ঢাকা, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩
‘ধর্ম যার যার, রাষ্ট্র সবার’: সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার আহ্বান রাষ্ট্রপতির
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতিকে অভূতপূর্ব নিদর্শন হিসেবে তুলে ধরেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘শুধু আজকে নয়, যুগান্তর ধরে এই ভূখণ্ডে বিভিন্ন ধর্মের মানুষ একসাথে বাস করছে। আমাদের সাহিত্য, আমাদের সংস্কৃতি, আমাদের শিল্প সবকিছুর মধ্যে এই অভূতপূর্ব সম্মিলন ও সম্প্রীতি নিদর্শন আপনারা সবসময় পাবেন।’
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শনিবার দুপুরে ঢাকেশ্বরী জাতীয় মন্দির পরিদর্শন করেন রাষ্ট্রপতি। পরে সেখানে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, ‘আপনাদের এখানে একটা স্লোগান আছে যে, ধর্ম যার যার উৎসব সবার। আমরা সেই সঙ্গে যুক্ত করে বলতে চাই- ধর্ম যার যার, রাষ্ট্র সবার। আপনাদের এই অধিকার রাষ্ট্র থেকে পাওয়া, সংবিধান থেকে পাওয়া। এই কথা আমাদের সবসময় জোরের সঙ্গে বলতে হবে যে, এই সংবিধান আমাকে যে অধিকার দিয়েছে, সেই অধিকার অবশ্যই আমি রক্ষা করব।’
সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন অটুট রাখার ওপর গুরুত্ব দিয়ে রাষ্ট্রপতি বলেন, যারা বিভাজন সৃষ্টি করে এই বন্ধন নষ্ট করার মাধ্যমে নিজেদের স্বার্থ হাসিল করতে চায়, তাদের বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।
তিনি বলেন, স্বাধীনতার আগে থেকেই এ দেশের মানুষ একসঙ্গে বেড়ে উঠেছে। ১৯৭১ সালে কাঁধে কাঁধ মিলিয়ে মুক্তিযুদ্ধ করার সময়ও তারা একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেছিলেন। সেই অবস্থানেই তাঁরা রয়েছেন। সম্প্রীতির এই আদর্শ রক্ষায় যেকোনো মূল্য দিতে তাঁরা প্রস্তুত।
রাষ্ট্রপতি বলেন, বাংলাদেশের মানুষ উগ্রবাদী নয়। কোনো বিষয়ে চরম অবস্থানে যাওয়ার প্রবণতাও এ দেশের মানুষের মধ্যে নেই। এই ঐতিহ্য ধরে রাখতে হবে।
তিনি আরও বলেন, দুর্ভাগ্যজনকভাবে দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার নানা চেষ্টা চলছে। বাংলাদেশে সম্প্রীতি নষ্ট হচ্ছে—এমন বক্তব্য দেশে-বিদেশে বিভিন্নভাবে বড় করে প্রচার করা হয়। তবে এ দেশের সব সম্প্রদায়ের মানুষ নিজ নিজ ধর্ম যথাযথভাবে পালনের মাধ্যমে প্রমাণ করেছেন, তাঁরা ধর্মীয় আচার-অনুষ্ঠান সুন্দরভাবে পালন করতে পারেন।
মির্জা ফখরুল বলেন, বাংলাদেশ বর্তমানে একটি পরিবর্তনকাল অতিক্রম করছে। ভয়াবহ অগণতান্ত্রিক পরিস্থিতি থেকে গণতান্ত্রিক রাষ্ট্রের দিকে এগিয়ে যাওয়ার কাজ শুরু হয়েছে। এই প্রক্রিয়া ধৈর্যের সঙ্গে এগিয়ে নেওয়ার জন্য তিনি সবাইকে আহ্বান জানান।
রাষ্ট্রপতি যেকোনো মূল্যে শান্তিপূর্ণ ও নিরাপদ পরিবেশে দুর্গাপূজা সম্পন্ন করার প্রত্যাশা ব্যক্ত করেন। একই সঙ্গে সনাতন ধর্মাবলম্বীদের বিভিন্ন দাবি-দাওয়া পূরণে যথাযথ সহযোগিতার আশ্বাস দেন।
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সবাইকে শুভেচ্ছা জানিয়ে রাষ্ট্রপতি বলেন, ‘আপনাদের সবাইকে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা।’
অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ও নৃ-গোষ্ঠী বিষয়ক বিশেষ সহকারী বিজন কান্তি সরকার, বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদের সভাপতি বাসুদেব ধর ও সাধারণ সম্পাদক সন্তোষ শর্মা প্রমুখ বক্তব্য দেন।
এর আগে ঢাকেশ্বরী জাতীয় মন্দির প্রাঙ্গণে পৌঁছে পূজামণ্ডপ পরিদর্শন করেন রাষ্ট্রপতি। পরে তিনি সেখানে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- ৬.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল
- নিউজিল্যান্ডে বাংলাদেশি শিক্ষার্থীদের ৭০ শতাংশের ভিসা প্রত্যাখ্যান, বাড়ছে উদ্বেগ
- বাংলাদেশ কোস্ট গার্ডে ৭ ক্যাটাগরিতে ৩৮ পদে নিয়োগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৬ অক্টোবর)
- আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে ২২৮ পদে নিয়োগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ অক্টোবর)
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে ভর্তির আবেদন শুরু আজ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১১ অক্টোবর)
- ২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস
- জেনে নিন হোয়াটসঅ্যাপ ব্যবহার করে আয়ের ১০টি উপায়
- আড়ংয়ে পার্টটাইম চাকরির সুযোগ, থাকছে যেসব সুযোগ-সুবিধা
- ভারতকে ৩ রানে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ
- এনায়েতুল্লাহ আব্বাসীর সঙ্গে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারীর সাক্ষাৎ
- বিআইডব্লিউটিসি ও মেরিটাইম ইউনিভার্সিটির মধ্যে সমঝোতা স্মারক সই