×

ঢাকা, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

সাত মাসে দুই কোটি শিশুকে টিকা দিয়েছে সরকার: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

২০২৬ অক্টোবর ১৪ ১৯:০৫:৩২

সাত মাসে দুই কোটি শিশুকে টিকা দিয়েছে সরকার: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: বিগত সময়ের অব্যবস্থাপনা ও অবহেলায় দেশের সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (ইপিআই) মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত। তিনি বলেন, সংকট কাটিয়ে বর্তমান সরকারের গত সাত মাসের নিবিড় উদ্যোগে দুই কোটিরও বেশি শিশুকে সফলভাবে টিকার আওতায় আনা সম্ভব হয়েছে।

বুধবার (১৪ অক্টোবর) দুপুরে রাজধানীর সোনারগাঁও হোটেলে ‘বাংলাদেশে ইপিআই ও ভিপিডি সার্ভেইল্যান্সের যৌথ স্বাধীন পর্যালোচনা ফলাফল অবহিতকরণ’ শীর্ষক কর্মশালার সমাপনী অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, একসময় বাংলাদেশের ইপিআই কর্মসূচি বিশ্বজুড়ে জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের প্রশংসা অর্জন করেছিল। দীর্ঘদিন ধরে এই কর্মসূচি শিশুদের অকালমৃত্যু ও প্রতিবন্ধিতার ঝুঁকি থেকে সুরক্ষা দেওয়ার পাশাপাশি দুর্গম ও প্রান্তিক এলাকাতেও টিকাদান সেবা পৌঁছে দিয়েছে। তবে বিগত সময়ের অব্যবস্থাপনার কারণে এই সফল কর্মসূচিতে বড় ধরনের ছন্দপতন ঘটে।

ড. এম এ মুহিত আরও বলেন, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার মাত্র ১৫ দিনের মাথায় আগের ব্যর্থতা ও সংকটের প্রতিফলন হিসেবে দেশে হামের প্রাদুর্ভাব দেখা দেয়।

সংকট মোকাবিলায় সরকারের উদ্যোগ তুলে ধরে তিনি জানান, দায়িত্ব গ্রহণের পর গত সাত মাসে মাঠপর্যায়ের স্বাস্থ্যকর্মী ও আন্তর্জাতিক সহযোগী সংস্থাগুলোর সম্মিলিত প্রচেষ্টায় দুই কোটির বেশি শিশুকে টিকাদান কর্মসূচির আওতায় আনা হয়েছে।

তবে এই সাফল্যে আত্মতুষ্টিতে না ভোগার আহ্বান জানিয়ে স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, হামের প্রাদুর্ভাব এখনো পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি এবং ঝুঁকি রয়ে গেছে। এ কারণে ইপিআই কার্যক্রমের চিহ্নিত সীমাবদ্ধতা ও সংকট দ্রুত দূর করা জরুরি।

সরকার প্রয়োজনীয় জনবল বৃদ্ধি এবং লজিস্টিক সহায়তাসহ সব ধরনের সহযোগিতা নিশ্চিত করবে বলে আশ্বাস দেন তিনি। একই সঙ্গে মাঠপর্যায়ের কর্মীদের আরও সক্রিয়ভাবে কাজ করার তাগিদ দেন। স্বাস্থ্য প্রতিমন্ত্রী আশা প্রকাশ করেন, সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করলে দেশের টিকাদান কর্মসূচির হারানো গৌরব ফিরিয়ে আনা সম্ভব হবে।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

জাতীয় এর অন্যান্য সংবাদ