ঢাকা, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩
‘গাছগুলোকে শুধু উপড়ে দেওয়া হয়নি, হত্যা করা হয়েছে’
নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার কলমাকান্দা-ঠাকুরাকোনা সড়কের বামনী এলাকায় দুর্বৃত্তদের উপড়ে ফেলা গাছের চারার জায়গায় আবারও চারা রোপণ করেছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও নেত্রকোনা-১ (কলমাকান্দা-দুর্গাপুর) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামাল।
শুক্রবার বিকেলে তিনি ওই এলাকায় বনজ, ফলদ ও ঔষধি গাছসহ বিভিন্ন প্রজাতির চারা রোপণ করেন।
এ সময় কায়সার কামাল বলেন, গাছ পরিবেশের ভারসাম্য রক্ষার পাশাপাশি মানুষকে অক্সিজেন দেয়। অনেক যত্ন ও সময়ের পর একটি চারা বড়গাছে পরিণত হয়। গাছ শুধু গাছ নয়, এটি একটি জীবন। তিনি বলেন, ‘আমি বলব, এই গাছগুলোকে শুধু উপড়ে দেওয়া হয়নি, হত্যা করা হয়েছে। রাতের আঁধারে এভাবে গাছ উপড়ে ফেলা অত্যন্ত দুঃখজনক ও নিন্দনীয়। যারা এই কাজ করেছে, আল্লাহ যেন তাদের হেদায়েত করেন।’
ডেপুটি স্পিকার বলেন, একই এলাকায় নতুন করে আরও ১ হাজার ২০০টি গাছের চারা রোপণ করা হবে। রোপণ করা গাছের সুরক্ষা ও পরিচর্যার ব্যবস্থাও করা হবে।
একটি এলাকার মোট ভূমির ২৫ শতাংশ বনভূমি থাকা প্রয়োজন উল্লেখ করে তিনি বলেন, দেশের বিভিন্ন স্থানে গড়ে ১৬ থেকে ২০ শতাংশ বনভূমি থাকলেও নেত্রকোনায় তা পৌনে ২ শতাংশের মতো। এ অবস্থায় নেত্রকোনায় বেশি করে গাছ লাগানোর ওপর গুরুত্ব দিতে হবে।
তিনি বলেন, প্রশাসনসহ সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তর, শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে বৃক্ষরোপণ কর্মসূচিকে সামাজিক আন্দোলন হিসেবে নিতে হবে। প্রধানমন্ত্রীর ঘোষিত কর্মসূচি অনুযায়ী পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের লক্ষ্য বাস্তবায়ন করা গেলে প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা ও জলবায়ু পরিবর্তনের প্রভাব কমাতে তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
গাছের চারা উপড়ে ফেলার ঘটনায় জড়িত ব্যক্তিদের দ্রুত শনাক্ত করে আইনগত ব্যবস্থা নিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানান কায়সার কামাল।
স্থানীয় বাসিন্দাদের উদ্দেশে তিনি বলেন, এই গাছগুলো শুধু সরকারের নয়, এগুলো সবার সম্পদ। সবাইকে গাছ রক্ষায় এগিয়ে আসতে হবে। একটি গাছ রক্ষা করা মানে একটি জীবন রক্ষা করা।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক নুরুজ্জামান নুরু, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) মুনমুন জাহান লিজা, কলমাকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা এনএম আব্দুল্লাহ আল মামুন, অতিরিক্ত জেলা পুলিশ সুপার (বারহাট্টা সার্কেল) সাব্বির হাসান, কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমানসহ স্থানীয় প্রশাসন ও রাজনৈতিক নেতারা।
প্রধানমন্ত্রীর ঘোষিত বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে গত ৫ আগস্ট কায়সার কামালের উদ্যোগে কলমাকান্দার বিভিন্ন এলাকায় বনজ, ফলদ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়। এর মধ্যে কলমাকান্দা-ঠাকুরাকোনা সড়কের পেট্রলপাম্প এলাকা থেকে হীরাকান্দা পর্যন্ত প্রায় ১০ কিলোমিটার সড়কের দুই পাশে বিভিন্ন প্রজাতির হাজারও চারা লাগানো হয়। গরু-ছাগলের হাত থেকে চারাগুলো রক্ষায় বাঁশের সুরক্ষাবেষ্টনীও দেওয়া হয়েছিল।
গত মঙ্গলবার দিবাগত রাতে বামনী এলাকায় সড়কের পাশে থাকা এসব চারার মধ্যে অন্তত ৩৫টি উপড়ে ফেলা হয়। পরদিন বুধবার সকালে বিষয়টি জানাজানি হলে স্থানীয় লোকজনের মধ্যে ক্ষোভ দেখা দেয়। এ ঘটনায় গত বুধবার যুগান্তরে ‘ডেপুটি স্পিকারের লাগানো ৩৫টি গাছের চারা উপড়ে ফেলল দুর্বৃত্তরা’ শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হয়।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- মাসে ২৫০০ টাকা বৃত্তি দেবে ডাচ্-বাংলা ব্যাংক, জানুন আবেদন পদ্ধতি
- নতুন পে স্কেলের প্রজ্ঞাপনের তারিখ চূড়ান্ত, জানালেন অর্থসচিব
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- নতুন করে এমপিওভুক্ত হচ্ছেন ৬৪১ শিক্ষক-কর্মচারী
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়