×

ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

বোলিং করলেই ব্যথা, ওয়েস্ট ইন্ডিজ সিরিজে অনিশ্চিত নাহিদ

২০২৬ অক্টোবর ১৩ ২১:০০:২৬

বোলিং করলেই ব্যথা, ওয়েস্ট ইন্ডিজ সিরিজে অনিশ্চিত নাহিদ

স্পোর্টস ডেস্ক: দেখতে বড় কোনো চোটের লক্ষণ না থাকলেও বোলিংয়ে ফিরলেই ব্যথা অনুভব করছেন বাংলাদেশের গতিতারকা নাহিদ রানা। পিঠের নিচের অংশ ও পেলভিক অঞ্চলের দুর্বলতা কাটিয়ে আগের মতো স্বাভাবিক বোলিংয়ে ফেরাই এখন তার সামনে বড় চ্যালেঞ্জ। নতুন পরীক্ষার তথ্য মিললেও তার চোট নিয়ে আপাতত স্বস্তির কোনো খবর নেই।

চোটের কারণে অস্ট্রেলিয়া সফরে যাওয়া হয়নি নাহিদের। জিম্বাবুয়ে সফরে পাওয়া সেই চোটের কারণে এশিয়ান গেমস ও আফগানিস্তানের বিপক্ষে টেস্টেও খেলতে পারেননি তিনি। আসন্ন আফগানিস্তান-জিম্বাবুয়ে ত্রিদেশীয় সিরিজেও তাকে পাওয়া যাচ্ছে না। তবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দেশের মাঠে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের দুটি ম্যাচের আগে এই পেসারকে দলে ফেরাতে চায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

নাহিদের শারীরিক অবস্থা জানতে গত ১১ অক্টোবর বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করা হয়। পরীক্ষার প্রতিবেদন অনুযায়ী, তার পিঠের নিচের অংশ ও পেলভিক অঞ্চলে দুর্বলতা রয়েছে। এ কারণে বোলিংয়ের সময় প্রয়োজনীয় শক্তি পাচ্ছেন না তিনি। রানআপ থেকে বল ছাড়ার মুহূর্তে ব্যথা অনুভব করার পেছনেও এই দুর্বলতাকে দায়ী করা হচ্ছে।

ক্রিকেটভিত্তিক সংবাদমাধ্যম ক্রিকবাজকে বিসিবির এক কর্মকর্তা জানিয়েছেন, নাহিদের শরীরে পর্যাপ্ত শক্তির ঘাটতি রয়েছে বলে মনে করছেন তারা। এই শক্তি ফিরিয়ে আনতে সময় প্রয়োজন, দ্রুত তা কাটিয়ে ওঠা সম্ভব নয়। এ পরিস্থিতিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজে তার খেলা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

উন্নত চিকিৎসার জন্য নাহিদকে বিদেশে পাঠানোর উদ্যোগ নিয়েছে বিসিবি। তবে ভিসা জটিলতার কারণে আপাতত কাতারে যাওয়া সম্ভব হচ্ছে না তার। বিকল্প হিসেবে অস্ট্রেলিয়া কিংবা সিঙ্গাপুরে চিকিৎসা নেওয়ার পরিকল্পনা করা হচ্ছে।

এদিকে, নাহিদের শারীরিক সক্ষমতা বাড়াতে বিশেষ কিছু ব্যায়ামের ব্যবস্থা করা হচ্ছে। বিসিবির ওই কর্মকর্তা জানান, শুরুতে তার শক্তি বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হবে। এরপর নতুন করে কোনো ঝুঁকি তৈরি না করে ধাপে ধাপে কাজের চাপ বাড়ানোর বিষয়টি বিবেচনা করা হবে।

ওই কর্মকর্তা আরও জানান, বোলিং শুরু করলেই নাহিদ ব্যথা অনুভব করছেন। তার শারীরিক দুর্বলতাগুলো এখনো পুরোপুরি কাটেনি বলেই এমনটা হচ্ছে। তাই আপাতত নির্ধারিত ব্যায়ামের মাধ্যমে দুর্বলতা দূর করে শরীরে প্রয়োজনীয় শক্তি ফিরিয়ে আনার দিকেই মনোযোগ দিচ্ছে বিসিবি।

ইমামুল

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত