ঢাকা, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩
দেশের উন্নয়নে নাগরিকদের দায়িত্বশীল হতে হবে: প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: দেশের সার্বিক উন্নয়নকে আরও গতিশীল করতে সরকারি উদ্যোগের পাশাপাশি নাগরিকদের সচেতনতা ও দায়িত্বশীল আচরণের ওপর জোর দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, উন্নয়নের পথে নানা চ্যালেঞ্জ থাকলেও সম্মিলিত প্রচেষ্টা, সঠিক পরিকল্পনা এবং আন্তরিকতার মাধ্যমে সেসব অতিক্রম করে বাংলাদেশকে আরও এগিয়ে নেওয়া সম্ভব।
সোমবার (৬ জুলাই) বিকেলে বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এক গুরুত্বপূর্ণ সভায় তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব মো. সুজাউদ্দৌলা বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, বিশ্বের অনেক দেশ একসময় বাংলাদেশের চেয়েও পিছিয়ে ছিল। কিন্তু পরিকল্পিত উদ্যোগ, দায়িত্বশীল নেতৃত্ব এবং সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে তারা উন্নয়নের নতুন উচ্চতায় পৌঁছেছে। বাংলাদেশকেও একই পথ অনুসরণ করে এগিয়ে যেতে হবে।
সভায় নিরাপদ খাদ্য নিশ্চিত করা, পণ্যের মান নিয়ন্ত্রণ এবং ভেজালবিরোধী অভিযান পরিচালনাকারী বিভিন্ন প্রতিষ্ঠানের কার্যক্রম, সীমাবদ্ধতা ও চ্যালেঞ্জ নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সংশ্লিষ্ট কর্মকর্তাদের বক্তব্য শোনার পর প্রধানমন্ত্রী দ্রুত সমস্যাগুলো শনাক্ত করে কার্যকর সমাধানের নির্দেশনা দেন।
একই সঙ্গে ভেজালবিরোধী কার্যক্রম পরিচালনাকারী প্রতিষ্ঠানগুলোর সক্ষমতা বাড়াতে তিন সদস্যের একটি উচ্চপর্যায়ের কমিটি গঠনের নির্দেশ দেন তিনি।
প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী, জনপ্রশাসনবিষয়ক উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ, জনপ্রশাসন প্রতিমন্ত্রী আব্দুল বারী এবং মন্ত্রিপরিষদ সচিব ড. নাসিমুল গনিকে নিয়ে এই কমিটি গঠন করা হবে।
কমিটিকে আগামী এক মাসের মধ্যে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর তাৎক্ষণিক সমাধানযোগ্য ও দীর্ঘমেয়াদি সমস্যাগুলো চিহ্নিত করে সুপারিশসহ একটি প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
সভায় ভোক্তা অধিকার অধিদপ্তর, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, বিএসটিআই, সিটি করপোরেশন এবং মাঠপর্যায়ে ভ্রাম্যমাণ আদালত ও ভেজালবিরোধী অভিযান পরিচালনাকারী কর্মকর্তারা অংশ নেন।
তারা জেলা পর্যায়ে জনবল সংকট, আধুনিক পরীক্ষাগারের অভাব, অভিযান পরিচালনার জন্য প্রয়োজনীয় সরঞ্জামের ঘাটতি, সিন্ডিকেট ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে ব্যবস্থা নিতে নিরাপত্তাজনিত ঝুঁকি এবং মোবাইল কোর্টের ক্ষমতা বৃদ্ধির প্রয়োজনীয়তার বিষয়গুলো প্রধানমন্ত্রীর সামনে তুলে ধরেন।
প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব জানান, প্রধানমন্ত্রী অত্যন্ত মনোযোগ দিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের বক্তব্য শুনেছেন এবং সমস্যাগুলোর দ্রুত সমাধানে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আশ্বাস দিয়েছেন। এ লক্ষ্যেই উচ্চপর্যায়ের কমিটি গঠনের নির্দেশনা দেওয়া হয়েছে।
সভায় জনসচেতনতার প্রসঙ্গ তুলে ধরে প্রধানমন্ত্রী গুলশান লেকের উদাহরণ দেন। তিনি বলেন, দেশের বিভিন্ন লেক আবর্জনায় ভরে যাচ্ছে এবং দুঃখজনক হলেও অনেক ক্ষেত্রে শিক্ষিত মানুষই সেখানে ময়লা ফেলছেন।
সভা শেষে প্রধানমন্ত্রী বলেন, একটি দেশের উন্নয়ন শুধু সরকারি উদ্যোগের ওপর নির্ভর করে না; নাগরিকদের দায়িত্বশীল আচরণও সমান গুরুত্বপূর্ণ। পরিচ্ছন্নতা, আইন মেনে চলা এবং সামাজিক দায়বদ্ধতার চর্চা বাড়াতে পারলে উন্নয়নের গতি আরও ত্বরান্বিত হবে। তিনি দেশ গঠনের এই প্রক্রিয়ায় সবাইকে সক্রিয়ভাবে অংশ নেওয়ার আহ্বান জানান।
সভায় প্রধানমন্ত্রীর জনপ্রশাসনবিষয়ক উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ, জনপ্রশাসন প্রতিমন্ত্রী আব্দুল বারী, মন্ত্রিপরিষদ সচিব ড. নাসিমুল গনি, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আব্দুস সাত্তার, বাণিজ্য সচিব আতাউর রহমান খান, প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এবং বিএসটিআইয়ের মহাপরিচালক কাজী ইমদাদুল হকসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (১১ সেপ্টেম্বর)
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- পে-স্কেলের গেজেট কেন প্রকাশ হচ্ছে না, জানা গেল রহস্যময় তথ্য
- এসএসসি পুনর্নিরীক্ষণের ফল আজ, জানা যাবে ৩ উপায়ে
- দুই মন্ত্রীর দায়িত্ব বাড়াল সরকার
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ সেপ্টেম্বর)
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ