ঢাকা, সোমবার, ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ১১ ফাল্গুন ১৪৩২

ইসিতে একসঙ্গে ১১২ নির্বাচন কর্মকর্তার বদলি

২০২৬ ফেব্রুয়ারি ২৩ ২০:৪০:২২

ইসিতে একসঙ্গে ১১২ নির্বাচন কর্মকর্তার বদলি

নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শেষ হতেই মাঠ প্রশাসনে ব্যাপক পরিবর্তনের উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন। দেশের বিভিন্ন উপজেলা ও থানা পর্যায়ে কর্মরত মোট ১১২ জন নির্বাচন কর্মকর্তাকে একযোগে বদলি করা হয়েছে।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশনের জনবল ব্যবস্থাপনা শাখা থেকে সহকারী সচিব মোহাম্মদ শহীদুর রহমানের সই করা এক অফিস আদেশে এই বদলির নির্দেশ জারি হয়।

আদেশে জানানো হয়েছে, নির্বাচন কমিশন সচিবালয়সহ দেশের বিভিন্ন উপজেলা ও থানায় কর্মরত এসব কর্মকর্তাকে বর্তমান কর্মস্থল থেকে সরিয়ে নতুন কর্মস্থলে পদায়ন করা হয়েছে। জনস্বার্থ বিবেচনায় জারি করা এই নির্দেশ তাৎক্ষণিকভাবে কার্যকর বলে উল্লেখ করা হয়েছে।

বদলি হওয়া কর্মকর্তাদের জন্য নির্দিষ্ট সময়সীমাও বেঁধে দিয়েছে কমিশন। নির্দেশ অনুযায়ী, সংশ্লিষ্টদের আগামী ১ মার্চের মধ্যে বর্তমান দায়িত্ব হস্তান্তর করে অবমুক্ত হতে হবে। নির্ধারিত সময়ে তা না হলে ওইদিন অপরাহ্ণ থেকেই তাদের স্বয়ংক্রিয়ভাবে অবমুক্ত হিসেবে গণ্য করা হবে।

ইসির কর্মকর্তারা বলছেন, জাতীয় সংসদ নির্বাচন শেষে এটিই কমিশনের সবচেয়ে বড় বদলির সিদ্ধান্ত। সামনে উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পরিষদ নির্বাচনসহ বিভিন্ন স্থানীয় সরকার নির্বাচন থাকায় প্রস্তুতির অংশ হিসেবেই মাঠ পর্যায়ে এই রদবদল করা হয়েছে।

এরই মধ্যে সোমবার নির্বাচন কমিশন সচিবালয়ে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সাক্ষাৎ হয়। বৈঠকে আসন্ন স্থানীয় সরকার নির্বাচন আয়োজনে কমিশনকে সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেয় ইউরোপীয় ইউনিয়ন।

এমজে/

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত