ঢাকা, সোমবার, ২৫ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩

স্থানীয় নির্বাচনে সেনা মোতায়েন নিয়ে যা জানাল ইসি

২০২৬ মে ২৫ ১৮:৩৫:২৬

স্থানীয় নির্বাচনে সেনা মোতায়েন নিয়ে যা জানাল ইসি

নিজস্ব প্রতিবেদক: আগামী স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে জোর প্রস্তুতি শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)। দেশের বিভিন্ন স্তরের স্থানীয় সরকার প্রতিষ্ঠানে ভোট আয়োজনের লক্ষ্যে এখন থেকেই প্রয়োজনীয় কার্যক্রম গুছিয়ে নিচ্ছে সাংবিধানিক এ প্রতিষ্ঠানটি।

কমিশনের পরিকল্পনা অনুযায়ী, চলতি বছরের নভেম্বর-ডিসেম্বরকে কেন্দ্র করেই ভোটগ্রহণ শুরু হতে পারে। তবে জাতীয় সংসদ নির্বাচনের মতো এবার স্থানীয় সরকার নির্বাচনে সশস্ত্র বাহিনীর সদস্যদের ভোটের দায়িত্বে মোতায়েন না করার ইঙ্গিত দিয়েছে নির্বাচন কমিশন।

ইসি সূত্রে জানা গেছে, বর্তমানে দেশের ১২টি সিটি করপোরেশন, প্রায় ৪৫০টি উপজেলা পরিষদ, তিন শতাধিক পৌরসভা, প্রায় ছয় শত ইউনিয়ন পরিষদ এবং ৬১টি জেলা পরিষদ নির্বাচন উপযোগী অবস্থায় রয়েছে। এর বাইরে আগামী জুলাই মাসের মধ্যে আরও প্রায় ২ হাজার ৮০০ ইউনিয়ন পরিষদ নির্বাচনের জন্য প্রস্তুত হবে। ইতোমধ্যে সরকার ১২টি সিটিসহ বিভিন্ন স্থানীয় সরকার প্রতিষ্ঠানে প্রশাসক নিয়োগ দিয়েছে। ফলে ভোটের পরিবেশ ও প্রশাসনিক প্রস্তুতির বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।

নির্বাচন কমিশনের কর্মকর্তারা জানিয়েছেন, দেশের নতুন ১৩তম সিটি করপোরেশন হিসেবে বগুড়া সিটি গঠিত হয়েছে। এই সিটির সীমানা নির্ধারণের কারণে কোনো ইউনিয়ন পরিষদ কিংবা অন্য কোনো স্থানীয় সরকার প্রতিষ্ঠানের সীমানায় পরিবর্তন এসেছে কি না তা যাচাই করা হচ্ছে। কোথাও আইনি জটিলতা থাকলে তফসিল ঘোষণার আগেই তা নিষ্পত্তির উদ্যোগ নেওয়া হবে। একই সঙ্গে দেশের অন্যান্য এলাকায় পৌরসভা, উপজেলা বা স্থানীয় সরকারের সীমানা নিয়ে কোনো মামলা বা প্রশাসনিক জটিলতা রয়েছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে।

এদিকে অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশ আইনে রূপ নিলেও এখনো আনুষ্ঠানিক গেজেট পায়নি নির্বাচন কমিশন। গেজেট হাতে পাওয়ার পর নতুন বাস্তবতা অনুযায়ী বিধিমালা সংশোধনের কাজ আরও দ্রুত এগোবে বলে জানিয়েছে কমিশন। এ কাজের দায়িত্বে রয়েছে জ্যেষ্ঠ নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদের নেতৃত্বাধীন আইন সংস্কার কমিটি। ইতোমধ্যে কয়েক দফা বৈঠকও হয়েছে।

নির্বাচন ব্যবস্থা আরও কার্যকর ও সময়োপযোগী করতে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সংশোধন আনার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে ওই কমিটি। এর মধ্যে রয়েছে প্রার্থীদের এক শতাংশ ভোটারের সমর্থনের শর্ত বাদ দেওয়া, ইভিএম পদ্ধতি বাদ দেওয়া, নির্বাচনী পোস্টার বাতিল, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারের সুযোগ, জামানতের পরিমাণ বৃদ্ধি, নির্বাচনী প্রচারে উপজেলায় এমপিদের অফিস ব্যবহারে নিষেধাজ্ঞা এবং কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে অপপ্রচার বন্ধে কঠোর বিধান। আইনগত গেজেট প্রকাশের পর এসব বিষয় কমিশন সভায় উপস্থাপন করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

ইসি কর্মকর্তারা বলছেন, সামনে বর্ষা মৌসুম, নতুন অর্থবছরের বাজেট চূড়ান্তকরণ এবং বিভিন্ন প্রশাসনিক ও বিধিমালাগত প্রস্তুতি মিলিয়ে পুরো প্রক্রিয়ায় আরও কয়েক মাস সময় লাগবে। সে কারণে আবহাওয়া ও মাঠপর্যায়ের উপযোগিতা বিবেচনায় বছরের শেষভাগ বিশেষ করে নভেম্বর কিংবা ডিসেম্বর থেকেই ভোটগ্রহণ শুরু হওয়ার সম্ভাবনা বেশি।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানিয়েছেন, সরকারের লক্ষ্য আগামী এক বছরের মধ্যে পাঁচ স্তরের স্থানীয় সরকার নির্বাচন ইউনিয়ন পরিষদ, পৌরসভা, উপজেলা পরিষদ, জেলা পরিষদ এবং সিটি করপোরেশন সম্পন্ন করা। বাজেট প্রাপ্তির ওপর নির্ভর করে প্রথমে ইউনিয়ন পরিষদ নির্বাচন আয়োজনের পরিকল্পনা রয়েছে। শুধু ইউপি নির্বাচন সম্পন্ন করতেই প্রায় ৫০০ থেকে ৬০০ কোটি টাকা ব্যয় হতে পারে। নতুন অর্থবছরের বাজেট পাস হওয়ার পর স্থানীয় সরকার বিভাগ, নির্বাচন কমিশন এবং অর্থ মন্ত্রণালয় একসঙ্গে বসে তফসিলের বিষয়ে চূড়ান্ত আলোচনা করবে।

নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ বলেন, সামনে এখন বিধিমালা সংশোধনের বড় কাজ রয়েছে। প্রয়োজন হলে অংশীজনদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত আরও পরিপক্ব করা হবে। তিনি আশা প্রকাশ করেন, আগামী এক বছরের মধ্যেই দেশের স্থানীয় সরকার নির্বাচনগুলো সম্পন্ন করা সম্ভব হবে।

সেনা মোতায়েনের বিষয়ে প্রশ্ন করা হলে তিনি স্পষ্ট ভাষায় বলেন, স্থানীয় সরকার নির্বাচনে এখনই এমন কোনো পরিকল্পনা কমিশনের বিবেচনায় নেই। তবে সময় ও পরিস্থিতি বিবেচনা করে পরে কমিশন বসে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

ঈদের আগে আবারও রেকর্ড ছুঁল স্বর্ণের দাম

ঈদের আগে আবারও রেকর্ড ছুঁল স্বর্ণের দাম

নিজস্ব প্রতিবেদক: আসন্ন পবিত্র ঈদুল আজহার আনন্দ উদযাপনের ঠিক আগমুহূর্তে দেশের বাজারে স্বর্ণের দাম একঝটকায় অনেকটাই বাড়িয়ে দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স... বিস্তারিত