ঢাকা, শনিবার, ১৫ আগস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩

শুধু বেতন নয়, তরুণদের পছন্দে এখন কাজের স্বাধীনতা

২০২৬ আগস্ট ১৫ ১২:৫৫:০৮

শুধু বেতন নয়, তরুণদের পছন্দে এখন কাজের স্বাধীনতা

নিজস্ব প্রতিবেদক: চাকরি খোঁজার সময় তরুণদের প্রথম প্রশ্ন ছিল, ‘মাস শেষে বেতন কত?’ এখন সেই প্রশ্নের জায়গা বদলেছে। নতুন চাকরিপ্রার্থীরা জানতে চান, কাজের সময় কতটা নমনীয়, ছুটি কেমন, বাড়ি থেকে কাজের সুযোগ আছে কি না। চাকরির পাশাপাশি নিজের জীবন উপভোগ করা যাচ্ছে কি না, সেটিও এখন গুরুত্বপূর্ণ বিবেচনা হয়ে উঠেছে।

আন্তর্জাতিক বিভিন্ন গবেষণাতেও তরুণদের কর্মজীবন নিয়ে এই পরিবর্তনের চিত্র উঠে এসেছে। বিশ্বখ্যাত আন্তর্জাতিক পরামর্শক প্রতিষ্ঠান ডেলয়েটের ‘২০২৬ জেন–জি অ্যান্ড মিলেনিয়াল সার্ভে’ এর একটি বড় উদাহরণ। সমীক্ষায় দেখা গেছে, তরুণদের কাছে শুধু বড় অঙ্কের বেতনই শেষ কথা নয়; কাজের পরিবেশ, মানসিক স্বস্তি এবং কর্মজীবনের সঙ্গে ব্যক্তিজীবনের ভারসাম্যও তাঁদের কাছে গুরুত্বপূর্ণ।

বাংলাদেশের প্রেক্ষাপটে উদীয়মান বেশ কিছু পেশায় তরুণদের আগ্রহও বাড়ছে।

কনটেন্ট রাইটিং ও সামাজিক যোগাযোগমাধ্যম পরিচালনা: এই পেশায় বেশির ভাগ সময় বাড়ি থেকে কাজ করার সুযোগ থাকে। এতে যাতায়াতের দীর্ঘ সময় বেঁচে যায়। পাশাপাশি লেখার মাধ্যমে নিজস্ব সৃজনশীলতা প্রকাশের স্বাধীন সুযোগও পাওয়া যায়।

অনলাইন টিচিং ও টিউটরিং: বিভিন্ন এডটেক বা অনলাইন প্ল্যাটফর্মে নির্দিষ্ট সময়ের বাইরে কাজের চাপ থাকে না। ফলে চাকরির পাশাপাশি পড়াশোনা কিংবা প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নেওয়া সহজ হয়।

গ্রাফিকস ডিজাইন ও বেসিক আইটি সাপোর্ট: ছোট ব্যবসা বা টেক ফার্মগুলোতে কাজের সময়সীমা বেশ নির্দিষ্ট থাকে। প্রথাগত করপোরেট অফিসের তীব্র প্রতিযোগিতা না থাকায় কাজের মানসিক চাপও তুলনামূলক কম।

ইভেন্ট ম্যানেজমেন্ট ও ক্রিয়েটিভ এজেন্সি: শুরুর দিকে এ খাতে বেতনের অঙ্ক কিছুটা কম হতে পারে। তবে কাজের পরিবেশ বেশ প্রাণবন্ত। বিভিন্ন খাতের মানুষের সঙ্গে যোগাযোগ তৈরির সুযোগ থাকায় নতুন ক্যারিয়ার গড়তেও এটি সহায়ক হতে পারে।

অডিও কনটেন্ট ও পডকাস্ট প্রডিউসার: বাংলাদেশে অডিও মিডিয়ার প্রসার ঘটছে। এ পেশায় আধুনিক সাউন্ড প্রযুক্তি ব্যবহারের সুযোগ রয়েছে। অডিও স্টোরিটেলিং শিখে ভবিষ্যৎ ক্যারিয়ারের শক্ত ভিত্তি গড়ে তোলা সম্ভব।

কমিউনিটি ও ব্র্যান্ড এনগেজমেন্ট স্পেশালিস্ট: প্রযুক্তিপ্রতিষ্ঠান ও আন্তর্জাতিক ব্র্যান্ডের অনলাইন গ্রুপ পরিচালনার কাজ এটি। ঘরে বসেই দেশি-বিদেশি ক্লায়েন্টের সঙ্গে কাজ করা যায়। এতে আধুনিক প্রযুক্তি-সংশ্লিষ্ট বিভিন্ন টুল ব্যবহারের দক্ষতাও বাড়ে।

ইকো-সাসটেইনেবিলিটি ও গ্রিন প্রজেক্ট অ্যাসোসিয়েট: পরিবেশ ও টেকসই উন্নয়ন নিয়ে কাজ করা এ পেশার সম্ভাবনা রয়েছে। বৈশ্বিক বাজারে এ ধরনের দক্ষতার চাহিদা তৈরি হচ্ছে। নতুন কাজের অভিজ্ঞতা অর্জনের সুযোগ থাকায় তরুণদের অনেকে এ ক্ষেত্রেও আগ্রহী হচ্ছেন।

এ ধরনের চাকরিতে শুরুতেই হয়তো মোটা অঙ্কের অর্থ পাওয়া যাচ্ছে না। তবে চাকরির পাশাপাশি অর্জিত হচ্ছে বহুমুখী দক্ষতা। যানজটের ধকল ও অতিরিক্ত মানসিক চাপ না থাকায় বেঁচে যাওয়া সময়টুকু তরুণেরা নিজেদের পছন্দ ও দক্ষতা উন্নয়নে কাজে লাগাচ্ছেন।

কেউ নিয়মিত গান, অভিনয় কিংবা নতুন কোনো বাদ্যযন্ত্রের চর্চা করছেন। আবার কেউ সময় দিচ্ছেন এআই প্রম্পটিং ও আধুনিক প্রযুক্তি শেখায়।

শিল্পচর্চা ও প্রযুক্তির এই মেলবন্ধন তরুণদের বহুমুখী দক্ষ করে তুলছে। এই যোগ্যতা ভবিষ্যৎ পেশাজীবনকে নতুন মাত্রা দিতে পারে। আজকের দক্ষতা অর্জনের সুযোগ ভবিষ্যতে শুধু অর্থের চিন্তা কমাবে না; বরং প্রাচুর্যকে সৃজনশীলভাবে উপভোগেরও বিস্তৃত সুযোগ তৈরি করবে।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

ফের দেশের বাজারে বাড়ল সোনার দাম

ফের দেশের বাজারে বাড়ল সোনার দাম

নিজস্ব প্রতিবেদক: দেশের বাজারে টানা তৃতীয়বারের মতো স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এবার ভরিতে ১ হাজার ১৩৩ টাকা... বিস্তারিত