×

ঢাকা, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩

মেসিকে এখন যুক্তরাষ্ট্রেই ফুটবল উপভোগ করতে দিন: রিকেলমে

২০২৬ সেপ্টেম্বর ০২ ১৮:৩১:৪৬

মেসিকে এখন যুক্তরাষ্ট্রেই ফুটবল উপভোগ করতে দিন: রিকেলমে

স্পোর্টস ডেস্ক: আর্জেন্টিনার জার্সিতে লিওনেল মেসির অধ্যায় শেষ হয়েছে। জাতীয় দল থেকে তাঁর বিদায়ের পর পুরো দেশ যখন আবেগ ও ভালোবাসায় তাঁকে স্মরণ করছে, তখন আর্জেন্টাইন কিংবদন্তি হুয়ান রোমান রিকেলমেও মেসিকে নিয়ে নিজের অনুভূতির কথা জানিয়েছেন।

মেসির অসাধারণ ক্যারিয়ারের প্রশংসা করলেও বোকা জুনিয়র্সের সভাপতি মনে করেন, এখন আর আর্জেন্টিনার ফুটবলে ফেরার প্রয়োজন নেই মেসির। বরং যত দিন ইচ্ছা, যুক্তরাষ্ট্রেই তাঁর ফুটবল উপভোগ করা উচিত।

টাইসি স্পোর্টসকে দেওয়া এক সাক্ষাৎকারে জাতীয় দল থেকে মেসির অবসর প্রসঙ্গে কথা বলেন রিকেলমে। ২০০৫ থেকে ২০০৯ সাল পর্যন্ত আর্জেন্টিনা দলে মেসির সতীর্থ ছিলেন তিনি। ২০০৬ বিশ্বকাপেও দুজন একসঙ্গে খেলেছেন। পরে ২০০৮ বেইজিং অলিম্পিকে আর্জেন্টিনার হয়ে জিতেছেন সোনার পদক।

মেসির অর্জন নিয়ে কথা বলতে গিয়ে রিকেলমে বলেন, ‘আমাদের উচিত তাকে আরও বেশি ধন্যবাদ দেওয়া। সে যা কিছু করেছে, তার পর আমরা আর কী চাইতে পারি? সে নিজের সব স্বপ্ন পূরণ করেছে, আমাদের স্বপ্নও পূরণ করেছে। নিঃসন্দেহে আমি জানি না সে সর্বকালের সেরা কি না, কিন্তু সে সেরাদের কাতারে অবশ্যই আছে। কোনো ফুটবলার এত বছর ধরে সেরা পর্যায়ে থাকতে পারেনি, এটা অবিশ্বাস্য।’

মেসির সাফল্যের পেছনে থাকা কঠিন সময়গুলোর কথাও স্মরণ করেছেন রিকেলমে। তিনি বলেন, ‘আর্জেন্টিনার মানুষ তাকে যে ভালোবাসা দিচ্ছে, সে তার সবটুকুই প্রাপ্য। কারণ সে নিজেকে নিংড়ে দিয়েছে, অনেক কষ্ট করেছে, শুরুতে জিততে ভীষণ সংগ্রাম করতে হয়েছে। শেষ পর্যন্ত সে সবকিছু অর্জন করেছে। ঈশ্বর তার প্রতি ন্যায়বিচার করেছেন, আর সেটাই দারুণ।’

মেসিকে এখন কেবল ভালোবাসা ও সম্মান দেওয়ার আহ্বান জানিয়ে রিকেলমে বলেন, ‘এখন তাকে ভালোবাসা দিন, স্নেহ দিন, এটাই তার প্রাপ্য। আর্জেন্টিনার ফুটবল এবং ফুটবলের জন্য সে যা করেছে, তার জন্য তাকে ধন্যবাদ দিতে হবে। পুরো বিশ্ব তাকে ভালোবাসে, আর সে এই ভালোবাসার যোগ্য।’

মেসির সঙ্গে রিকেলমের সম্পর্ক অবশ্য জাতীয় দলের সতীর্থ হওয়ার মধ্যেই সীমাবদ্ধ নয়। ২০০৮ অলিম্পিকে একসঙ্গে খেলে সোনার পদক জয়ের স্মৃতিও রয়েছে তাঁদের। সেই সম্পর্কের ধারাবাহিকতায় ২০২৩ সালে রিকেলমের বিদায়ী ম্যাচেও উপস্থিত ছিলেন মেসি।

এখনো দুজনের সম্পর্ক আগের মতোই রয়েছে। মেসির সঙ্গে নিয়মিত যোগাযোগের কথা জানিয়ে রিকেলমে বলেন, ‘আমি সবসময় তার সঙ্গে কথা বলি। আমাদের খুব সুন্দর একটা সম্পর্ক। সে আমাকে অনেক ভালোবাসে, আমিও তাকে অনেক ভালোবাসি। আমি তার সঙ্গে আরও বেশি খেলতে পারলে খুব খুশি হতাম। তবে তার সঙ্গে খেলতে পেরেছি, সেটাই আমার সৌভাগ্য। এমন অভিজ্ঞতা অনন্য। আমাদের মধ্যে যে ভালোবাসা ও সম্মান আছে, সেটাই সবচেয়ে বড় বিষয়।’

মেসির মতো আরেকজন ফুটবলার আর্জেন্টিনা ভবিষ্যতে পাবে কি না, তা নিয়েও সংশয় প্রকাশ করেছেন রিকেলমে। তাঁর ভাষায়, ‘আমি একই কথা বলে যাব, আমরা আবার কখনো তার মতো একজন খেলোয়াড় পাওয়ার সৌভাগ্য অর্জন করব কি না, জানি না। ম্যারাডোনা মারা যাওয়ার সময়ও আমরা ভেবেছিলাম, এমন কেউ আর আসবে না। তারপর এমন একজন এল, যে সমান ভালো কিংবা তার চেয়েও ভালো। আমরা আর্জেন্টাইনরা সত্যিই অনেক ভাগ্যবান।’

এ কারণেই মেসিকে এখন নিজের মতো করে জীবন উপভোগ করার সুযোগ দিতে চান রিকেলমে। তাঁর মতে, জাতীয় দলের অধ্যায় শেষ হওয়ার পর মেসির উচিত যুক্তরাষ্ট্রে থেকেই যত দিন ইচ্ছা ফুটবল খেলে যাওয়া।

রিকেলমে বলেন, ‘এখন তাকে যত দিন ইচ্ছা যুক্তরাষ্ট্রে ফুটবল উপভোগ করতে দিন। আমরা আর্জেন্টাইনরা তাকে সবসময় অনেক ভালোবাসা ও স্নেহ দেব, যেটা সে প্রাপ্য।’

মেসির আর্জেন্টিনায় ফেরার প্রসঙ্গে নিজের অবস্থান আরও স্পষ্ট করেছেন বোকা জুনিয়র্সের সভাপতি। তাঁর মতে, কাতার বিশ্বকাপে বিশ্বকাপ জয়ের মধ্য দিয়েই মেসি নিজের সবচেয়ে বড় স্বপ্ন পূরণ করেছেন। তাই এখন তাঁর ওপর নতুন কোনো প্রত্যাশার বোঝা চাপিয়ে দেওয়া উচিত নয়।

রিকেলমের ভাষায়, ‘বিশ্বকাপে সে যা পেয়েছে, তাতেই সে খুশি। সে অনন্য, তার কোনো বিকল্প নেই। স্পেনের হয়ে খেলার খুব সহজ সুযোগ তার সামনে ছিল, কিন্তু সে আমাদের দেশের হয়ে খেলার সিদ্ধান্ত নিয়েছিল। এখন তাকে নিজের মতো থাকতে দিতে হবে এবং যত দিন সে খেলতে চায়, খেলতে দিতে হবে। তার জন্য যুক্তরাষ্ট্রে থাকাই ভালো। আর আমরা আর্জেন্টিনার সব ফুটবলপ্রেমী তার ভক্ত হয়ে তাকে ভালোবাসা দিয়ে যাব।’

ইমামুল

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত