ঢাকা, বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩

রোহিঙ্গা প্রত্যাবাসন জটিল ও বহুমাত্রিক আন্তর্জাতিক ইস্যু: পররাষ্ট্রমন্ত্রী

২০২৬ জুন ১৭ ১৯:২০:৫১

রোহিঙ্গা প্রত্যাবাসন জটিল ও বহুমাত্রিক আন্তর্জাতিক ইস্যু: পররাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: রোহিঙ্গা প্রত্যাবাসন একটি অত্যন্ত জটিল, সংবেদনশীল এবং বহুমাত্রিক আন্তর্জাতিক বিষয় বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। তাঁর মতে, এ সমস্যার সমাধানের গতি অনেকাংশেই নির্ভর করছে রাখাইন রাজ্যের নিরাপত্তা পরিস্থিতি, আন্তর্জাতিক চাপ এবং সর্বোপরি মিয়ানমার কর্তৃপক্ষের সদিচ্ছার ওপর।

বুধবার (১৭ জুন) বিকেলে জাতীয় সংসদের বাজেট অধিবেশনে চট্টগ্রাম-১৫ আসনের এমপির উত্থাপিত তারকা চিহ্নিত প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রমের সভাপতিত্বে এ অধিবেশন অনুষ্ঠিত হয়।

পররাষ্ট্রমন্ত্রী জানান, রাখাইন রাজ্যে দীর্ঘদিন ধরে জাতিগত সংঘাত ও যুদ্ধাবস্থা বিরাজ করছে। আন্তর্জাতিক আইন অনুযায়ী কোনো শরণার্থীকে জোরপূর্বক বা অনিরাপদ পরিবেশে ফেরত পাঠানো সম্ভব নয়। তবে সরকার রাখাইন অঞ্চলে স্থিতিশীল পরিবেশ তৈরির লক্ষ্যে মিয়ানমার সরকার ও আরাকান আর্মির মধ্যে কার্যকর সংলাপের ক্ষেত্র তৈরি করতে কাজ করছে।

তিনি বলেন, প্রত্যাবাসনের জন্য এখনো কোনো সুনির্দিষ্ট তারিখ বা সময়সীমা নির্ধারণ করা সম্ভব হয়নি। পরিস্থিতি অনুকূলে এলে নিরাপদ ও টেকসই প্রত্যাবাসন শুরুর জন্য সরকারের প্রস্তুতি প্রায় চূড়ান্ত পর্যায়ে রয়েছে। তাঁর ভাষায়, উপযুক্ত সময়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের মাধ্যমে রোহিঙ্গা মুসলমানদের স্থায়ী ও নিরাপদ প্রত্যাবাসন শুরু করাই সরকারের লক্ষ্য।

রোহিঙ্গা ক্যাম্পের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সংসদকে অবহিত করে পররাষ্ট্রমন্ত্রী জানান, সরকারের কঠোর নজরদারি ও বিশেষ টাস্কফোর্সের অভিযানের ফলে ক্যাম্পে অপরাধ প্রবণতা উল্লেখযোগ্যভাবে কমেছে। বিশেষ করে খুনের ঘটনা গত তিন বছরে ধারাবাহিকভাবে হ্রাস পেয়েছে।

সরকারি তথ্যে দেখা যায়, ২০২৩ সালে ক্যাম্পে খুনের ঘটনা ছিল ৬৬টি। ২০২৪ সালে তা কমে ৪৯টিতে নেমে আসে। ২০২৫ সালে আরও কমে দাঁড়ায় ৩৫টিতে। চলতি ২০২৬ সালের প্রথম তিন মাসে খুনের সংখ্যা দাঁড়িয়েছে ৬টিতে।

মন্ত্রী আরও জানান, বর্তমানে বাংলাদেশে আশ্রয় নেওয়া বলপ্রয়োগে বাস্তুচ্যুত রোহিঙ্গার সংখ্যা ১১ লক্ষ ৮৯ হাজার ২১৩ জন। এর মধ্যে ৮ লক্ষ ২৯ হাজার ৩৩৬ জনের তথ্য যাচাই-বাছাইয়ের জন্য মিয়ানমারকে পাঠানো হয়েছে। পাশাপাশি ২০২৬ সালের জয়েন্ট রেসপন্স প্ল্যানের আওতায় ৯১০.৫ মিলিয়ন ডলারের মানবিক সহায়তার আহ্বান জানানো হয়েছে, যার বিপরীতে এখন পর্যন্ত ২৯১ মিলিয়ন মার্কিন ডলার পাওয়া গেছে।

পরিশেষে পররাষ্ট্রমন্ত্রী বলেন, রোহিঙ্গা ইস্যুতে কোনো রাজনৈতিক অবস্থান নয়; বরং বাস্তবসম্মত ও স্থায়ী সমাধানের মাধ্যমে তাদের নিজ দেশে প্রত্যাবাসন নিশ্চিত করতে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার অঙ্গীকারবদ্ধ।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত