ঢাকা, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩

বিনিয়োগকারীদের অর্থ সুরক্ষায় কড়াকড়ি, সিএমএসএফে নতুন সিদ্ধান্ত

২০২৬ এপ্রিল ২১ ১৬:২২:২৪

বিনিয়োগকারীদের অর্থ সুরক্ষায় কড়াকড়ি, সিএমএসএফে নতুন সিদ্ধান্ত

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারের বিনিয়োগকারীদের অবণ্টিত ডিভডেন্ড দিয়ে গঠিত ক্যাপিটাল মার্কেট স্ট্যাবিলাইজেশন ফান্ড (সিএমএসএফ)-এর তহবিল ব্যবস্থাপনায় বড় ধরনের সংস্কার আনতে যাচ্ছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। তহবিলের নিরাপত্তা জোরদার, কেন্দ্রীভূত ঝুঁকি কমানো এবং ব্যবস্থাপনায় স্বচ্ছতা বাড়ানোর লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। সম্প্রতি অনুষ্ঠিত এক বৈঠকে এ বিষয়ে বিস্তারিত আলোচনা করে কমিশন।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, সিএমএসএফ পরিচালনায় তিনটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে—প্রধান ব্যাংক হিসাব স্থানান্তর, বেসরকারি এক্সিম ব্যাংক থেকে আমানত প্রত্যাহার এবং ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ (আইসিবি)-এ বিনিয়োগ করা অর্থ ফেরত আনতে একটি নির্দিষ্ট রোডম্যাপ প্রণয়ন। এসব নির্দেশনা দ্রুত বাস্তবায়নের জন্য বিএসইসির সংশ্লিষ্ট বিভাগকে দায়িত্ব দেওয়া হয়েছে। পুরো প্রক্রিয়াটি অর্থ মন্ত্রণালয় ও বাংলাদেশ ব্যাংকের সমন্বয়ে সম্পন্ন হবে।

বিএসইসি সূত্রে জানা গেছে, বর্তমানে বেসরকারি ব্যাংকে থাকা সিএমএসএফের প্রধান পরিচালন হিসাব অবিলম্বে কোনো সরকারি তফসিলি ব্যাংকে স্থানান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে তহবিলের নিরাপত্তা বাড়ার পাশাপাশি ব্যবস্থাপনায় স্বচ্ছতাও নিশ্চিত হবে বলে মনে করছে কমিশন।

এছাড়া বেসরকারি এক্সিম ব্যাংকে রাখা সিএমএসএফের আমানত ফেরত আনতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে। এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকে আনুষ্ঠানিক চিঠি পাঠানোর পাশাপাশি তার অনুলিপি অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ ও বিএসইসিকে পাঠাতে বলা হয়েছে।

অন্যদিকে, আইসিবিতে সিএমএসএফের বিনিয়োগ করা অর্থ ফেরত আনার জন্য একটি সুনির্দিষ্ট পরিকল্পনা বা রোডম্যাপ জমা দিতে বলা হয়েছে। এ জন্য আইসিবিকে চিঠি দেওয়া হবে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করা হবে। একই সঙ্গে এই অর্থ ফেরতের অগ্রগতি নিয়মিত তদারকি করবে বিএসইসি ও অর্থ মন্ত্রণালয়।

বাজার সংশ্লিষ্টরা মনে করছেন, সিএমএসএফের তহবিল ব্যবস্থাপনায় এ ধরনের পরিবর্তন দীর্ঘমেয়াদে স্থিতিশীলতা নিশ্চিত করবে। বিশেষ করে আমানত বৈচিত্র্যকরণ এবং সরকারি ব্যাংকের মাধ্যমে তহবিল পরিচালনা ঝুঁকি কমাতে কার্যকর ভূমিকা রাখবে। এতে বিনিয়োগকারীদের আস্থা বাড়বে এবং তহবিল ব্যবস্থাপনা আরও কার্যকর হবে।

এদিকে সিএমএসএফকে একটি কার্যকর সংবিধিবদ্ধ সংস্থা হিসেবে গড়ে তুলতে নতুন আইন প্রণয়ন ও পরিচালনা পর্ষদ পুনর্গঠনের উদ্যোগও নেওয়া হয়েছে। রাজনৈতিক পটপরিবর্তনের পর পুনর্গঠিত বিএসইসি তহবিলটির কার্যক্রমে নানা অনিয়ম খুঁজে পায়। এ অবস্থায় আইনি ভিত্তি শক্ত করা ও শৃঙ্খলা আনতে নতুন আইন তৈরির কাজ এগিয়ে নেওয়া হচ্ছে।

প্রস্তাবিত আইনে সিএমএসএফ সংক্রান্ত সব বিধান একীভূত করা হবে। নতুন সাত সদস্যের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান থাকবেন বিএসইসি চেয়ারম্যান। এছাড়া সদস্য হিসেবে থাকবেন অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের একজন অতিরিক্ত সচিব, দুই স্টক এক্সচেঞ্জের চেয়ারম্যান, আইসিবির চেয়ারম্যান, পাবলিকলি লিস্টেড কোম্পানির অ্যাসোসিয়েশনের সভাপতি এবং সিএমএসএফের প্রধান নির্বাহী কর্মকর্তা।

উল্লেখ্য, শেয়ারবাজারে তারল্য সংকট দূর করা এবং বাজারের স্থিতিশীলতা বজায় রাখতে ২০২১ সালের ২২ আগস্ট প্রায় ২০ হাজার কোটি টাকার ক্যাপিটাল মার্কেট স্ট্যাবিলাইজেশন ফান্ড গঠন করা হয়।

এএসএম/

শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত