ঢাকা, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ১৫ ফাল্গুন ১৪৩২

হাসিনা-বেগম জিয়ার স্মৃতিবিজড়িত লাল বাড়ি পাচ্ছেন শফিকুর রহমান

২০২৬ ফেব্রুয়ারি ২৭ ১২:৪৭:২৬

হাসিনা-বেগম জিয়ার স্মৃতিবিজড়িত লাল বাড়ি পাচ্ছেন শফিকুর রহমান

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর মিন্টো রোডের ঐতিহাসিক ২৯ নম্বর বাসভবন, যা রাজনৈতিক মহলে ‘লাল বাড়ি’ হিসেবে সমধিক পরিচিত, দীর্ঘ আড়াই দশক পর আবারও তার রাজনৈতিক জৌলুস ফিরে পেতে যাচ্ছে। ব্রিটিশ আমলের আভিজাত্য ঘেরা এই বাংলোটি ত্রয়োদশ জাতীয় সংসদের নবনিযুক্ত বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের নামে বরাদ্দ দিয়েছে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়। দীর্ঘদিন অব্যবহৃত থাকায় ভবনটি অনেকটা জরাজীর্ণ হয়ে পড়লেও বর্তমানে সেখানে পুরোদমে সংস্কার ও আধুনিকায়নের কাজ চলছে।

প্রায় আড়াই একর জমির ওপর নির্মিত এই দোতলা লাল ভবনটি বাংলাদেশের ক্ষমতার পালাবদলের বহু ইতিহাসের সাক্ষী। ১৯৯১ সালে পঞ্চম জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা হিসেবে শেখ হাসিনা এই বাড়িতে বসবাস শুরু করেন। পরবর্তীতে ১৯৯৬ থেকে ২০০১ সাল পর্যন্ত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এই বাসভবনটি ব্যবহার করেন। সেই সময় এই ‘লাল বাড়ি’ ছিল দেশের রাজনীতির অন্যতম প্রধান কেন্দ্রবিন্দু। তবে ২০০১ সালের পর থেকে দীর্ঘ ২৫ বছর কোনো বিরোধীদলীয় নেতা এই বাড়িতে ওঠেননি, ফলে ভবনটি এক প্রকার লোকচক্ষুর আড়ালেই ছিল।

ভৌগোলিক ও নিরাপত্তার দিক থেকে মিন্টো রোডের এই অবস্থান অত্যন্ত সংবেদনশীল। বাংলোটির চারপাশেই রাষ্ট্র ও প্রশাসনের শীর্ষ ব্যক্তিদের সরকারি বাসভবন। এর একপাশে প্রধান নির্বাচন কমিশনার ও উচ্চ আদালতের বিচারপতির ঠিকানা, অন্যপাশে রাষ্ট্রীয় অতিথি ভবন ‘যমুনা’। এছাড়া আইজিপি, মন্ত্রিপরিষদ সচিব এবং ঢাকা জেলা প্রশাসকের বাসভবনও এই এলাকাতেই অবস্থিত। নিরাপত্তার কথা মাথায় রেখেই বিরোধীদলীয় নেতার জন্য এই ভবনটিকে সবচেয়ে উপযুক্ত মনে করছে প্রশাসন।

গণপূর্ত অধিদপ্তর সূত্রে জানা গেছে, ভবনটির মেরামত ও সংস্কারের কাজ প্রায় ৯০ শতাংশ শেষ হয়েছে। অবকাঠামোগত কিছু ত্রুটি সংশোধন ও নতুন করে রঙের কাজ এখনও চলমান। সংশ্লিষ্টরা মনে করছেন, বাড়িটিকে পুরোপুরি বাসযোগ্য করে তুলতে আরও এক থেকে দেড় মাস সময় লাগতে পারে।

তবে ডা. শফিকুর রহমান এই ঐতিহ্যবাহী বাড়িতে কবে নাগাদ সপরিবারে উঠবেন, তা নিয়ে এখনও কিছুটা ধোঁয়াশা রয়ে গেছে। দলটির সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার এ বিষয়ে বলেন, ‘সংসদ সচিবালয় বা সরকার নিয়ম অনুসারেই বিরোধীদলীয় নেতার জন্য ২৯ মিন্টো রোডের বাড়ি বরাদ্দ দিয়েছেন। ওই বাড়িতে তিনি উঠবেন কিনা বা উঠলে কবে নাগাদ উঠবেন তা এখনো ঠিক হয়নি। এ ব্যাপারে দলের কোনো ফোরামে এখন পর্যন্ত আলোচনা হয়নি।’ তিনি আরও যোগ করেন, ‘সংসদ তো এখনো বসেনি। অধিবেশন শুরু হোক, তখন আমরা দলীয় নীতিনির্ধারণী ফোরামে আলোচনা করে জানাব।’

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত