ঢাকা, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩

বিশ্বমানের ‘শিক্ষক প্রশিক্ষণ একাডেমি’ প্রতিষ্ঠার উদ্যোগ ইউজিসির

২০২৬ এপ্রিল ২১ ১৮:৫৩:২৯

বিশ্বমানের ‘শিক্ষক প্রশিক্ষণ একাডেমি’ প্রতিষ্ঠার উদ্যোগ ইউজিসির

নিজস্ব প্রতিবেদক: দেশের বিশ্ববিদ্যালয় শিক্ষকদের পেশাগত দক্ষতা উন্নয়নে একটি আধুনিক ও বিশ্বমানের ‘শিক্ষক প্রশিক্ষণ একাডেমি’ প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)। এই প্রকল্প বাস্তবায়নে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) তাদের ক্যাম্পাসে টোকেন মূল্যে জমি বরাদ্দ দেওয়ার আগ্রহ প্রকাশ করেছে।

মঙ্গলবার (২১ এপ্রিল) ইউজিসি চেয়ারম্যান প্রফেসর ড. মামুন আহমেদের সঙ্গে এক সৌজন্য সাক্ষাতে বাকৃবি উপাচার্য প্রফেসর ড. এ কে ফজলুল হক ভূঁইয়া এই প্রস্তাব দেন। ইউজিসি চেয়ারম্যান এই প্রস্তাবকে অত্যন্ত ইতিবাচক হিসেবে উল্লেখ করে দ্রুত জমি অধিগ্রহণসহ প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করতে সংশ্লিষ্ট বিভাগকে নির্দেশ দিয়েছেন।

সাক্ষাৎকালে ইউজিসি চেয়ারম্যান জানান, বর্তমানে ‘হায়ার এডুকেশন এক্সিলারেশন অ্যান্ড ট্রান্সফরমেশন (হিট)’ প্রকল্পের আওতায় অস্থায়ী ক্যাম্পাসে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের চার মাসব্যাপী আবাসিক প্রশিক্ষণ চলছে। প্রকল্পের আওতায় মোট ৫ হাজার শিক্ষককে প্রশিক্ষণ দেওয়ার লক্ষ্যমাত্রা রয়েছে। উচ্চশিক্ষা খাতের এই ফ্ল্যাগশিপ প্রকল্পের আওতায় একটি স্থায়ী ও আধুনিক একাডেমি প্রতিষ্ঠার জন্য পর্যাপ্ত অর্থের সংস্থান রয়েছে।

প্রফেসর ড. মামুন আহমেদ বলেন, “একটি স্থায়ী একাডেমি প্রতিষ্ঠা করা গেলে শিক্ষকদের প্রশিক্ষণের মান ও সক্ষমতা আরও বৃদ্ধি পাবে। বাকৃবি’র জমি প্রদানের আগ্রহ আমাদের এই উদ্যোগ বাস্তবায়নে এক ধাপ এগিয়ে দিল।”

বাকৃবি উপাচার্য প্রফেসর ড. এ কে ফজলুল হক ভূঁইয়া বলেন, উচ্চশিক্ষা ও গবেষণার উন্নয়নে বাকৃবি সবসময় অগ্রণী ভূমিকা পালন করে। এর আগে বিএফআরআই এবং বিনার মতো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের জন্যও বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে জমি বরাদ্দ দেওয়া হয়েছে। দেশের শিক্ষকদের দক্ষ করে গড়ে তুলতে এই প্রশিক্ষণ একাডেমির জন্যও জমি প্রদানে বাকৃবি উদার ভূমিকা রাখবে।

ইউজিসি চেয়ারম্যান শিক্ষক প্রশিক্ষণ একাডেমি প্রতিষ্ঠার জন্য সম্ভাব্য স্থানগুলোর উপযোগিতা দ্রুত যাচাই করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা দিয়েছেন। একই সঙ্গে জমি হস্তান্তরের বিষয়ে আইনি দিক পর্যালোচনা করে দ্রুত ব্যবস্থা নিতে কমিশনের লিগ্যাল সেকশনকেও পরামর্শ দেওয়া হয়েছে।সাক্ষাৎকালে ইউজিসি ও বাকৃবি’র ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

আবারও বেড়েছে সোনার দাম

আবারও বেড়েছে সোনার দাম

নিজস্ব প্রতিবেদক: দেশের বাজারে সোনার দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ভ্যাটসহ স্বর্ণালঙ্কারের দাম প্রতি... বিস্তারিত