ঢাকা, শনিবার, ২৯ আগস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩

প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা

২০২৬ আগস্ট ২৯ ২০:৫২:০১

প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা

নিজস্ব প্রতিবেদক: সরকারি চাকরিজীবীদের বহুল প্রতীক্ষিত নতুন জাতীয় বেতন কাঠামো বা পে-স্কেল অনুমোদনের প্রক্রিয়া দ্রুত এগোচ্ছে। আগামী সোমবারের মন্ত্রিসভা বৈঠকে নতুন পে-স্কেলের প্রস্তাব উঠতে পারে। সেদিন অনুমোদন হলে আগামী বৃহস্পতিবারের মধ্যে নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন জারি হতে পারে বলে জানিয়েছে অর্থ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট একটি সূত্র।

অর্থ মন্ত্রণালয়ের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে গণমাধ্যমকে জানিয়েছেন, নতুন পে-স্কেল নিয়ে সরকারের ভেতরে প্রয়োজনীয় প্রক্রিয়া এগিয়ে নেওয়া হচ্ছে। মন্ত্রিসভায় অনুমোদনের পর দ্রুততম সময়ের মধ্যে প্রজ্ঞাপন জারির প্রস্তুতিও রাখা হয়েছে।

এ কারণে সোমবারের মন্ত্রিসভা বৈঠকের দিকে এখন নজর সরকারি চাকরিজীবীদের। অনুমোদন হলে দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটিয়ে নতুন বেতন কাঠামো বাস্তবায়নের পথে বড় অগ্রগতি হবে।

ওই কর্মকর্তা বলেন, নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন আগামী সপ্তাহের মধ্যেই জারি হতে পারে। ইতোমধ্যে সবকিছু চূড়ান্ত করা হয়েছে। আগামী সোমবার মন্ত্রিসভার বৈঠক হওয়ার কথা রয়েছে। নতুন বেতন কাঠামো এজেন্ডাভুক্ত করে অনুমোদনের জন্য উত্থাপনের প্রস্তুতি চলছে। ওইদিন অনুমোদন হলে বৃহস্পতিবারের মধ্যে প্রজ্ঞাপন জারি করা হবে।

তবে মন্ত্রিসভায় অনুমোদনের জন্য চূড়ান্ত খসড়ায় বেতন-ভাতা বৃদ্ধির হার সম্পর্কে জানাতে রাজি হননি অর্থ বিভাগের কর্মকর্তারা। এর আগে গত ১৬ আগস্ট প্রধানমন্ত্রীর মুখ্যসচিব এবিএম আব্দুস সাত্তার সাংবাদিকদের বলেছিলেন, সরকারি কর্মচারীদের নতুন পে-স্কেল চূড়ান্ত পর্যায়ে রয়েছে এবং যেকোনো মুহূর্তে তা ঘোষণা হতে পারে।

২৯ জুলাই অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানিয়েছিলেন, সরকারি কর্মচারীদের জন্য নবম বেতন কমিশন ঘোষণা নিয়ে এখনো কাজ চলছে। কাজ শেষ হলে তা শিগগিরই মন্ত্রিসভায় উপস্থাপন করা হবে। মন্ত্রিসভা অনুমোদন করলে শুরু হবে প্রজ্ঞাপন জারির কাজ।

সরকারি কর্মচারীদের জন্য নতুন বেতন কাঠামো বাস্তবায়নের সুপারিশ করতে গত ২১ এপ্রিল মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনিকে সভাপতি করে ১০ সদস্যের একটি কমিটি গঠন করা হয়। কমিটি ইতিমধ্যে তাদের সুপারিশ জমা দিয়েছে।

বিষয়টি সম্পর্কে অবগত ব্যক্তিরা বলেন, প্রথম থেকে ২০তম গ্রেডের সরকারি চাকরিজীবীদের মূল বেতন সর্বোচ্চ ১০০ শতাংশ পর্যন্ত বাড়ানোর সুপারিশ করেছে সচিব কমিটি। দুই ধাপে তা বাস্তবায়ন হবে। এর মধ্যে প্রথম বছরে মূল বেতন এবং দ্বিতীয় বছরে বাড়িভাড়া ও অন্যান্য ভাতা কার্যকর হতে পারে।

নতুন পে-স্কেলে কার বেতন কত হতে পারে—চূড়ান্ত প্রজ্ঞাপন এখনো প্রকাশ না হওয়ায় গ্রেডভিত্তিক বেতনকে নিশ্চিত বেতন হিসেবে না দেখে প্রস্তাবিত বা সম্ভাব্য কাঠামো হিসেবে বিবেচনা করতে হবে। প্রকাশিত বিভিন্ন প্রতিবেদনে যে গ্রেডভিত্তিক কাঠামো এসেছে, তাতে সর্বনিম্ন মূল বেতন ২০তম গ্রেডে ২০ হাজার টাকা এবং সর্বোচ্চ ১ম গ্রেডে ১ লাখ ৬০ হাজার টাকা করার প্রস্তাব রয়েছে।

গ্রেড প্রস্তাবিত মূল বেতন১ম গ্রেড ১,৬০,০০০ টাকা (নির্ধারিত)২য় গ্রেড ১,৩২,০০০–১,৫৩,০০০ টাকা৩য় গ্রেড ১,১৩,০০০–১,৪৮,৮০০ টাকা৪র্থ গ্রেড ১,০০,০০০–১,৪২,৪০০ টাকা৫ম গ্রেড ৮৬,০০০–১,৩৯,৭০০ টাকা৬ষ্ঠ গ্রেড ৭১,০০০–১,৩৪,০০০ টাকা৭ম গ্রেড ৫৮,০০০–১,২৬,৮০০ টাকা৮ম গ্রেড ৪৭,২০০–১,১৩,৭০০ টাকা৯ম গ্রেড ৪৫,১০০–১,০৮,৮০০ টাকা১০ম গ্রেড ৩২,০০০–৭৭,৩০০ টাকা১১তম গ্রেড ২৫,০০০–৬০,৫০০ টাকা১২তম গ্রেড ২৪,৩০০–৫৮,৭০০ টাকা১৩তম গ্রেড ২৪,০০০–৫৮,০০০ টাকা১৪তম গ্রেড ২৩,৫০০–৫৬,৮০০ টাকা১৫তম গ্রেড ২২,৮০০–৫৫,২০০ টাকা১৬তম গ্রেড ২১,৯০০–৫২,৯০০ টাকা১৭তম গ্রেড ২১,৪০০–৫১,৯০০ টাকা১৮তম গ্রেড ২১,০০০–৫০,৯০০ টাকা১৯তম গ্রেড ২০,৫০০–৪৯,৬০০ টাকা২০তম গ্রেড ২০,০০০–৪৮,৪০০ টাকা

এই তালিকাটি আগের কমিশন বা সংশ্লিষ্ট পর্যায়ের প্রস্তাবিত কাঠামোর ভিত্তিতে প্রকাশিত। সরকারি প্রজ্ঞাপন বা গেজেট প্রকাশের আগে এটিকে চূড়ান্ত বেতন কাঠামো বলা যাবে না।

সরকারের ১৮০ দিন উপলক্ষে গৃহীত কার্যক্রম নিয়ে ‘জনগণের সরকারের ১৮০ দিন’ শীর্ষক ই-বুক প্রকাশ করেছে প্রধানমন্ত্রীর কার্যালয়। ওই বইয়ে ‘নবম পে–স্কেল: সরকারি চাকরিজীবীদের জন্য বড় সুখবর’ শীর্ষক উপশিরোনামে নতুন বেতন স্কেল বাস্তবায়নের বিষয়টি তুলে ধরা হয়েছে। এতে বলা হয়েছে, ২০২৬–২৭ অর্থবছরে বেতন-ভাতার জন্য ৮৯ হাজার ৮৩৬ কোটি টাকা এবং পেনশন গ্র্যাচুইটিসহ মোট ১ লাখ ৪১ হাজার ৪৩৪ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে।

ইমামুল

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত