ঢাকা, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ৫ চৈত্র ১৪৩২

দীর্ঘ তিন দশক পর জাতীয় ঈদগাহে নামাজ পড়বেন প্রধানমন্ত্রী

২০২৬ মার্চ ১৯ ১৭:১৯:১৭

দীর্ঘ তিন দশক পর জাতীয় ঈদগাহে নামাজ পড়বেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: দীর্ঘ ৩৫ বছরের দীর্ঘ বিরতি কাটিয়ে দেশের কোনো নির্বাচিত পুরুষ প্রধানমন্ত্রী হিসেবে জাতীয় ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাতে অংশ নিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে একই জামাতে তাঁর এই অংশগ্রহণকে দেশের রাজনৈতিক ও ধর্মীয় ইতিহাসে এক অনন্য ও ঐতিহাসিক মুহূর্ত হিসেবে দেখা হচ্ছে।

সর্বশেষ ১৯৮৯-৯০ সালে কাজী জাফর আহমদ দেশের পুরুষ প্রধানমন্ত্রী হিসেবে এই মাঠে নামাজ আদায় করেছিলেন। এরপর দীর্ঘ তিন দশকে বিভিন্ন নারী প্রধানমন্ত্রী বা অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টারা এখানে নামাজ পড়লেও, নির্বাচিত পুরুষ প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানই প্রথম এই ঐতিহ্যের পুনরাবৃত্তি করতে যাচ্ছেন।

বৃহস্পতিবার (১৯ মার্চ) সন্ধ্যায় শাওয়াল মাসের চাঁদ দেখা গেলে আগামীকাল শুক্রবার, অন্যথায় শনিবার সারাদেশে ঈদ উদযাপিত হবে। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ব্যবস্থাপনায় জাতীয় ঈদগাহে সকাল সাড়ে ৮টায় ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে।

স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম এ প্রসঙ্গে বলেন, “এবারের ঈদের জামাতটি অত্যন্ত বিশেষ। দীর্ঘ সময় পর জাতি রাষ্ট্রপতির সঙ্গে একজন পুরুষ প্রধানমন্ত্রীকে একই কাতারে নামাজ পড়তে দেখবে। স্বাধীন ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গঠিত নতুন সরকারের প্রধানমন্ত্রীর এই অংশগ্রহণ একটি ঐতিহাসিক ঘটনা হতে যাচ্ছে।”

সিটি করপোরেশনের প্রশাসক আবদুস সালাম জানিয়েছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান জাতীয় ঈদগাহে নামাজ পড়ার সম্মতি দিয়েছেন। তাঁর সঙ্গে মন্ত্রিসভার সদস্য এবং রাষ্ট্রের উচ্চপদস্থ কর্মকর্তারাও অংশ নেবেন।

জাতীয় ঈদগাহে এবার প্রায় ৪০ হাজার মুসল্লির নামাজের ব্যবস্থা করা হয়েছে। নারীদের জন্য আলাদা প্রবেশপথ, ওজুখানা ও নামাজের নির্ধারিত স্থান রাখা হয়েছে। বৃষ্টির সম্ভাবনা মাথায় রেখে প্রয়োজনীয় ত্রিপল ও পলিথিন শেডের ব্যবস্থা রাখা হয়েছে। সার্বিক নিরাপত্তায় পুলিশ ও র‍্যাবের পাশাপাশি ভিভিআইপিদের সুরক্ষায় নিয়োজিত থাকবে স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ)।

উল্লেখ্য, এর আগে বিগত বছরগুলোতে প্রধান উপদেষ্টা হিসেবে ড. ফখরুদ্দীন আহমদ এবং ড. মুহাম্মদ ইউনূস এই মাঠে নামাজ আদায় করেছেন। তবে ১৯৯০ সালের পর প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের এই সফরকে কেন্দ্র করে ঈদগাহ এলাকায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে।

এসপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত