ঢাকা, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ৩ চৈত্র ১৪৩২

বর্জ্য ব্যবস্থাপনায় দেশীয় প্রযুক্তি ব্যবহারের নির্দেশ প্রধানমন্ত্রীর

২০২৬ মার্চ ১৭ ১৫:২৫:১৮

বর্জ্য ব্যবস্থাপনায় দেশীয় প্রযুক্তি ব্যবহারের নির্দেশ প্রধানমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক: ঢাকার বর্জ্য ব্যবস্থাপনাকে আধুনিক ও কার্যকর করতে আমদানিনির্ভরতা কমিয়ে দেশীয় প্রযুক্তি ও প্রকৌশলীদের কাজে লাগানোর ওপর জোর দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে রাজধানীর পরিচ্ছন্নতা নিশ্চিত করতে দুই সিটি করপোরেশনকে আরও সক্রিয় হওয়ার নির্দেশ দিয়েছেন তিনি।

মঙ্গলবার (১৭ মার্চ) সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ শেষে এসব তথ্য জানান ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক মো. আব্দুস সালাম এবং ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক মো. শফিকুল ইসলাম খান।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক মো. আব্দুস সালাম বলেন, রাজধানীর সার্বিক উন্নয়ন নিয়ে প্রধানমন্ত্রী অত্যন্ত গুরুত্বের সঙ্গে কাজ করছেন। নগরের কোথায় কী কাজ হচ্ছে, কোথায় ঘাটতি রয়েছে—এসব বিষয়ে তিনি নিয়মিত খোঁজ রাখছেন। দায়িত্ব নেওয়ার পর থেকে বর্জ্য ব্যবস্থাপনায় কিছু অগ্রগতি হয়েছে বলেও জানান তিনি।

পরিচ্ছন্নতাকর্মীদের জন্য বিশেষ প্রণোদনার বিষয়টি উল্লেখ করে তিনি বলেন, বর্জ্য ব্যবস্থাপনায় যুক্ত কর্মীদের জন্য এবার ঈদ উপলক্ষে বোনাস দেওয়া হয়েছে, যা দেশের ইতিহাসে প্রথমবারের মতো কোনো সরকারপ্রধানের এমন উদ্যোগ বলে দাবি করা হয়। কর্মীরা এ জন্য প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।

তবে এ অগ্রগতিতে পুরোপুরি সন্তুষ্ট নন প্রধানমন্ত্রী—এ কথা জানিয়ে তিনি বলেন, বর্তমান কাজকে আরও এগিয়ে নিতে হবে। বর্জ্য ব্যবস্থাপনা, খাল-নর্দমা পরিষ্কার ও আধুনিকীকরণে দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণের নির্দেশ দিয়েছেন তিনি।

দেশীয় প্রযুক্তির ব্যবহার প্রসঙ্গে তিনি বলেন, বর্জ্য অপসারণে ব্যবহৃত যানবাহন ও যন্ত্রপাতি দেশে তৈরি করা সম্ভব কি না—সে বিষয়ে গুরুত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী। স্থানীয় প্রকৌশলী ও শিক্ষার্থীদের সম্পৃক্ত করে প্রয়োজনীয় সরঞ্জাম তৈরির উদ্যোগ নেওয়ার ওপরও জোর দেওয়া হয়েছে।

ঈদ উপলক্ষে নগরবাসীর যাতায়াত নির্বিঘ্ন করতে নেওয়া প্রস্তুতির কথা তুলে ধরে ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক মো. শফিকুল ইসলাম খান বলেন, বাস টার্মিনাল ও আশপাশের সড়কগুলো সংস্কারসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। এ বিষয়ে একাধিক সমন্বয় সভাও করা হয়েছে।

তিনি আরও জানান, বিভিন্ন উন্নয়ন প্রকল্পের অগ্রগতি সম্পর্কে প্রধানমন্ত্রী নিয়মিত খোঁজখবর নিচ্ছেন এবং প্রতি সপ্তাহে তাদের কাছ থেকে আপডেট নিচ্ছেন।

মশার উপদ্রব নিয়ে তিনি বলেন, এটি একটি দীর্ঘমেয়াদি সমস্যা। আগের তুলনায় কিছুটা উন্নতি হলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে নিয়মিত মনিটরিং করা হচ্ছে। পাশাপাশি বর্জ্য ব্যবস্থাপনা সঠিকভাবে হচ্ছে কি না তা তদারকিতে কমিটিও গঠন করা হয়েছে।

মশা নিধনে দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ হিসেবে খাল, নর্দমা ও ড্রেন পরিষ্কারের বিশেষ কর্মসূচি হাতে নেওয়া হয়েছে বলে জানান তিনি। অনেক জায়গায় বন্ধ হয়ে থাকা খাল পুনঃখননের উদ্যোগও চলছে। লক্ষ্য হলো আগামী বর্ষার আগেই পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি নিশ্চিত করা।

এদিকে বর্জ্য ব্যবস্থাপনা, পরিবহন ও ইলেকট্রিক থ্রি-হুইলার উন্নয়নে কারিগরি সহায়তা দিতে কাজ করছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)। এ বিষয়ে প্রাথমিক পর্যায়ের আলোচনা শুরু হয়েছে।

বুয়েটের যন্ত্রকৌশল বিভাগের অধ্যাপক ড. মো. এহসান জানান, বর্জ্য অপসারণে স্বয়ংক্রিয় বা অটোমেশন ব্যবস্থা চালুর সম্ভাবনা যাচাই করা হচ্ছে। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে এ বিষয়ে পরিকল্পনা চূড়ান্ত করা হবে।

তিনি আরও বলেন, দেশেই প্রয়োজনীয় যন্ত্রপাতি উন্নয়ন এবং বুয়েট উদ্ভাবিত ইলেকট্রিক থ্রি-হুইলার বাস্তবায়নের বিষয়েও কাজ এগোচ্ছে, যদিও এখনো নির্দিষ্ট সময়সীমা নির্ধারণ করা হয়নি।

এমজে/

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত