ঢাকা, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩
তরুণ উদ্যোক্তারাই আগামীর বাংলাদেশ গড়বে: প্রধানমন্ত্রী
পার্থ হক: তরুণদের উদ্ভাবনী চিন্তা, সৃজনশীলতা ও উদ্যোক্তা সম্ভাবনাকে জাতীয় উন্নয়নের মূলধারায় যুক্ত করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, আগামী দিনের বাংলাদেশ গঠনে তরুণ উদ্যোক্তারাই হবে অন্যতম চালিকাশক্তি। মঙ্গলবার (১৪ জুলাই) ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত ‘তারুণ্য, স্টার্টআপ ও সম্ভাবনার বাংলাদেশ’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে বিশ্ববিদ্যালয়ের সহযোগিতায় সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উদ্যোগে অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম।
অনুষ্ঠানে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম এবং প্রধানমন্ত্রীর ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিবিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সূচনা বক্তব্য দেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের ভারপ্রাপ্ত সচিব মো. মামুনুর রশীদ ভূঞা এবং স্বাগত বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. মো. মোর্শেদ হাসান খান।
অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল ‘জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্ম’-এর উদ্বোধন। এই ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে উদ্যোক্তারা সরকারি সহায়তা, প্রশিক্ষণ, মেন্টরিং, বিনিয়োগের সুযোগ, অংশীদার প্রতিষ্ঠানের সংযোগসহ বিভিন্ন সেবা এক জায়গা থেকেই গ্রহণ করতে পারবেন।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, তরুণদের উদ্ভাবনী চিন্তা ও সৃজনশীল উদ্যোগ দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি এবং সামাজিক অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি উদ্যোক্তাদের উদ্দেশে বলেন, সফলতার পথে নানা বাধা ও প্রতিকূলতা থাকলেও দৃঢ় মনোবল, অধ্যবসায় ও আত্মবিশ্বাস থাকলে সেই চ্যালেঞ্জ অতিক্রম করা সম্ভব।
নিজের অভিজ্ঞতার কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, জীবনের বিভিন্ন পর্যায়ে তিনি নানা প্রতিকূলতা, মানসিক ও শারীরিক নির্যাতন এবং অপমানের মুখোমুখি হয়েছেন। দীর্ঘ সংগ্রাম ও ধৈর্যের মাধ্যমেই তিনি বর্তমান অবস্থানে পৌঁছেছেন। তাই নতুন উদ্যোক্তাদেরও ধৈর্য ও নিষ্ঠার সঙ্গে এগিয়ে যাওয়ার আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, সরকার উদ্যোক্তাদের পাশে রয়েছে এবং তাদের প্রয়োজনীয় সহায়তা দিতে সর্বোচ্চ চেষ্টা করবে। দেশের বিভিন্ন প্রান্তের তরুণদের উদ্ভাবনী কার্যক্রমের প্রশংসা করে প্রধানমন্ত্রী বলেন, তাদের মেধা ও দক্ষতা ভবিষ্যৎ বাংলাদেশের উন্নয়নের ধারাকে আরও এগিয়ে নেবে।
অনুষ্ঠানে বাংলাদেশের স্টার্টআপ ইকোসিস্টেম নিয়ে একটি তথ্যচিত্র প্রদর্শন করা হয়। পাশাপাশি সফল উদ্যোক্তাদের অভিজ্ঞতা বিনিময়, শিক্ষার্থীদের সঙ্গে প্রধানমন্ত্রীর মুক্ত আলোচনা এবং নির্বাচিত ছয় উদ্যোক্তার মধ্যে অনুদানের চেক বিতরণ করা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে সম্মাননা স্মারকও প্রদান করা হয়।
সভাপতির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম বলেন, এই আয়োজন কেবল একটি অনুষ্ঠান নয়, বরং তরুণদের উদ্ভাবনী চিন্তা ও সম্ভাবনা নিয়ে একটি উন্মুক্ত সংলাপের প্ল্যাটফর্ম। তিনি বলেন, চতুর্থ শিল্পবিপ্লবের এই সময়ে বিশ্ববিদ্যালয়কে উদ্ভাবন ও প্রযুক্তিনির্ভর উদ্যোগের কেন্দ্র হিসেবে গড়ে তুলতে হবে এবং শিক্ষার্থীদের চাকরিপ্রার্থী না হয়ে উদ্যোক্তা হওয়ার মানসিকতা তৈরি করতে হবে।
স্বাগত বক্তব্যে অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান বলেন, তরুণদের উদ্ভাবনী ধারণাকে বাস্তব উদ্যোগে রূপ দিতে সরকার ইতোমধ্যে ৫০০ কোটি টাকার স্টার্টআপ ফান্ড গঠন করেছে। এ উদ্যোগ দেশের উদ্ভাবনভিত্তিক অর্থনীতি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও তিনি আশা প্রকাশ করেন।
উদ্বোধনী পর্ব শেষে প্রধানমন্ত্রী অতিথিদের নিয়ে প্রদর্শনী স্টল পরিদর্শন করেন। এ প্রদর্শনী আগামী ১৫ জুলাই বিকেল ৪টা পর্যন্ত চলবে। অনুষ্ঠানে দেশের আটটি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় ২৫০ জন শিক্ষার্থী ও উদ্যোক্তা অংশ নেন।
অনুষ্ঠানে বক্তারা তরুণদের উদ্ভাবনী সক্ষমতা, প্রযুক্তিনির্ভর দক্ষতা ও উদ্যোক্তা সংস্কৃতির বিকাশে সরকার, বিশ্ববিদ্যালয় এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন। তাদের মতে, এ ধরনের উদ্যোগ জ্ঞানভিত্তিক ও উদ্ভাবননির্ভর বাংলাদেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১১ সেপ্টেম্বর)
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- পে-স্কেলের গেজেট কেন প্রকাশ হচ্ছে না, জানা গেল রহস্যময় তথ্য
- দুই মন্ত্রীর দায়িত্ব বাড়াল সরকার
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ সেপ্টেম্বর)
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- রোববার বিদ্যুৎ থাকবে না অর্ধশতাধিক এলাকায়