ঢাকা, শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬, ২০ চৈত্র ১৪৩২

অক্ষরে অক্ষরে জুলাই সনদ বাস্তবায়ন করতে চায় বিএনপি

২০২৬ এপ্রিল ০৩ ২০:১১:২৩

অক্ষরে অক্ষরে জুলাই সনদ বাস্তবায়ন করতে চায় বিএনপি

নিজস্ব প্রতিবেদক: গণভোটে ‘হ্যাঁ’ অবস্থান নিয়ে জুলাই সনদ পুরোপুরি বাস্তবায়নের পক্ষে নিজেদের অবস্থান পুনর্ব্যক্ত করেছে বিএনপি। জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি জানিয়েছেন, দলের শীর্ষ নেতৃত্বের নির্দেশনা অনুযায়ী তারা এই অবস্থান নিয়েছে এবং ইতোমধ্যে তা বাস্তবায়নের প্রক্রিয়াও শুরু হয়েছে।

প্রধানমন্ত্রী তারেক রহমানের বক্তব্য উদ্ধৃত করে তিনি বলেন, ‘আমাদের নেতা বলছেন আমরা হ্যাঁ-এর পক্ষে। হ্যাঁ-এর পক্ষে জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করতে চাই। আমরা করছি, করা শুরু করেছি।’

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে শুক্রবার (৩ এপ্রিল) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিরোধী দল জামায়াতে ইসলামীকে উদ্দেশ করে চিফ হুইপ নূরুল ইসলাম মনি বলেন, ‘তারা বলছে বিএনপি জুলাই সনদ বাস্তবায়ন চায় না, বিএনপি এর বিপক্ষে অবস্থান নিয়েছে। কিন্তু বাস্তবতা হলো বিএনপি জুলাই সনদের পক্ষে। আমরা ভিন্নমত পোষণ করেছি এবং তা লিখিতভাবে জানিয়েছি। তবে প্রাথমিকভাবে যে খসড়া উপস্থাপন করা হয়েছিল, সেখানে ভিন্নমতের বিষয়টি অন্তর্ভুক্ত ছিল না। সে কারণেই আমরা আপত্তি জানিয়েছিলাম। পরে ভিন্নমতগুলো সংযোজন করা হয়েছে। এরপরই তারা অস্বস্তিতে পড়েছে।’

তিনি আরও বলেন, ‘বিরোধীদলীয় নেতা তিন দিন আগে সংসদে একটি প্রস্তাব উত্থাপন করেছেন। ওই প্রস্তাবের পর তারা বলছে জুলাই সনদের একটি অর্ডার রয়েছে, সেটি বাস্তবায়ন করতে হবে। কিন্তু যে প্রস্তাব দেওয়া হয়েছে, তা সংবিধানসম্মত নয়। এটি কোনো অধ্যাদেশ, আইন বা সাংবিধানিক কাঠামোর অংশ নয়। এ কারণে আমরা এর বিরোধিতা করেছি। একইসঙ্গে আমরা বিকল্প একটি প্রস্তাব দিয়েছি, যেখানে জুলাই সনদ কীভাবে বাস্তবায়ন করা হবে সে বিষয়ে দিকনির্দেশনা রয়েছে। আগামী রোববার এ বিষয়ে আলোচনা হবে, ইনশাআল্লাহ। এজন্য প্রধানমন্ত্রী দেশের জনগণের সহযোগিতা কামনা করেছেন।’

অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক আবদুস সালাম। সভাপতিত্ব করেন জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের সভাপতি হুমায়ুন কবির বেপারী।

আলোচনায় আবদুস সালাম বলেন, ‘আওয়ামী লীগ ও জামায়াতে ইসলামী এই দুই রাজনৈতিক শক্তির বিরুদ্ধে লড়াই করেই বিএনপি টিকে রয়েছে। তাদের চিন্তাধারা পাকিস্তানমুখী, আর বিএনপি সবসময় বাংলাদেশকেই অগ্রাধিকার দেয়।’

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত