ঢাকা, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩
শোলাকিয়া থেকে জাতীয় ঈদগাহ কোথায় কখন ঈদের জামাত, জেনে নিন বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক: আগামীকাল বৃহস্পতিবার সারা দেশে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে উদযাপিত হবে পবিত্র ঈদুল আজহা। রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ঈদের জামাতের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। প্রতি বছরের ধারাবাহিকতায় এবারও জাতীয় ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হবে দেশের প্রধান ঈদ জামাত।
সকাল সাড়ে ৭টায় জাতীয় ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে। এতে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন , প্রধানমন্ত্রী তারেক রহমান, মন্ত্রিপরিষদের সদস্য, সুপ্রিম কোর্টের বিচারপতি, বিভিন্ন রাজনৈতিক নেতা ও সর্বস্তরের মানুষ অংশ নেবেন।
তবে বৈরী আবহাওয়া বা ঝড়বৃষ্টির কারণে জাতীয় ঈদগাহে জামাত আয়োজন সম্ভব না হলে সকাল ৮টায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে।
ইসলামিক ফাউন্ডেশন জানিয়েছে, বায়তুল মোকাররম জাতীয় মসজিদে এবার পাঁচটি ঈদ জামাত হবে। জামাতগুলো অনুষ্ঠিত হবে সকাল ৭টা, ৮টা, ৯টা, ১০টা এবং ১০টা ৪৫ মিনিটে।
প্রতি বছরের মতো দেশের বৃহত্তম ঈদ জামাতের আয়োজন করা হয়েছে কিশোরগঞ্জের শোলাকিয়া মাঠে। সকাল ৯টায় এ জামাতে ইমামতি করবেন জেলা শহরের বড় বাজার মসজিদের খতিব মাওলানা আবুল খায়ের মুহাম্মদ ছাইফুল্লাহ।
অন্যদিকে দিনাজপুরের গোর-এ-শহীদ বড় ময়দানেও বিশাল ঈদ জামাতের আয়োজন করা হয়েছে। আয়োজকদের দাবি, প্রায় ২২ একর আয়তনের এ মাঠে পাঁচ থেকে ছয় লাখ মুসল্লি একসঙ্গে নামাজ আদায় করতে পারবেন। এখানে জামাত হবে সকাল সাড়ে ৮টায়। ইমামতি করবেন দিনাজপুর জেলা ইমাম সমিতির সভাপতি মাওলানা মতিউর রহমান কাসেমী।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে সকাল সাড়ে ৭টা ও সাড়ে ৮টায় দুটি ঈদ জামাত হবে। এছাড়া সলিমুল্লাহ মুসলিম হল মসজিদে সকাল ৭টায়, ড. মুহম্মদ শহীদুল্লাহ হল লনে সকাল ৮টায় এবং ফজলুল হক মুসলিম হলের পূর্ব পাশের মাঠে সকাল ৮টায় জামাত অনুষ্ঠিত হবে।
জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় সকাল সাড়ে ৭টায় ঈদের জামাত হবে। পাশাপাশি ঢাকা মহানগরের শতাধিক ঈদগাহ ও দেড় হাজারের বেশি মসজিদে ঈদের জামাতের আয়োজন করা হয়েছে।
চট্টগ্রামে প্রধান ঈদ জামাত হবে সকাল ৭টায় জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদ প্রাঙ্গণে। একই স্থানে দ্বিতীয় জামাত হবে সকাল ৮টায়। এছাড়া জেলা প্রশাসনের উদ্যোগে সকাল সাড়ে ৮টায় জেলা স্টেডিয়ামের জিমনেসিয়াম মাঠে ঈদের জামাত অনুষ্ঠিত হবে।
চট্টগ্রাম সিটি করপোরেশনের তত্ত্বাবধানে নগরীর আরও ৯টি মসজিদে সকাল ৮টায় জামাত হবে। এর মধ্যে রয়েছে লালদীঘি শাহী জামে মসজিদ, হযরত শেখ ফরিদ (রা.) চশমা ঈদগাহ মসজিদ, চকবাজার সিটি করপোরেশন জামে মসজিদসহ আরও কয়েকটি মসজিদ।
রাজশাহীতে প্রধান ঈদ জামাত হবে সকাল সাড়ে ৭টায় হযরত শাহ মখদুম (র.) কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে। আবহাওয়া প্রতিকূল হলে সকাল ৮টায় দরগাহ জামে মসজিদে প্রধান জামাত অনুষ্ঠিত হবে।
খুলনায় প্রধান জামাত হবে সকাল ৭টায় সার্কিট হাউজ ময়দানে। আবহাওয়া খারাপ হলে খুলনা টাউন জামে মসজিদে সকাল ৭টায় প্রধান জামাত, সকাল ৮টায় দ্বিতীয় এবং সকাল ৯টায় তৃতীয় জামাত অনুষ্ঠিত হবে।
বরিশালে হেমায়েতউদ্দিন কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে সকাল ৮টায় প্রধান জামাত অনুষ্ঠিত হবে। একই সময়ে চরমোনাই দরবার শরীফ মাঠ ও উজিরপুরের গুঠিয়া বায়তুল আমান জামে মসজিদেও বড় জামাত অনুষ্ঠিত হবে।
সিলেটের ঐতিহ্যবাহী শাহী ঈদগাহ ময়দানে সকাল ৮টায় প্রধান ঈদ জামাত হবে। এছাড়া কুদরত উল্লাহ জামে মসজিদে সকাল ৭টা, ৮টা ও ৯টায় তিনটি জামাত অনুষ্ঠিত হবে।
রংপুরে প্রধান ঈদ জামাত হবে সকাল সাড়ে ৮টায় কালেক্টরেট ঈদগাহে। আবহাওয়া প্রতিকূল হলে জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে একই সময়ে প্রধান জামাত অনুষ্ঠিত হবে।
ময়মনসিংহে নগরীর আঞ্জুমান ঈদগাহ মাঠে সকাল সাড়ে ৭টায় প্রধান জামাত হবে। একই মাঠে দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৮টায়। এছাড়া বড় মসজিদ, দারুল উলুম নিজামিয়া ঈদগাহ মাঠ এবং বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মাঠেও ঈদের জামাতের আয়োজন করা হয়েছে।
দেশজুড়ে হাজারো ঈদগাহ ও মসজিদে ঈদের জামাতকে কেন্দ্র করে নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। ধর্মীয় উৎসবটি শান্তিপূর্ণভাবে উদযাপনে প্রশাসন ও স্থানীয় কর্তৃপক্ষও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ সেপ্টেম্বর)
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক