ঢাকা, শনিবার, ২৯ আগস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩
ভেনেজুয়েলার সঙ্গে ইতিহাসের বৃহত্তম চুক্তির ঘোষণা ট্রাম্পের
আন্তর্জাতিক ডেস্ক: ভেনেজুয়েলার সঙ্গে ‘বিশ্বের ইতিহাসে সবচেয়ে বড় তেল চুক্তি’ করার ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি এ ঘোষণা দেন। চুক্তিটি বাস্তবায়িত হলে ভেনেজুয়েলার বিপুল তেল মজুত থেকে কম দামে অপরিশোধিত তেল পাওয়ার সুযোগ পাবে যুক্তরাষ্ট্র।
চুক্তির আওতায় ভেনেজুয়েলার ১৭টি তেলক্ষেত্র উন্নয়ন করা হবে। এসব তেলক্ষেত্রে ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের প্রমাণিত সম্ভাব্য মজুত রয়েছে। ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজের সরকারের দেওয়া তথ্য অনুযায়ী, চুক্তির ফলে দেশটির তেল খাতে প্রায় ১০০ বিলিয়ন ডলার বিনিয়োগ আসতে পারে। এতে ভেনেজুয়েলা ২০৯ বিলিয়ন ডলারের বেশি কর রাজস্ব পেতে পারে।
ট্রাম্প জানান, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ এবং ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ চুক্তিটি নিয়ে আলোচনা করেছেন। চুক্তি ঘোষণা করে ট্রাম্প লেখেন, ‘যুক্তরাষ্ট্র এইমাত্র ভেনেজুয়েলার সঙ্গে একটি চুক্তিতে পৌঁছেছে—বিশ্বের ইতিহাসে সবচেয়ে বড় তেল চুক্তি!’
রদ্রিগেজ টেলিগ্রামে দেওয়া এক পোস্টে বলেন, এই চুক্তি ‘দেশের পুনরুদ্ধারে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে’।
চুক্তির বিষয়ে অবগত এক মার্কিন কর্মকর্তা জানান, যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলায় একটি বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে অংশীদারত্বে নতুন একটি কোম্পানি গঠন করবে। ওই কোম্পানি তেলক্ষেত্রগুলোর নিয়ন্ত্রণ নিয়ে সেগুলো উন্নয়ন করবে।
নাম প্রকাশ না করার শর্তে ওই কর্মকর্তা বলেন, রদ্রিগেজ নতুন কোম্পানিটিকে তেলক্ষেত্রগুলো উন্নয়নের জন্য ১০০ বছরের অধিকার দিয়েছেন। প্রকাশ্যে এ বিষয়ে কথা বলার অনুমতি না থাকায় তিনি নাম প্রকাশ করেননি।
চুক্তি অনুযায়ী, নতুন কোম্পানির কার্যকর উৎপাদনের ৫৫ শতাংশ যুক্তরাষ্ট্র পাবে। এর মধ্যে কোম্পানিতে মালিকানার অংশীদারত্বের পাশাপাশি উৎপাদন খরচে তেল কেনার অধিকারও থাকবে যুক্তরাষ্ট্রের।
ওই মার্কিন কর্মকর্তার দাবি, প্রমাণিত তেল মজুতের দিক থেকে নতুন কোম্পানিটি সৌদি আরবের রাষ্ট্রীয় তেল কোম্পানি সৌদি আরামকোর পর বিশ্বের দ্বিতীয় বৃহত্তম করপোরেট তেল মজুতের মালিক হবে।
চুক্তির আওতায় নতুন কোম্পানি যে তেল উৎপাদন করবে, তার একটি অংশ যুক্তরাষ্ট্রের কৌশলগত পেট্রোলিয়াম মজুত পূরণে ব্যবহার করা হবে। আরেকটি অংশ সামরিক কাজে ব্যবহার করবে যুক্তরাষ্ট্র।
তবে এই চুক্তির কারণে যুক্তরাষ্ট্রে জ্বালানির দাম দ্রুত কমে যাবে—এমনটা আশা করছেন না বিশেষজ্ঞরা। তাঁদের সতর্কতা, ভেনেজুয়েলার তেল উৎপাদন উল্লেখযোগ্যভাবে বাড়াতে সময় লাগবে। দেশটির পুরোনো ও ক্ষতিগ্রস্ত অবকাঠামো মেরামত এবং সম্প্রসারণ করতে কয়েক বছর সময় লাগতে পারে। এ জন্য বিলিয়ন বিলিয়ন ডলার বিনিয়োগও প্রয়োজন হবে।
ভেনেজুয়েলায় বড় মার্কিন তেল কোম্পানিগুলোকে আবার বিনিয়োগে ফেরানোও সহজ হবে না। দেশটির রাজনৈতিক অনিশ্চয়তা এবং কয়েক দশকের অবহেলায় ক্ষতিগ্রস্ত অবকাঠামো এ ক্ষেত্রে বড় বাধা হয়ে দাঁড়াতে পারে।
মাদুরোকে ক্ষমতা থেকে সরানোর কয়েক দিন পর ট্রাম্প হোয়াইট হাউসে তেল কোম্পানিগুলোর শীর্ষ নির্বাহীদের সঙ্গে বৈঠক করেন। তিনি তাঁদের দ্রুত ভেনেজুয়েলায় ফিরে যাওয়ার আহ্বান জানান। তখন মার্কিন তেল কোম্পানিগুলোর নির্বাহীরা ভেনেজুয়েলায় বিনিয়োগের বিষয়ে আগ্রহ দেখালেও সতর্ক ছিলেন। কারণ দেশটিতে অতীতে বিনিয়োগ করে তাঁরা নানা সমস্যার মুখে পড়েছিলেন।
এক্সনমোবিলের প্রধান নির্বাহী কর্মকর্তা ড্যারেন উডস সে সময় ভেনেজুয়েলাকে ‘বিনিয়োগের অনুপযোগী’ দেশ হিসেবে উল্লেখ করেছিলেন। এক্সনমোবিল যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় তেল কোম্পানি। তবে ট্রাম্প বারবার দাবি করেছেন, তাঁর প্রশাসন ভেনেজুয়েলায় কিছুটা স্থিতিশীলতা ফিরিয়ে এনেছে।
ট্রাম্প আরও দাবি করেছেন, ভেনেজুয়েলা যুক্তরাষ্ট্রের তেল চুরি করেছে। তাঁর ভাষ্য অনুযায়ী, ভেনেজুয়েলার সাবেক প্রেসিডেন্ট হুগো চাভেজ কয়েক দশক আগে বিদেশি মালিকানাধীন শত শত সম্পদ জাতীয়করণ করেছিলেন। এসব সম্পদের মধ্যে মার্কিন তেল কোম্পানির মালিকানাধীন সম্পদও ছিল।
ক্ষমতা নেওয়ার পর রদ্রিগেজের নেওয়া প্রথম দিকের পদক্ষেপগুলোর একটি ছিল দেশের তেল খাতকে বেসরকারি বিনিয়োগের জন্য উন্মুক্ত করে একটি আইন সই করা। এর মাধ্যমে তিনি দুই দশকের বেশি সময় ধরে দেশ শাসন করা স্বঘোষিত সমাজতান্ত্রিক আন্দোলনের একটি গুরুত্বপূর্ণ নীতি থেকে সরে আসেন।
মার্কো রুবিও সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে বলেন, এই চুক্তির ফলে ভেনেজুয়েলায় বিলিয়ন বিলিয়ন ডলারের বেসরকারি বিনিয়োগ আসবে এবং যুক্তরাষ্ট্রে জ্বালানির দাম কমবে। রুবিও লেখেন, ‘এই চুক্তি আমেরিকান ও ভেনেজুয়েলার জনগণের জন্য বড় ধরনের বিজয়।’
চুক্তির ঘোষণা এমন এক সময়ে এলো, যখন যুক্তরাষ্ট্রে জ্বালানির দাম বেড়ে যাওয়ায় ট্রাম্পের ওপর চাপ বাড়ছে। শুক্রবার ইরানের সঙ্গে যুদ্ধ ছয় মাসে গড়িয়েছে। তবে এখনো এই যুদ্ধ শেষ হওয়ার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না।
যুদ্ধের কারণে বিশ্ববাজারে তেলের সরবরাহে বড় ধরনের অনিশ্চয়তা তৈরি হয়েছে। এ পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র তার কৌশলগত পেট্রোলিয়াম মজুত থেকে তেল বাজারে ছাড়ছে। আগস্টের শুরুতে দেশটির কৌশলগত তেল মজুত ৩০০ মিলিয়ন ব্যারেলের নিচে নেমে যায়। ২০২৬ সালের শুরু থেকে মজুত ১০০ মিলিয়ন ব্যারেলেরও বেশি কমেছে।
ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধের কারণে উপসাগরীয় অঞ্চল থেকে হরমুজ প্রণালি দিয়ে তেল পরিবহন উল্লেখযোগ্যভাবে কমে গেছে। যুদ্ধ শুরুর আগে বিশ্বের মোট পেট্রোলিয়ামের প্রায় ২০ শতাংশ এই প্রণালি দিয়ে পরিবহন হতো।
শুক্রবার যুক্তরাষ্ট্রে প্রতি গ্যালন পেট্রোলের গড় দাম ছিল প্রায় ৪ দশমিক ০৯ ডলার। আমেরিকান অটোমোবাইল অ্যাসোসিয়েশনের (এএএ) তথ্য অনুযায়ী, গত বছরের একই সময়ে এই দাম ছিল ৩ দশমিক ২১ ডলার।
ট্রাম্পের নির্দেশে মার্কিন সামরিক বাহিনী ভেনেজুয়েলার তৎকালীন প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করে যুক্তরাষ্ট্রে নিয়ে যাওয়ার প্রায় নয় মাস পর এই চুক্তির ঘোষণা এলো। মাদুরোর বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে মাদক-সন্ত্রাসবাদ ও মাদক পাচারের অভিযোগে ফেডারেল আদালতে মামলা রয়েছে।
ভেনেজুয়েলায় বিশ্বের অন্যতম বৃহৎ তেল মজুত রয়েছে। দেশটির মাটির নিচে আনুমানিক ৩০৩ বিলিয়ন ব্যারেল অপরিশোধিত তেল রয়েছে। যুক্তরাষ্ট্রের এনার্জি ইনফরমেশন অ্যাডমিনিস্ট্রেশনের (ইআইএ) তথ্য অনুযায়ী, এটি বিশ্বের মোট তেল মজুতের প্রায় ১৭ শতাংশ।
বিশ্বের অন্যান্য অনেক অঞ্চলে ভূতাত্ত্বিকদের নতুন তেলের মজুত খুঁজে বের করতে হয়। কিন্তু ভেনেজুয়েলায় মাটির নিচে থাকা তেলের মজুতের বড় অংশই আগে থেকে চিহ্নিত ও জানা আছে বলে বিশেষজ্ঞরা জানিয়েছেন।
তবে দেশটির তেল খাতের অবকাঠামো দীর্ঘদিনের অবহেলায় জরাজীর্ণ হয়ে পড়েছে। এ কারণে এত বিপুল তেল মজুত থাকা সত্ত্বেও ভেনেজুয়েলা বর্তমানে বিশ্বের মোট তেল উৎপাদনের মাত্র প্রায় ১ শতাংশ উৎপাদন করে।
এদিকে নিকোলাস মাদুরো এখনো যুক্তরাষ্ট্রের কারাগারে বন্দী আছেন। তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ তিনি অস্বীকার করেছেন এবং আদালতে নিজেকে নির্দোষ দাবি করেছেন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- BANZI নির্বাচন: জয়-পরাজয়ের বাইরে কমিউনিটির আমানত ও প্রত্যাশা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ আগস্ট) r
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৩ আগস্ট)
- ৭ কলেজের শিক্ষার্থীদের ডিসিইউতে স্থানান্তরের রোডম্যাপ প্রকাশ
- তেজগাঁও কলেজে মঞ্চে উঠছে ‘পদ্মা নদীর মাঝি’
- ৬০ লাখ বাংলাদেশির সিভি ডার্ক ওয়েবে বিক্রির দাবি
- স্বাস্থ্য খাতে এক লাখ কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ
- জামায়াতের ‘ছায়া মন্ত্রিসভা’ গঠন, প্রধানমন্ত্রী ডা. শফিকুর রহমান
- মেহেরপুর জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়োগ
- রোববার ৬ ঘণ্টা বিদ্যুৎ বন্ধ থাকবে যেসব এলাকায়
- বাংলাদেশ স্কাউটসে নবম গ্রেডে চাকরির সুযোগ
- ২০২৭ সালের এসএসসি পরীক্ষার তারিখ জানাল শিক্ষা মন্ত্রণালয়
- বিশ্বসাহিত্য কেন্দ্রে দুই পদে চাকরির সুযোগ
- টাকার বিনিময়ে ১২০০ শিক্ষার্থীর ফল পরিবর্তন
- আজকের নামাজের সময়সূচি