ঢাকা, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩
পদত্যাগ করলেন আদ্-দ্বীনের নির্বাহী পরিচালক শেখ মহিউদ্দিন
নিজস্ব প্রতিবেদক: ছয় নবজাতকের মৃত্যুর ঘটনাকে ঘিরে আলোচিত রাজধানীর মগবাজারের আদ্-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালের লাইসেন্স বাতিল করেছে সরকার। এই প্রেক্ষাপটে হাসপাতালটির নির্বাহী পরিচালক ডা. শেখ মহিউদ্দিন দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন এবং তার পরিবর্তে নতুন নির্বাহী পরিচালক হিসেবে দায়িত্ব নিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অণুজীববিজ্ঞান বিভাগের সাবেক অধ্যাপক জামালুন্নেসা।
মঙ্গলবার (১৬ জুন) আদ্-দ্বীন ফাউন্ডেশনের কোম্পানি অ্যাফেয়ার্স বিভাগের পরিচালক তারিকুল ইসলাম মুকুল স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সরকারের নির্দেশনা অনুযায়ী হাসপাতালের অবকাঠামো ও প্রশাসনিক ব্যবস্থাপনায় প্রয়োজনীয় পরিবর্তনের উদ্যোগ নেওয়া হয়েছে। ইতোমধ্যে অবকাঠামোগত উন্নয়ন কার্যক্রম জোরদারভাবে শুরু হয়েছে। হাসপাতালের পরিবেশে পর্যাপ্ত আলো-বাতাসের প্রবাহ এবং অক্সিজেন সরবরাহের উপযোগিতা নিশ্চিত করতে তিনজন স্বাধীন পরামর্শকের তত্ত্বাবধানে বিভিন্ন সংস্কার ও পুনর্বিন্যাস কার্যক্রম পরিচালিত হচ্ছে। একই সঙ্গে করপোরেট কার্যালয়ের ওপর অবস্থিত বেকারিটি সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হয়েছে।
এদিকে, নির্বাহী পরিচালক হিসেবে দায়িত্ব পালন করা ডা. শেখ মহিউদ্দিন স্বেচ্ছায় পদত্যাগ করেছেন। পরিচালনা পর্ষদ তার স্থলাভিষিক্ত হিসেবে অধ্যাপক জামালুন্নেসাকে দায়িত্ব দিয়েছে।
অধ্যাপক জামালুন্নেসা ঢাকা বিশ্ববিদ্যালয়ের অণুজীববিজ্ঞান বিভাগে ২৫ বছরেরও বেশি সময় শিক্ষকতা করেছেন। সম্প্রতি তিনি স্বেচ্ছায় অবসর গ্রহণ করেন। ১৯৮৮ সালে তিনি একই বিভাগের মাস্টার্স পরীক্ষায় প্রথম শ্রেণিতে প্রথম স্থান অর্জন করেন। পরবর্তীতে যুক্তরাজ্যের লন্ডন স্কুল অব হাইজিন অ্যান্ড ট্রপিকাল মেডিসিন থেকে পিএইচডি ডিগ্রি লাভ করেন।
অলাভজনক প্রতিষ্ঠান হিসেবে আদ্-দ্বীন ফাউন্ডেশন ১৯৮০ সাল থেকে স্বাস্থ্যসেবা, চিকিৎসা শিক্ষা, সাধারণ শিক্ষা, প্রশিক্ষণ এবং আয়বর্ধক বিভিন্ন কর্মসূচির মাধ্যমে দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে কাজ করে আসছে। বর্তমানে প্রতিষ্ঠানটির অধীনে ৯টি হাসপাতাল, ৫টি মেডিকেল কলেজ, একটি নার্সিং কলেজ, ৪টি নার্সিং ইনস্টিটিউট, একটি ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজি, একটি কলেজিয়েট স্কুল এবং বিভিন্ন ভ্রাম্যমাণ স্বাস্থ্যসেবা কার্যক্রম পরিচালিত হচ্ছে।
ফাউন্ডেশনের তথ্য অনুযায়ী, মগবাজারের আদ্-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল গত ২৯ বছরে ১ কোটি ৫৭ লাখ ৭৩ হাজার ২৯১ জন রোগীকে চিকিৎসাসেবা দিয়েছে।
চলতি বছরের ১১ জুন পর্যন্ত হাসপাতালটির বহির্বিভাগে প্রতিদিন গড়ে প্রায় দুই হাজার রোগী চিকিৎসা নিয়েছেন। বর্তমানে এখানে ১ হাজার ৭৯০ জন চিকিৎসক, নার্স ও অন্যান্য কর্মী কর্মরত রয়েছেন, যাদের বড় একটি অংশ নারী।
এ ছাড়া আদ্-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজে বর্তমানে ২০৯ জন বিদেশি শিক্ষার্থীসহ মোট ৬৪৬ জন শিক্ষার্থী অধ্যয়ন করছেন। চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী ও শিক্ষার্থী মিলিয়ে দুই হাজারেরও বেশি মানুষের শিক্ষা ও পেশাগত ভবিষ্যৎ এ প্রতিষ্ঠানের সঙ্গে সম্পৃক্ত।
প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে, রোগীসেবার মানোন্নয়ন, নিরাপদ চিকিৎসা পরিবেশ নিশ্চিতকরণ এবং জবাবদিহিমূলক ব্যবস্থাপনা বজায় রাখতে তারা প্রতিশ্রুতিবদ্ধ। এসব লক্ষ্য সামনে রেখেই চলমান সংস্কার কার্যক্রম এগিয়ে নেওয়া হচ্ছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১১ সেপ্টেম্বর)
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- পে-স্কেলের গেজেট কেন প্রকাশ হচ্ছে না, জানা গেল রহস্যময় তথ্য
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ সেপ্টেম্বর)
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- রোববার বিদ্যুৎ থাকবে না অর্ধশতাধিক এলাকায়
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- পে-স্কেলের গেজেট নিয়ে যা বলছেন কর্মকর্তারা