ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
নতুন পে স্কেলে বেতন বাড়বে ধাপে ধাপে
নিজস্ব প্রতিবেদক: দীর্ঘ প্রতীক্ষার পর সরকারি চাকরিজীবীদের জন্য নতুন জাতীয় বেতন স্কেলের প্রস্তাব অনুমোদন করেছে মন্ত্রিসভা। নতুন কাঠামোয় প্রথম থেকে ১১তম গ্রেডের প্রারম্ভিক মূল বেতন সর্বোচ্চ ১০০ শতাংশ পর্যন্ত বাড়ছে। আর ১২ থেকে ২০তম গ্রেডে বেতন বাড়ছে ১১৫ থেকে সর্বোচ্চ ১৪২ শতাংশ পর্যন্ত।
তবে নতুন বেতন কাঠামোর পুরো সুবিধা একসঙ্গে পাবেন না চাকরিজীবীরা। সরকারি ব্যয় ও আর্থিক চাপ সামলাতে নতুন বেতন স্কেল ধাপে ধাপে বাস্তবায়নের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
মন্ত্রিসভায় অনুমোদিত প্রস্তাব অনুযায়ী, নতুন পে স্কেলে ২০তম গ্রেডের সর্বনিম্ন মূল বেতন ৮ হাজার ২৫০ টাকা থেকে বেড়ে ২০ হাজার টাকা হবে। অন্যদিকে প্রথম গ্রেডের সর্বোচ্চ মূল বেতন ৭৮ হাজার টাকা থেকে বেড়ে ১ লাখ ৫৬ হাজার টাকা হবে।
নতুন বেতন স্কেল গত ১ জুলাই থেকে কার্যকর হওয়ার কথা বলা হলেও বর্ধিত বেতন ও ভাতার সুবিধা নির্ধারিত সময় অনুযায়ী ধাপে ধাপে দেওয়া হবে।
নতুন পে স্কেলের সরাসরি সুবিধা পাবেন প্রায় ২৪ লাখ সরকারি চাকরিজীবী ও ৯ লাখ পেনশনভোগী। এটি বাস্তবায়নে সরকারি কোষাগার থেকে বছরে অতিরিক্ত ১ লাখ ৫ হাজার ৫৮০ কোটি টাকা ব্যয় হবে।
প্রথম থেকে নবম গ্রেড
প্রথম থেকে নবম গ্রেডের চাকরিজীবীদের ক্ষেত্রে বর্ধিত মূল বেতন তিন ধাপে যুক্ত হবে। প্রথম ধাপে ১ জুলাই ২০২৬ থেকে বর্ধিত মূল বেতনের ৪০ শতাংশ যুক্ত হবে। দ্বিতীয় ধাপে জানুয়ারি ২০২৭ থেকে আরও ৩০ শতাংশ এবং তৃতীয় ধাপে জুলাই ২০২৭ থেকে বাকি ৩০ শতাংশ যুক্ত হবে।
অর্থাৎ তিন ধাপে এই গ্রেডের চাকরিজীবীদের নির্ধারিত নতুন মূল বেতন পুরোপুরি কার্যকর হবে।
দশম থেকে ২০তম গ্রেড
দশম থেকে ২০তম গ্রেডের চাকরিজীবীদের ক্ষেত্রেও বেতন তিন ধাপে বাড়বে। তবে প্রথম ধাপেই তুলনামূলক বেশি অংশ যুক্ত হবে।
প্রথম ধাপে ১ জুলাই ২০২৬ থেকে বর্ধিত মূল বেতনের ৫০ শতাংশ, দ্বিতীয় ধাপে জানুয়ারি ২০২৭ থেকে আরও ২৫ শতাংশ এবং তৃতীয় ধাপে জুলাই ২০২৭ থেকে বাকি ২৫ শতাংশ যুক্ত হবে।
এই গ্রেডের চাকরিজীবীরা ২০২৮ সালের জানুয়ারি থেকে নতুন মূল বেতনের ভিত্তিতে বাড়িভাড়াসহ অন্যান্য ভাতা পাবেন।
বিষয়টি একটি উদাহরণ দিয়ে সহজেই বোঝা যায়। ধরা যাক, ২০১৫ সালের জাতীয় বেতন স্কেল অনুযায়ী নবম গ্রেডে যোগ দেওয়া একজন কর্মকর্তার প্রারম্ভিক মূল বেতন ২২ হাজার টাকা। নতুন পে স্কেলে তাঁর প্রারম্ভিক মূল বেতন ১০০ শতাংশ বেড়ে ৪৪ হাজার টাকা হবে।
তবে প্রথম দিন থেকেই তিনি ৪৪ হাজার টাকা মূল বেতন পাবেন না। কারণ বর্ধিত ২২ হাজার টাকা তিন ধাপে যুক্ত হবে।
১ জুলাই ২০২৬ থেকে বর্ধিত ২২ হাজার টাকার ৪০ শতাংশ বা ৮ হাজার ৮০০ টাকা যুক্ত হবে। ফলে মূল বেতন হবে ৩০ হাজার ৮০০ টাকা।
জানুয়ারি ২০২৭ থেকে আরও ৩০ শতাংশ বা ৬ হাজার ৬০০ টাকা যুক্ত হয়ে মূল বেতন দাঁড়াবে ৩৭ হাজার ৪০০ টাকা।
জুলাই ২০২৭ থেকে বাকি ৩০ শতাংশ বা আরও ৬ হাজার ৬০০ টাকা যুক্ত হলে মূল বেতন হবে ৪৪ হাজার টাকা।
এর পরের ধাপে জানুয়ারি ২০২৮ থেকে নতুন মূল বেতন ৪৪ হাজার টাকার ভিত্তিতে বাড়িভাড়াসহ অন্যান্য আনুষঙ্গিক ভাতা পাওয়ার কথা রয়েছে।
তবে এটি শুধু প্রারম্ভিক মূল বেতন ধরে করা একটি উদাহরণ। বাস্তবে একজন সরকারি চাকরিজীবীর মোট বেতন এর চেয়ে বেশি হতে পারে। কারণ সরকারি নিয়ম অনুযায়ী মূল বেতনের সঙ্গে প্রতিবছর ৫ শতাংশ হারে বার্ষিক ইনক্রিমেন্ট যুক্ত হয়।
ফলে নতুন পে স্কেল পুরোপুরি কার্যকর হলে নির্ধারিত নতুন মূল বেতনের পাশাপাশি বার্ষিক ইনক্রিমেন্ট এবং নতুন কাঠামো অনুযায়ী অন্যান্য ভাতা যুক্ত হয়ে চাকরিজীবীদের মোট প্রাপ্তিও বাড়বে।
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)