ঢাকা, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ৩০ চৈত্র ১৪৩২

মিউচ্যুয়াল ফান্ড সংস্কারে বিএসইসির নতুন কমিটি

২০২৬ এপ্রিল ১৩ ২২:৫০:৩৪

মিউচ্যুয়াল ফান্ড সংস্কারে বিএসইসির নতুন কমিটি

নিজস্ব প্রতিবেদক: মিউচ্যুয়াল ফান্ড খাতকে আরও স্বচ্ছ ও আধুনিক করতে নতুন করে উদ্যোগ নিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। নতুন বিধিমালার সঙ্গে সামঞ্জস্য রেখে তথ্য প্রকাশের কাঠামো, মানদণ্ড এবং নীতিমালা হালনাগাদ করার কাজ শুরু হয়েছে।

এই উদ্যোগ বাস্তবায়নে কমিশনের পাঁচ কর্মকর্তাকে নিয়ে একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করা হয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, শেয়ারবাজারে মিউচ্যুয়াল ফান্ড খাতকে যুগোপযোগী ও কার্যকর করতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সম্প্রতি এ সংক্রান্ত একটি আদেশ জারি করেছে বিএসইসি, যেখানে কমিটির দায়িত্ব ও কার্যপরিধি নির্ধারণ করে দেওয়া হয়েছে।

কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন কমিশনের অতিরিক্ত পরিচালক শেখ মো. লুৎফুল কবির। এছাড়া সদস্য হিসেবে রয়েছেন যুগ্ম পরিচালক সুলতানা পারভীন, সহকারী পরিচালক মো. আতিকুল্লাহ খান ও মো. তৌহিদুল ইসলাম সাদ্দাম। সদস্য সচিবের দায়িত্ব পালন করবেন সহকারী পরিচালক মো. সাগর ইসলাম।

বিএসইসি সূত্রে জানা গেছে, এই উদ্যোগের মূল লক্ষ্য হলো মিউচ্যুয়াল ফান্ড খাতে স্বচ্ছতা বৃদ্ধি, বিনিয়োগকারীদের তথ্যপ্রাপ্তি সহজ করা এবং আন্তর্জাতিক মানের সঙ্গে সামঞ্জস্য নিশ্চিত করা। বিশেষ করে ফান্ড ব্যবস্থাপনা, সম্পদ মূল্যায়ন এবং তথ্য প্রকাশের ক্ষেত্রে আরও উন্নত ও কঠোর মানদণ্ড প্রণয়ন করা হবে।

আদেশ অনুযায়ী, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (মিউচ্যুয়াল ফান্ড) বিধিমালা, ২০২৫-এর সঙ্গে সামঞ্জস্য রেখে ডিসক্লোজার ফরম্যাট, স্ট্যান্ডার্ড ও গাইডলাইনসহ সংশ্লিষ্ট বিষয়গুলো পর্যালোচনা ও হালনাগাদ করবে এই কমিটি। নির্ধারিত কার্যপরিধি অনুযায়ী কাজ সম্পন্ন করে আগামী ৪০ কার্যদিবসের মধ্যে কমিশনের কাছে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

কমিটির প্রধান দায়িত্বের মধ্যে রয়েছে—মিউচ্যুয়াল ফান্ড খাতের গুরুত্বপূর্ণ নথি ও নির্দেশিকাগুলো হালনাগাদ করা, যাতে নতুন বিধিমালার সঙ্গে পূর্ণ সামঞ্জস্য থাকে। পাশাপাশি স্ট্যান্ডার্ড ট্রাস্ট ডিড, ত্রৈমাসিক রিপোর্টিং ফরম্যাট, পোর্টফোলিও স্টেটমেন্ট এবং মার্জার ও কনভার্সন সংক্রান্ত গাইডলাইন প্রণয়ন করবে কমিটি।

বিশ্লেষকদের মতে, এ ধরনের উদ্যোগ শেয়ারবাজারে শৃঙ্খলা প্রতিষ্ঠা এবং বিনিয়োগকারীদের আস্থা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ডিসক্লোজার ব্যবস্থার আধুনিকায়ন বিনিয়োগকারীদের সুরক্ষা নিশ্চিত করতেও সহায়ক হবে। সাম্প্রতিক সময়ে বাজারে স্বচ্ছতা ও সুশাসন নিশ্চিত করতে বিএসইসি ধারাবাহিকভাবে সংস্কার কার্যক্রম চালিয়ে যাচ্ছে, নতুন কমিটি গঠন তারই অংশ।

এ বিষয়ে বিএসইসির পরিচালক ও মুখপাত্র মো. আবুল কালাম বলেন, নতুন বিধিমালায় মেয়াদি মিউচ্যুয়াল ফান্ডকে বেমেয়াদি ফান্ডে রূপান্তরের সুনির্দিষ্ট বিধান রাখা হয়েছে। কোনো ফান্ডের ইউনিটপ্রতি গড় লেনদেন মূল্য যদি তার ক্রয়মূল্য বা নিট সম্পদমূল্যের (এনএভি) তুলনায় ২৫ শতাংশের বেশি কমে যায়, তাহলে ইউনিটহোল্ডারদের স্বার্থ রক্ষায় ট্রাস্টি বিশেষ সাধারণ সভা (ইজিএম) আহ্বান করবে। সেই সভায় ইউনিটহোল্ডারদের মতামতের ভিত্তিতে ফান্ডকে বেমেয়াদি করা বা অবসায়নের সিদ্ধান্ত নেওয়া হবে। এই পুরো প্রক্রিয়াটি সুষ্ঠুভাবে সম্পন্ন করতে একটি সুস্পষ্ট নীতিমালা প্রণয়ন করা প্রয়োজন, যা প্রস্তাব করবে গঠিত কমিটি।

এএসএম/

শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত