্বর দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা শিক্ষার্থীবান্ধব নীতিরই প্রতিফলন।

কুমিল্লা সরকারি মহিলা কলেজ কেন্দ্রে নৌকায় পরীক্ষার্থী পারাপারের ঘটনাও স্ট্যাটাসে তুলে ধরেন তিনি। জানান, ওই কেন্দ্রে আকস্মিক জলাবদ্ধতার কারণে ৯৮৭ জন পরীক্ষার্থী সাময়িক সমস্যায় পড়লেও জেলা প্রশাসন, পুলিশ, সিটি করপোরেশন ও শিক্ষা বোর্ডের সমন্বিত উদ্যোগে পরীক্ষা এক ঘণ্টা পিছিয়ে দিয়ে পূর্ণ সময় নিশ্চিত করা হয়।

একই সঙ্গে তিনি বলেন, সারা দেশের ২ হাজার ৬৯৭টি কেন্দ্রের মধ্যে কয়েকটি বিচ্ছিন্ন ঘটনার ছবি বা ভিডিও পুরো পরীক্ষা ব্যবস্থার চিত্র নয়। পুরোনো বা বিভ্রান্তিকর ছবি ব্যবহার করে অপপ্রচার কিংবা রাজনৈতিক উদ্দেশ্যে পরিস্থিতিকে ভিন্নভাবে উপস্থাপনের বিরুদ্ধেও তিনি সতর্ক করেন।

স্ট্যাটাসের শেষ অংশে ড. মাহদী আমিন বলেন, বর্তমান সরকার শিক্ষার্থীদের কল্যাণে প্রতিশ্রুতিবদ্ধ। তিনি পরীক্ষার্থীদের উদ্দেশে আহ্বান জানিয়ে বলেন, সব ধরনের অনিশ্চয়তা দূরে রেখে নিজেদের মেধা ও প্রস্তুতির ওপর আস্থা রেখে পরীক্ষায় মনোযোগী হতে হবে। কারণ এই পরীক্ষাই তাদের ভবিষ্যৎ গঠনের গুরুত্বপূর্ণ ধাপ।

সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, শিক্ষার্থীদের নিরাপত্তা, সুষ্ঠু পরীক্ষা গ্রহণ এবং প্রয়োজনে দ্রুত প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি রয়েছে। একই সঙ্গে আগামী পরীক্ষাগুলোও নির্বিঘ্ন ও শিক্ষার্থীবান্ধব পরিবেশে সম্পন্ন করতে সংশ্লিষ্ট সব সংস্থা সমন্বিতভাবে কাজ করবে।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

আজকের বাজারে স্বর্ণের দাম (১১ জুলাই)

আজকের বাজারে স্বর্ণের দাম (১১ জুলাই)

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম বাড়ার পরিপ্রেক্ষিতে দেশে ফের বাড়ানো হয়েছে স্বর্ণের দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন... বিস্তারিত