×

ঢাকা, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

প্রতিবন্ধী ব্যক্তিদের দাবি পূরণে প্রয়োজনীয় পদক্ষেপের আশ্বাস প্রধানমন্ত্রীর

২০২৬ অক্টোবর ১৭ ২১:২০:১৬

প্রতিবন্ধী ব্যক্তিদের দাবি পূরণে প্রয়োজনীয় পদক্ষেপের আশ্বাস প্রধানমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক: বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের বিভিন্ন সমস্যা ও দাবি শুনে সেগুলো সমাধানে কার্যকর উদ্যোগ নেওয়ার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আদালত ও হাসপাতালে ইশারা ভাষার দোভাষী নিয়োগ, চাকরিতে বয়সসীমা শিথিল, দক্ষতা বাড়াতে প্রশিক্ষণ এবং প্রতিবন্ধীবান্ধব গণপরিবহন চালুসহ বিভিন্ন দাবি বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়ার কথা জানিয়েছেন তিনি।

শনিবার রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বাংলাদেশ প্রতিবন্ধী কল্যাণ সমিতির প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভায় এসব আশ্বাস দেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব শাহাদাৎ স্বাধীন জানান, বাংলাদেশ প্রতিবন্ধী কল্যাণ সমিতির প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক আব্দুস সাত্তার দুলালের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় ৩০ জন প্রতিবন্ধী ব্যক্তি ও বিভিন্ন প্রতিবন্ধী সংগঠনের প্রতিনিধিরা বক্তব্য দেন। তাঁরা নিজেদের সমস্যা ও দাবি প্রধানমন্ত্রীর সামনে তুলে ধরেন। প্রধানমন্ত্রী তাঁদের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন এবং বেশ কিছু দাবি তাৎক্ষণিকভাবে মেনে নেন।

সভায় বক্তারা প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য জাতীয় বাজেটে বরাদ্দ বাড়ানো, দক্ষতা উন্নয়ন, রাজনৈতিক অংশগ্রহণ, সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়ায় সম্পৃক্ততা এবং কর্মসংস্থানের সুযোগ তৈরির দাবি জানান। পাশাপাশি সরকারি প্রতিষ্ঠান, হাসপাতাল ও আদালতে ইশারা ভাষার দোভাষী নিয়োগের প্রয়োজনীয়তা তুলে ধরেন।

জবাবে প্রধানমন্ত্রী আদালত ও হাসপাতালে ইশারা ভাষার দোভাষী নিয়োগে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন। কৃষিকাজে আগ্রহী প্রতিবন্ধী ব্যক্তিরা যাতে স্থানীয় প্রশাসনের কাছ থেকে প্রয়োজনীয় সহযোগিতা পান, সে জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে নির্দেশনা দেওয়া হবে বলে জানান তিনি। চাকরিতে প্রতিবন্ধী ব্যক্তিদের বয়সসীমা শিথিলের দাবিও বিবেচনার আশ্বাস দেন প্রধানমন্ত্রী।

প্রতিবন্ধীবান্ধব ও সহজলভ্য গণপরিবহন চালুর দাবির পরিপ্রেক্ষিতে তারেক রহমান বলেন, অন্তত বড় শহরগুলোয় এ ধরনের পরিবহনব্যবস্থা চালুর উদ্যোগ নেওয়া হবে। শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির বিষয়েও কার্যকর ব্যবস্থা নেওয়ার কথা জানান তিনি।

প্রশিক্ষণের গুরুত্ব তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, ‘আজকের অনুষ্ঠানে সবচেয়ে বেশি দাবি এসেছে প্রশিক্ষণ নিয়ে।’ কার্যকর প্রশিক্ষণ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশনা দেওয়া হবে বলেও জানান তিনি।

তারেক রহমান আরও বলেন, ‘সরকার গঠনের পর বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের ভাতার পরিমাণ কিছুটা বাড়ানো হয়েছে। সরকারের আর্থিক সক্ষমতার ওপর নির্ভর করে ভবিষ্যতে এ ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেওয়া হবে।’

অনুষ্ঠানে মো. মহসিন নামের একজন প্রতিবন্ধী ক্রীড়াবিদ প্রধানমন্ত্রীর জন্য একটি ক্যাপ নিয়ে আসেন। প্রধানমন্ত্রী মঞ্চ থেকে নেমে এসে ক্যাপটি গ্রহণ করেন। এ সময় বিদেশে খেলাধুলায় অংশগ্রহণের ক্ষেত্রে মহসিনের দলকে সহযোগিতা করার আশ্বাস দেন তিনি।

সভায় আরও বক্তব্য দেন সমাজকল্যাণমন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন, প্রতিমন্ত্রী ফারজানা শারমীন এবং প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

জাতীয় এর অন্যান্য সংবাদ

‘ধর্ম যার যার, রাষ্ট্র সবার’: সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার আহ্বান রাষ্ট্রপতির

‘ধর্ম যার যার, রাষ্ট্র সবার’: সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার আহ্বান রাষ্ট্রপতির

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতিকে অভূতপূর্ব নিদর্শন হিসেবে তুলে ধরেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘শুধু আজকে নয়,... বিস্তারিত

আজকের বাজারে স্বর্ণের দাম (১৬ অক্টোবর)

আজকের বাজারে স্বর্ণের দাম (১৬ অক্টোবর)

ডুয়া ডেস্ক: বিশ্ববাজারের পরিস্থিতির প্রভাবে দেশের বাজারেও স্বর্ণের দামে পরিবর্তন এসেছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) ভরিতে সর্বশেষ ৩ হাজার ২৬৬... বিস্তারিত