ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩
ডিজিটাল অগ্রযাত্রায় সাইবার নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: দেশের দ্রুতগতির ডিজিটাল অগ্রযাত্রাকে টেকসই ও নিরাপদ রাখতে সাইবার নিরাপত্তা এবং ডিজিটাল ট্রাস্ট নিশ্চিত করাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। একই সঙ্গে একটি শক্তিশালী জাতীয় সাইবার নিরাপত্তা ব্যবস্থা গড়ে তুলতে তথ্যপ্রযুক্তি শিল্প এবং গণমাধ্যমের অংশীজনদের সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
শুক্রবার (২৬ জুন) রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত ‘ফিনিক্স সামিট ২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সামিটটির মূল আয়োজক ‘দ্য টিম ফিনিক্স গ্রুপ’।
প্রধান অতিথির বক্তব্যে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশ দ্রুতগতিতে একটি ডিজিটাল ভবিষ্যতের দিকে এগিয়ে যাচ্ছে। দৈনন্দিন জীবন, আর্থিক ব্যবস্থা, গণমাধ্যম, শিক্ষা এবং ব্যবসা-বাণিজ্য ক্রমেই প্রযুক্তিনির্ভর হয়ে উঠছে। তবে এই রূপান্তরের সঙ্গে সাইবার নিরাপত্তা এবং ডিজিটাল ট্রাস্ট এখন জাতীয় অগ্রাধিকারের বিষয়ে পরিণত হয়েছে।
তিনি সতর্ক করে বলেন, আর্থিক লেনদেনের নিরাপত্তা বিঘ্নিত হলে কিংবা ডিজিটাল সেবার প্রতি মানুষের আস্থা কমে গেলে দেশের সামগ্রিক অগ্রগতি বাধাগ্রস্ত হতে পারে। তাই একটি কার্যকর জাতীয় সাইবার প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলা এবং দায়িত্বশীল ডিজিটাল রূপান্তর নিশ্চিত করতে সংশ্লিষ্ট সব পক্ষকে একযোগে কাজ করতে হবে।
তথ্যের স্বচ্ছতা এবং জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্ব দিয়ে প্রতিমন্ত্রী বলেন, সাইবার নিরাপত্তা শুধু কোনো প্রতিষ্ঠানের কারিগরি বিষয় নয়, এটি সাধারণ মানুষের সচেতনতার সঙ্গেও সরাসরি সম্পৃক্ত।
তিনি বলেন, নাগরিকদের সাইবার অপরাধ ও গুজব সম্পর্কে সচেতন করা না গেলে ডিজিটাল রূপান্তরের সুফল সবার কাছে পৌঁছে দেওয়া সম্ভব হবে না।
ইয়াসের খান চৌধুরী আশাবাদ ব্যক্ত করে বলেন, ‘ফিনিক্স সামিট ২০২৬’ দেশের জাতীয় সাইবার নিরাপত্তা ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এ ধরনের দূরদর্শী উদ্যোগে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সবসময় পাশে থাকবে বলেও তিনি আশ্বাস দেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্র্যাক ব্যাংক পিএলসি-এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা তারেক রেফাত উল্লাহ খান। উদ্বোধনী অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন শ্যাডোসার্ভার ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা পিওত্র কিজেউস্কি।
এ উদ্যোগ গ্রহণের জন্য আয়োজক প্রতিষ্ঠান ‘দ্য টিম ফিনিক্স গ্রুপ’ (টিটিপিজি)-এর প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক এ এস এম শামীম রেজা এবং কৌশল ও রূপান্তর উপদেষ্টা মো. আবদুল্লাহ ফরিদকে অনুষ্ঠানে বিশেষভাবে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয়।
সম্মেলনে দেশ-বিদেশ থেকে আগত বিপুলসংখ্যক সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ, তথ্যপ্রযুক্তিবিদ, সরকারি-বেসরকারি ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সুধীজন অংশ নেন।
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর
- আজকের খেলার সময়সূচি (৩১ আগস্ট)
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত