ঢাকা, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩

আর্থিক খাতে ৩৯ সংস্কার বাস্তবায়নের ঘোষণা সরকারের

২০২৬ জুন ১৯ ১৫:১০:২৫

আর্থিক খাতে ৩৯ সংস্কার বাস্তবায়নের ঘোষণা সরকারের

ডুয়া ডেস্ক: স্বল্প ও মধ্যম মেয়াদে আর্থিক খাতের আটটি নীতি বাস্তবায়নে মোট ৩৯ ধরনের সংস্কার আনার পরিকল্পনা নিয়েছে সরকার। আগামী তিন অর্থবছরে এসব সংস্কার বাস্তবায়নের অঙ্গীকার করা হয়েছে। লক্ষ্য হলো ২০৩৪ সালের মধ্যে অর্থনীতিকে একটি ট্রিলিয়ন ডলারে উন্নীত করা।

রাজস্ব নীতি, মুদ্রানীতি, বিনিময় হার, বহিঃখাত নীতি, সামাজিক সুরক্ষা, আর্থিক খাত উন্নয়ন, বিনিয়োগ ও ব্যবসা পরিবেশ উন্নয়ন এবং কাঠামোগত প্রাতিষ্ঠানিক সংস্কার এই আটটি ক্ষেত্রকে কেন্দ্র করেই এসব নীতি গ্রহণ করা হয়েছে। গত ১১ জুন জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট উপস্থাপনের সময় অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এসব বিষয় তুলে ধরেন।

বাজেট বক্তব্যে অর্থমন্ত্রী বলেন, বাজেটে অগ্রাধিকার দেওয়া হয়েছে সবার জন্য উন্নয়ন, মানসম্মত শিক্ষা ও স্বাস্থ্যসেবা, সার্বজনীন সামাজিক সুরক্ষা, বিনিয়োগনির্ভর কর্মসংস্থান ও উৎপাদনমুখী অর্থনীতি। পাশাপাশি সহজ ও সাশ্রয়ী ব্যবসা পরিবেশ, আর্থিক খাতের স্থিতিশীলতা, জ্বালানি নিরাপত্তা, তথ্য ও যোগাযোগ প্রযুক্তির বিকাশ এবং পরিবেশ ও পানি সম্পদ ব্যবস্থাপনায় গুরুত্ব দেওয়া হয়েছে।

মধ্যমেয়াদি সামষ্টিক অর্থনৈতিক নীতি বিবৃতিতে সরকারের পরিকল্পনা বিস্তারিতভাবে তুলে ধরা হয়েছে।

রাজস্ব নীতি

২০২৬-২৭ অর্থবছরে রাজস্ব নীতির লক্ষ্য থাকবে আর্থিক শৃঙ্খলা বজায় রেখে উন্নয়ন ব্যয় সম্প্রসারণ। ২০২৭-২৮ ও ২০২৮-২৯ অর্থবছরে ঋণ ও ঘাটতির ঝুঁকি নিয়ন্ত্রণে রেখে অবকাঠামো ও মানবসম্পদ উন্নয়নে বিনিয়োগ বাড়ানোর পরিকল্পনা রয়েছে। এ লক্ষ্য পূরণে এডিপি অগ্রাধিকার, কর সংস্কার, সরকারি ব্যয় যৌক্তিকীকরণ, লক্ষ্যভিত্তিক ভর্তুকি ও সামাজিক সুরক্ষা কর্মসূচির উন্নয়ন আনা হবে।

মুদ্রানীতি

আগামী অর্থবছরে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রেখে সতর্কতার সঙ্গে মুদ্রানীতি শিথিল করার পরিকল্পনা রয়েছে। পরবর্তী দুই বছরে ধীরে ধীরে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের মাধ্যমে প্রবৃদ্ধি সহায়ক মুদ্রা পরিবেশ গড়ে তোলার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এ ক্ষেত্রে নীতি সুদহার ব্যবস্থাপনা, রিজার্ভ বৃদ্ধি, সুদহার করিডোর, তারল্য ব্যবস্থাপনা এবং মূল্যস্ফীতি পর্যবেক্ষণ কাঠামো সংস্কার করা হবে।

বহিঃখাত নীতি

রপ্তানি সক্ষমতা বৃদ্ধি এবং বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্তিশালী করাই আগামী অর্থবছরের প্রধান লক্ষ্য। পরবর্তী দুই অর্থবছরে রপ্তানি বহুমুখীকরণ, বৈশ্বিক ভ্যালু চেইনে সংযুক্তি এবং বহিঃখাতের স্থিতিশীলতা বাড়ানোর পরিকল্পনা রয়েছে। বাণিজ্য সহজীকরণ, রপ্তানি বৈচিত্র্যকরণ, বাণিজ্য আলোচনা ও সরাসরি বৈদেশিক বিনিয়োগ (এফডিআই) বাড়ানো হবে।

বিনিময় হার নীতি

আগামী অর্থবছরে সীমিত হস্তক্ষেপের মাধ্যমে বাজারভিত্তিক বিনিময় হার ব্যবস্থা পরিচালনা করা হবে। পরবর্তী সময়ে রিজার্ভ পুনর্গঠন ও বহিঃখাত উন্নয়নের মাধ্যমে বিনিময় হার আরও গতিশীল ও সুসংহত করার পরিকল্পনা রয়েছে। এ ক্ষেত্রে বাজারভিত্তিক ব্যবস্থা, রিজার্ভ ব্যবস্থাপনা, বৈদেশিক মুদ্রা বাজার পর্যবেক্ষণ ও রেমিট্যান্স প্রণোদনা দেওয়া হবে।

সামাজিক সুরক্ষা নীতি

আগামী অর্থবছরে লক্ষ্যভিত্তিক সামাজিক নিরাপত্তা কর্মসূচি সম্প্রসারণ করা হবে। পরবর্তী দুই বছরে ডিজিটাল প্রযুক্তিনির্ভর সমন্বিত সামাজিক নিরাপত্তা বেষ্টনী গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড সম্প্রসারণ, ওএমএস কার্যক্রম বৃদ্ধি, ডায়নামিক সোশ্যাল রেজিস্ট্রি এবং ডিজিটাল জিটুপি পেমেন্ট ব্যবস্থা চালু করা হবে।

আর্থিক খাত সংস্কার

ব্যাংকিং খাতে সুশাসন ও শৃঙ্খলা জোরদার করা হবে আগামী অর্থবছরের লক্ষ্য। পরবর্তী দুই বছরে আর্থিক মধ্যস্থতা ব্যবস্থাকে শক্তিশালী করা এবং উৎপাদনশীল খাতে ঋণের সঠিক ব্যবহার নিশ্চিত করার পরিকল্পনা রয়েছে। ব্যাংকিং তদারকি, খেলাপি ঋণ কমানো, ডিজিটাল আর্থিক সেবা, পুঁজিবাজার উন্নয়ন এবং সুশাসন নিশ্চিত করতে সংস্কার আনা হবে।

বিনিয়োগ ও ব্যবসার পরিবেশ সংস্কার

বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করাই আগামী অর্থবছরের লক্ষ্য। পরবর্তী দুই বছরে বেসরকারি খাতনির্ভর প্রবৃদ্ধি এবং পিপিপি অবকাঠামো উন্নয়ন জোরদার করা হবে। ওয়ানস্টপ বিনিয়োগ সেবা, অর্থনৈতিক অঞ্চল উন্নয়ন, ডিজিটাল লাইসেন্সিং এবং ডিরেগুলেশন কার্যক্রম নেওয়া হবে।

কাঠামোগত ও প্রাতিষ্ঠানিক সংস্কার

সুশাসন ও প্রাতিষ্ঠানিক সংস্কার নিশ্চিত করাই আগামী অর্থবছরের মূল লক্ষ্য। পরবর্তী দুই বছরে প্রতিযোগিতা সক্ষমতা, উৎপাদনশীলতা ও দীর্ঘমেয়াদি অর্থনৈতিক সহনশীলতা বাড়াতে সংস্কার কার্যক্রম আরও গভীর করা হবে। ডিজিটাল সুশাসন, অটোমেশন, নীতি সমন্বয় এবং প্রাতিষ্ঠানিক শক্তিশালীকরণে উদ্যোগ নেওয়া হবে।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

আজকের বাজারে স্বর্ণের দাম (১৯ জুন)

আজকের বাজারে স্বর্ণের দাম (১৯ জুন)

নিজস্ব প্রতিবেদক: দেশের স্বর্ণবাজারে আবারও দাম বেড়েছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) নতুন করে স্বর্ণের মূল্য সমন্বয় করে ২২ ক্যারেটের প্রতি... বিস্তারিত