ঢাকা, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩
রাজশাহীর রেশমশিল্পের গৌরব ফেরাতে ৪০টি পাওয়ার লুম চালুর পরিকল্পনা
নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর ঐতিহ্যবাহী রেশমশিল্পের হারানো গৌরব ফিরিয়ে আনতে সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্ব দিয়েছেন ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু। তিনি বলেছেন, জাতীয় অর্থনীতিকে সমৃদ্ধ করতে রাজশাহী রেশম কারখানা ও রেশম বোর্ডের হারানো ঐতিহ্য পুনরুদ্ধার করতে হবে। এ জন্য উৎপাদন বাড়ানোর পাশাপাশি কর্মকর্তা, শ্রমিক ও সংশ্লিষ্ট সবাইকে সততা, নিষ্ঠা ও দেশপ্রেম নিয়ে কাজ করতে হবে।
রেশম কারখানার উৎপাদন বাড়াতে সরকার নতুন পাওয়ার লুম চালু করছে বলে জানিয়েছেন ভূমিমন্ত্রী। এর অংশ হিসেবে ১৫টি পাওয়ার লুম চালুর পাশাপাশি ভবিষ্যতে আরও ২৫টি লুম চালুর পরিকল্পনার কথাও জানান তিনি।
আজ শুক্রবার দুপুরে রাজশাহীতে বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ড চত্বরে জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় দুই লাখ তুঁতচারা রোপণ এবং রেশম কারখানার ১৫টি পাওয়ার লুম চালুর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মিজানুর রহমান মিনু।
রাজশাহীর রেশমশিল্পের ঐতিহাসিক গুরুত্ব তুলে ধরে ভূমিমন্ত্রী বলেন, ‘ব্রিটিশ শাসনামল কিংবা তারও আগে সম্রাট আওরঙ্গজেবের সময়ে বিশ্ব অর্থনীতির একটি বড় অংশ বাংলার নিয়ন্ত্রণে ছিল। ঐতিহ্যবাহী মসলিন ও রেশমশিল্প ছিল এর অন্যতম ভিত্তি। তবে পরবর্তী সময়ে আন্তর্জাতিক চক্রান্ত ও অভ্যন্তরীণ ভুলের কারণে রাজশাহী রেশম কারখানা ক্ষতির মুখে পড়ে।’
রেশমশিল্পকে পুনরুজ্জীবিত করতে প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ কোন্দল এড়িয়ে চলার আহ্বান জানান তিনি। কারখানাটিকে বহু মানুষের জীবিকার প্রধান উৎস হিসেবে বিবেচনা করে সুরক্ষা দেওয়ার পাশাপাশি যোগ্য কর্মীদের যথাযথ মূল্যায়ন নিশ্চিত করার ওপরও গুরুত্ব দেন ভূমিমন্ত্রী।
কর্মকর্তা ও শ্রমিকদের মধ্যে পারস্পরিক সহযোগিতার প্রয়োজনীয়তা তুলে ধরে তিনি বলেন, ‘প্রতিষ্ঠানটিকে একটি পরিবারের মতো পরিচালনা করতে হবে।’
সরকারের বিশেষ উদ্যোগ এবং সংশ্লিষ্ট সবার সম্মিলিত প্রচেষ্টায় রাজশাহী সিল্কের আন্তর্জাতিক সুনাম ও ঐতিহ্য ফিরিয়ে আনা সম্ভব বলে আশাবাদ ব্যক্ত করেন মিজানুর রহমান মিনু। ভবিষ্যৎ প্রজন্মের জন্য এই ঐতিহ্যবাহী শিল্পকে টিকিয়ে রাখতে সবাইকে ত্যাগ, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।
বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের মহাপরিচালক মো. তৌফিক আল মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ শফিকুল হক মিলন, রাজশাহী-৬ আসনের সংসদ সদস্য মো. আবু সাঈদ চাঁদ, বিভাগীয় কমিশনার মো. ইউসুফ আলী, জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মোহাম্মদ এরশাদ আলী ঈশা এবং রেশম পণ্য ব্যবসায়ী মো. আসলাম সরকার।
অনুষ্ঠানে বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের কর্মকর্তা-কর্মচারী, কারখানার শ্রমিক, ব্যবসায়ী, স্থানীয় রাজনৈতিক নেতা ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- বাংলাদেশ কোস্ট গার্ডে ৭ ক্যাটাগরিতে ৩৮ পদে নিয়োগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১১ অক্টোবর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ অক্টোবর)
- আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে ২২৮ পদে নিয়োগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১০ অক্টোবর)
- বাতিল পরীক্ষার নতুন সূচি দিল যুব উন্নয়ন অধিদপ্তর
- জেনে নিন হোয়াটসঅ্যাপ ব্যবহার করে আয়ের ১০টি উপায়
- আড়ংয়ে পার্টটাইম চাকরির সুযোগ, থাকছে যেসব সুযোগ-সুবিধা
- দেওয়ানি বিরোধ নিষ্পত্তির আগে অর্পিত সম্পত্তি অবমুক্ত নয়: হাইকোর্ট
- ২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস
- ভারতকে ৩ রানে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ
- শ্রীলঙ্কাকে হারিয়ে সিরিজ জয় নিশ্চিত করল পাকিস্তান