ঢাকা, বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩
নির্বাচনী কর্মকর্তাদের জন্য নতুন নীতিমালা জারি করল ইসি
নিজস্ব প্রতিবেদক: নির্বাচনী ও ভোটার তালিকা প্রণয়ন কার্যক্রমে দায়িত্ব পালন করতে গিয়ে কোনো কর্মকর্তা, কর্মচারী বা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য আহত, অসুস্থ কিংবা মৃত্যুর শিকার হলে তাদের বা তাদের পরিবারের জন্য আর্থিক সহায়তার নতুন ব্যবস্থা চালু করেছে নির্বাচন কমিশন (ইসি)। নতুন নীতিমালা অনুযায়ী, ক্ষতির ধরন অনুযায়ী সর্বনিম্ন ৫০ হাজার টাকা থেকে সর্বোচ্চ ১০ লাখ টাকা পর্যন্ত এককালীন অনুদান প্রদান করা হবে।
সম্প্রতি নির্বাচন কমিশন সচিবালয় থেকে ‘নির্বাচনে ও ভোটার তালিকা প্রণয়ন সংক্রান্ত কার্যক্রমে দায়িত্ব পালনকালে অসুস্থ/গুরুতর অসুস্থ/আহত/গুরুতর আহত কর্মকর্তা/কর্মচারী ও মৃত ব্যক্তির পরিবারকে আর্থিক সহায়তা/অনুদান প্রদান নীতিমালা-২০২৬’ শীর্ষক প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার দিন থেকে কার্যকর হতে যাওয়া এই নীতিমালার আওতায় নির্বাচনী দায়িত্ব পালনকালে দুর্ঘটনা, অঙ্গহানি বা ব্যয়বহুল চিকিৎসাজনিত আর্থিক ক্ষতির সম্মুখীন ব্যক্তিদের সহায়তা দেওয়া হবে। এ লক্ষ্যে নির্বাচন কমিশন প্রতি অর্থবছরে নিজস্ব বাজেট থেকে অর্থ বরাদ্দ করবে।
ইসি সূত্রে জানা গেছে, জাতীয় সংসদ নির্বাচন, ইউনিয়ন পরিষদ, পৌরসভা, সিটি কর্পোরেশন, উপজেলা পরিষদ ও জেলা পরিষদ নির্বাচনে দায়িত্ব পালনকারী সব কর্মকর্তা-কর্মচারী এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা এ সুবিধার আওতাভুক্ত হবেন।
নীতিমালায় অনুদানের হার প্রধানত দুটি ভাগে নির্ধারণ করা হয়েছে। প্রথমত, নির্বাচনী দায়িত্ব পালনকালে দুর্বৃত্তের হামলা বা দুর্ঘটনায় কোনো কর্মকর্তা বা কর্মচারীর মৃত্যু হলে তার পরিবার সর্বোচ্চ ১০ লাখ টাকা অনুদান পাবে। একই কারণে কেউ গুরুতর আহত বা স্থায়ীভাবে অক্ষম হলে সর্বোচ্চ ৪ লাখ টাকা, গুরুতর আহত বা সাময়িকভাবে অক্ষম হলে সর্বোচ্চ ২ লাখ টাকা এবং সাধারণ আহতের ক্ষেত্রে আঘাতের ধরন অনুযায়ী সর্বোচ্চ ৫০ হাজার টাকা দেওয়া হবে।
দ্বিতীয়ত, দায়িত্ব পালনের সময় কেউ আকস্মিকভাবে অসুস্থ হয়ে মারা গেলে তার পরিবার সর্বোচ্চ ৬ লাখ টাকা পাবে। এছাড়া আকস্মিক গুরুতর অসুস্থতা বা স্থায়ী অক্ষমতার জন্য সর্বোচ্চ ৩ লাখ টাকা, সাময়িক অসুস্থতার জন্য সর্বোচ্চ ৫০ হাজার টাকা, হাসপাতালে ভর্তি হয়ে ব্যয়বহুল চিকিৎসার ক্ষেত্রে সর্বোচ্চ ৩ লাখ টাকা এবং সাধারণ চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি হলে সর্বোচ্চ ২ লাখ টাকা পর্যন্ত অনুদান দেওয়ার বিধান রাখা হয়েছে।
নীতিমালায় উত্তরাধিকার নির্ধারণের ক্ষেত্রে অর্থ বিভাগের সর্বশেষ সরকারি কর্মচারী পেনশন সহজীকরণ আদেশ অনুসরণ করতে বলা হয়েছে। মৃত ব্যক্তির একাধিক স্ত্রী থাকলে অনুদানের অর্থ সমানভাবে বণ্টন করা হবে এবং তাদের যৌথভাবে আবেদন করতে হবে। তবে অনুদান পাওয়ার আগে স্বামী বা স্ত্রী পুনরায় বিবাহ করলে এই সুবিধা প্রযোজ্য হবে না।
মৃত ব্যক্তির কোনো স্বামী বা স্ত্রী জীবিত না থাকলে তার ২৫ বছরের কম বয়সী ছেলে বা অবিবাহিত মেয়ে এবং সন্তান না থাকলে বাবা-মা আবেদন করতে পারবেন। নাবালক সন্তানের ক্ষেত্রে অভিভাবক নির্ধারণে পারিবারিক আদালত অর্ডিন্যান্স ১৯৮৫ অনুসরণ করা হবে। এছাড়া অবিবাহিত ব্যক্তির ক্ষেত্রে বাবা-মা বা ভাই-বোন এবং সন্তান না থাকলে স্বামী বা স্ত্রী অর্ধেক এবং অবশিষ্ট অর্ধেক বাবা-মা বা অবিবাহিত ভাই-বোন সমহারে পাবেন। উপযুক্ত উত্তরাধিকারী না থাকলে বিবাহিত মেয়েরাও প্রয়োজনীয় প্রমাণসহ আবেদন করতে পারবেন।
আর্থিক সহায়তা পাওয়ার জন্য দুর্ঘটনা বা অসুস্থতার ৩০ কার্যদিবসের মধ্যে নির্ধারিত ফরমে সংশ্লিষ্ট রিটার্নিং অফিসার বা অফিস প্রধানের মাধ্যমে নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব বা সচিব বরাবর আবেদন জমা দিতে হবে। আবেদনের সঙ্গে সত্যায়িত ছবি, উত্তরাধিকার সনদ, জাতীয় পরিচয়পত্রের অনুলিপি এবং সিভিল সার্জন বা সরকারি হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকের সনদ সংযুক্ত করতে হবে।
আবেদন যাচাই ও মূল্যায়নের জন্য নির্বাচন কমিশন সচিবালয়ের নির্বাচন ব্যবস্থাপনা-১ উইংয়ের যুগ্মসচিবকে সভাপতি এবং বাজেট ও অর্থ শাখার সিনিয়র সহকারী সচিবকে সদস্য সচিব করে পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। প্রতি অর্থবছরে অন্তত দুইবার কমিটি আবেদনগুলো পর্যালোচনা করে অনুদানের পরিমাণ নির্ধারণপূর্বক সচিবের কাছে প্রতিবেদন দাখিল করবে। পরে নির্বাচন কমিশনের চূড়ান্ত অনুমোদনের ভিত্তিতে সংশ্লিষ্ট ব্যক্তি বা পরিবারের ব্যাংক হিসাবে এককালীন অনুদানের অর্থ সরাসরি জমা দেওয়া হবে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: সরাসরি দেখা যাবে এখানে LIVE
- বাংলাদেশ বনাম সান মারিনো ফুটবল ম্যাচ, দেখুন একাদশ-দেখার উপায়
- আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম সান মারিনোর ম্যাচটি শেষ-দেখুন ফলাফল
- সাফ নারী ফাইনাল: বাংলাদেশ বনাম ভারত, ৪ গোলে শেষ ম্যাচ, দেখুন ফলাফল
- ঢাবি শিক্ষককে বিয়ে করলেন দীপ্তি চৌধুরী
- বাংলাদেশ বনাম আফগানিস্তানের ফুটবল ম্যাচ: এক ক্লিকে সরাসরি দেখুন
- বাংলাদেশ বনাম সান মারিনোম্যাচ: এক ক্লিকে সরাসরি দেখুন এখানে
- বাংলাদেশে যেসব চ্যানেলে দেখা যাবে ফুটবল বিশ্বকাপ ২০২৬
- আজ বাংলাদেশ বনাম আফগানিস্তান ম্যাচ: সরাসরি দেখবেন যেভাবে
- ৪৯তম বিশেষ বিসিএস উত্তীর্ণদের ফের ভেরিফিকেশন হতে পারে
- নারীদের যৌন আগ্রহ বাড়ে, পুরুষদের সমস্যা বৃদ্ধি পায়: গবেষণা
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন কোষাধ্যক্ষ ড. বোরহান উদ্দিন
- ইউরোপে ম্যাচ খেলবে বাংলাদেশ, প্রতিপক্ষ কে-যেভাবে দেখবেন সরাসরি
- বুধবার থেকে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি আবেদন শুরু