ঢাকা, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩

বিআরটি প্রকল্পের অগ্রগতি পর্যালোচনায় প্রধানমন্ত্রীর সভা

২০২৬ জুন ১৪ ১৯:৫৩:২৫

বিআরটি প্রকল্পের অগ্রগতি পর্যালোচনায় প্রধানমন্ত্রীর সভা

নিজস্ব প্রতিবেদক: রাজধানী ও আশপাশের এলাকার গণপরিবহন ব্যবস্থাকে আরও কার্যকর ও আধুনিক করতে চলমান বাস র‌্যাপিড ট্রানজিট (বিআরটি) প্রকল্পের অগ্রগতি পর্যালোচনায় একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে প্রকল্পের বাস্তবায়ন কার্যক্রম, পরিচালন ব্যবস্থা এবং ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

রোববার (১৪ জুন) বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত ওই সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

প্রধানমন্ত্রীর প্রেস উইং এ তথ্য জানিয়েছে।

প্রেস উইং জানায়, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গাজীপুরের জয়দেবপুর পর্যন্ত বিস্তৃত বিআরটি প্রকল্পের বিভিন্ন দিক নিয়ে সভায় বিশেষজ্ঞরা মতামত তুলে ধরেন। বিশেষ করে প্রকল্পের নকশা, স্টেশন ব্যবস্থাপনা, যাত্রীসেবা, পরিচালন কাঠামো এবং সার্বিক কার্যকারিতা নিয়ে তারা পর্যবেক্ষণ ও সুপারিশ উপস্থাপন করেন।

সভায় সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ ও নৌ পরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম, সড়ক পরিবহন ও রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশীদ হাবিব, সড়ক ও মহাসড়ক বিভাগের সচিব মোহাম্মদ জিয়াউল হক, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষক মো. শামসুল হক, মোসলেহ উদ্দীন হাসান, মো. হাদিউজ্জামান ও রাকিব আহসান, সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মঈনুল হাসানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বৈঠকে অংশ নেওয়া সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করেন, প্রকল্পটি পুরোপুরি বাস্তবায়িত হলে রাজধানী ঢাকা ও গাজীপুরের মধ্যে যাতায়াত আরও দ্রুত, নিরাপদ ও সাশ্রয়ী হবে। এ লক্ষ্যে প্রকল্পের বিভিন্ন কারিগরি ও ব্যবস্থাপনাগত বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা ও পরামর্শও সভায় উঠে আসে।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত