ঢাকা, বুধবার, ১৮ মার্চ ২০২৬, ৪ চৈত্র ১৪৩২

'বাবার উন্নয়ন দর্শনের পথেই হাঁটছেন প্রধানমন্ত্রী তারেক রহমান'

২০২৬ মার্চ ১৮ ১৫:০২:০৪

'বাবার উন্নয়ন দর্শনের পথেই হাঁটছেন প্রধানমন্ত্রী তারেক রহমান'

নিজস্ব প্রতিবেদক: পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ এমপি বলেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উন্নয়ন দর্শনের ধারাবাহিকতায় প্রধানমন্ত্রী তারেক রহমান দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন।

বুধবার (১৮ মার্চ) দুপুরে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জ ইউনিয়নের সিংজানি খাল খনন কাজের উদ্বোধন অনুষ্ঠানে প্রতিমন্ত্রী এ কথা জানান। তিনি বলেন, খাল খনন প্রকল্পের মাধ্যমে জলাবদ্ধতা নিরসন, কৃষি উৎপাদন বৃদ্ধি এবং স্থানীয় কর্মসংস্থান সৃষ্টি করা হবে।

প্রতিমন্ত্রী আরও জানান, খাল খনন কাজের জন্য মেশিন ব্যবহার করা সম্ভব হলেও প্রধানমন্ত্রীর নির্দেশে স্থানীয় শ্রমিকদের মাধ্যমে প্রকল্প বাস্তবায়ন করা হবে। মেশিনে ১০ লাখ টাকার কাজ শ্রমিক দিয়ে করলে ১২ লাখ টাকায় সম্পন্ন হবে, তবুও স্থানীয় মানুষদের জন্য শ্রমিক নিয়োগ করা হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার লিংকন। তিনি জানান, বিএনপি সরকার সকলের উন্নয়ন নিশ্চিত করতে কাজ করছে। পরিবারের নারীদের জন্য ‘ফ্যামিলি কার্ড’ এবং কৃষকদের জন্য আগামী ২৩ মার্চ ‘কৃষক কার্ড’ চালু করা হবে। এছাড়া শিক্ষার্থীদের জন্য আনন্দঘন শিক্ষাব্যবস্থা গড়ে তোলার পরিকল্পনা রয়েছে।

এছাড়া, গোবিন্দগঞ্জে ১,৮৪২ একর জমির মধ্যে ৪০০ একর জায়গায় ইপিজেড স্থাপনের পরিকল্পনা বাস্তবায়িত হবে। তিনি আশ্বাস দেন, সুগার মিল পুনঃপ্রতিষ্ঠা এবং ইপিজেড স্থাপনের মাধ্যমে এলাকার ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি হবে।

স্থানীয় স্বাস্থ্যখাত উন্নয়নে নেয়া উদ্যোগ, মাদক ও অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার কথাও উল্লেখ করেন এমপি।

প্রতিমন্ত্রী বেলা ১১টায় মহিমাগঞ্জ ইউনিয়নের গোপালপুর এলাকায় খাল খনন কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। প্রায় ৪ কিলোমিটার দীর্ঘ সিংজানি খাল নুরুল্লার বিল থেকে দেওয়ানতলা হয়ে বাঙালি নদীর সঙ্গে যুক্ত হবে। খালটি বর্তমানে মৃতপ্রায় অবস্থায় ভরাট। প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে এলাকার মানুষ জলাবদ্ধতা কমানো, কৃষি উৎপাদন বৃদ্ধি এবং জীবনমান উন্নয়নে উপকৃত হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে গাইবান্ধার জেলা প্রশাসক মাসুদুর রহমান মোল্লা, পুলিশ সুপার জসীম উদ্দীন, জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি মাইনুল ইসলাম সাদিক, উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দা ইয়াসমিন সুলতানা, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহামুদুন্নবী টিটুলসহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী এবং বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে প্রতিমন্ত্রী একই ইউনিয়নের একটি স্লুইস গেট পরিদর্শন করেন।

এমজে/

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত