ঢাকা, সোমবার, ৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩

জার্মানিতে ‘দেশবন্ধু’ উপাধিতে ভূষিত প্রধানমন্ত্রী তারেক রহমান

২০২৬ মে ০৪ ২১:১৯:৪১

জার্মানিতে ‘দেশবন্ধু’ উপাধিতে ভূষিত প্রধানমন্ত্রী তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর বিজয় উপলক্ষে জার্মানিতে দলটির নেতাকর্মীরা দোয়া মাহফিল ও আনন্দঘন কর্মসূচির আয়োজন করেছেন। এতে দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নিয়ে কৃতজ্ঞতা প্রকাশের পাশাপাশি বিজয়ের আনন্দ ভাগাভাগি করেন।

রোববার (৩ মে) জার্মানির ফ্রাঙ্কফুর্টের সালবাউ ওবারআডে বিএনপির জার্মানি শাখার উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। জার্মানি বিএনপির সভাপতি দেওয়ান শফিকুল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাসুদ রেজার সঞ্চালনায় অনুষ্ঠানে পবিত্র কোরআন তেলাওয়াত করেন সহ-প্রচার সম্পাদক নিজাম উদ্দিন। পরে জাতীয় ও দলীয় সংগীত পরিবেশন করেন শিউলি ফিরোজসহ অন্যরা।

অনুষ্ঠানে বাংলাদেশে গণতন্ত্র ও মানবাধিকার প্রতিষ্ঠার আন্দোলনে ভূমিকা রাখা নেতাকর্মীদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয় এবং মিষ্টিমুখ করানো হয়।

জার্মানি বিএনপির পক্ষ থেকে সভাপতি দেওয়ান শফিকুল ইসলাম বলেন, সরকার গঠনের পর অল্প সময়ের মধ্যেই প্রধানমন্ত্রী তারেক রহমান জনকল্যাণমূলক উদ্যোগ গ্রহণ ও দ্রুত বাস্তবায়নের মাধ্যমে জনপ্রিয়তা অর্জন করেছেন। এ সময় তাকে ‘দেশ বন্ধু’ উপাধিতে ভূষিত করা হয়।

অনুষ্ঠানে বাংলাদেশ থেকে অনলাইনে যুক্ত ছিলেন দলের কেন্দ্রীয় সাবেক যুগ্ম মহাসচিব ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন এমপি, যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ এমপি এবং রেল ও সড়ক পরিবহন প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ এমপি।

তারা বক্তব্যে বলেন, স্বৈরাচারবিরোধী আন্দোলনে জার্মানি বিএনপির গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। ১/১১ সময়কাল থেকে শুরু করে পরবর্তী সময় পর্যন্ত দলটির নেতাকর্মীরা সক্রিয় ভূমিকা পালন করেছেন, যা দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে সহায়ক হয়েছে।

বক্তারা আরও বলেন, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে বিএনপি সরকার গঠন করেছে এবং জনগণের প্রত্যাশা পূরণে ৩১ দফা বাস্তবায়নে গুরুত্ব দিচ্ছে। ইতোমধ্যে ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড বিতরণ এবং প্রবাসীদের জন্য প্রবাসী কার্ড চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।

জার্মানি বিএনপির নেতারা বলেন, জার্মানি বিশ্বের অন্যতম গণতান্ত্রিক ও অর্থনৈতিকভাবে শক্তিশালী দেশ। বাংলাদেশের সঙ্গে দেশটির বাণিজ্যিক ও অর্থনৈতিক সম্পর্ক গুরুত্বপূর্ণ। বিশেষ করে তৈরি পোশাক খাতে জার্মানি একটি বড় বাজার। পাশাপাশি দক্ষ জনশক্তি গড়ে তোলা ও শিক্ষার সুযোগ কাজে লাগিয়ে দেশের অর্থনীতি আরও শক্তিশালী করা সম্ভব বলে তারা মনে করেন।

তারা আরও বলেন, বৈশ্বিক পরিস্থিতির কারণে জ্বালানি খাতে চাপ থাকলেও সরকার তা দক্ষতার সঙ্গে মোকাবিলা করছে। জনগণও এই বাস্তবতা অনুধাবন করছে বলে তারা মন্তব্য করেন।

বক্তারা দুর্নীতি, সন্ত্রাসমুক্ত ও আইনের শাসনভিত্তিক বাংলাদেশ গড়ার প্রত্যাশা ব্যক্ত করেন। একই সঙ্গে তারা সরকারের পাশে থেকে দেশ গঠনে সবাইকে সহযোগিতার আহ্বান জানান।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন মিজানুর রহমান ফিরোজ, সেলিম ব্যাপারী চঞ্চল, আনিসুর রহমান শামীম, জুয়েল খান, শাখাওয়াত হোসেন সোহাগ, মঞ্জুর সরকার, কাউসার শামীম, নিয়াজ হাবিব, আল আমিন রিয়াজ, হায়াতুন্নবী রুমেল, আসিফ ইকবাল ভুঁইয়া, নিজাম উদ্দিন, রেজাউল করিম অন্তর প্রমুখ।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

স্বর্ণের দামে রেকর্ড পতন

স্বর্ণের দামে রেকর্ড পতন

দেশের বাজারে নাটকীয়ভাবে কমছে স্বর্ণের দাম। মাত্র ২৪ ঘণ্টার ব্যবধানে স্বর্ণের দাম ফের কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।... বিস্তারিত