ঢাকা, বুধবার, ৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩
ঢাবিতে চার দিনব্যাপী ছায়া জাতিসংঘ সম্মেলন সমাপ্ত
নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয়ে চার দিনব্যাপী ছায়া জাতিসংঘ সম্মেলন শেষ হয়েছে। ঢাকা ইউনিভার্সিটি মডেল ইউনাইটেড নেশন্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত এ সম্মেলন শনিবার (২২ আগস্ট) নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে সমাপ্ত হয়। এবারের সম্মেলনের প্রতিপাদ্য ছিল ‘পরিবর্তনশীল বৈশ্বিক প্রেক্ষাপটে বৈচিত্র্যের মধ্যে ঐক্য বজায় রেখে কার্যকর বহুপাক্ষিকতাকে সুসংহত করা।’
সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম।
এ ছাড়া সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য দেন ঢাকাস্থ জাতিসংঘের অন্তর্বর্তীকালীন আবাসিক সমন্বয়কারী ক্যারল ফ্লোর-স্মেরেঝনিয়াক, ঢাকাস্থ সুইজারল্যান্ড দূতাবাসের রাজনৈতিক, অর্থনৈতিক ও যোগাযোগ বিভাগের প্রধান আলবার্তো জিওভানেত্তি এবং এডিবির কান্ট্রি ডিরেক্টর চিংফেং ঝাং। ঢাকা বিশ্ববিদ্যালয় মডেল ইউনাইটেড নেশন্স অ্যাসোসিয়েশনের সাবেক প্রেসিডেন্ট মো. রাকিব-উজ-জামান স্বাগত বক্তব্য দেন। ধন্যবাদ জ্ঞাপন করেন অ্যাসোসিয়েশনের সেক্রেটারি জেনারেল আহতাব জামিল মাহিন।
অনুষ্ঠানে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, সরকার একটি গণতান্ত্রিক, মানবিক ও অন্তর্ভুক্তিমূলক অর্থনীতি গড়ে তোলার লক্ষ্যে কাজ করছে। এমন একটি অর্থনীতি গড়ে তোলার লক্ষ্য রয়েছে, যা প্রধানত জনগণের সেবায় নিয়োজিত থাকবে এবং একই সঙ্গে বিশ্ব অর্থনৈতিক ব্যবস্থায় দায়িত্বশীল ও সহযোগিতামূলক অংশীদার হিসেবে ভূমিকা রাখবে।
এ কাজে তরুণদের সম্পৃক্ত হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, অর্থনৈতিক সাফল্যের প্রকৃত ভিত্তি স্বচ্ছতার মধ্যে নিহিত। সততা ও স্বচ্ছতার মাধ্যমে পরিবর্তিত নতুন বাংলাদেশ গড়ার কাজে তরুণদের এগিয়ে আসতে হবে।
মন্ত্রী বলেন, বিগত বছরগুলোতে বাংলাদেশ থেকে বিদেশে পাচার হওয়া অর্থ শনাক্ত ও পুনরুদ্ধারের বিষয়টিকে বর্তমান সরকার অগ্রাধিকার দিচ্ছে। এ লক্ষ্যে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, সংযুক্ত আরব আমিরাত ও সিঙ্গাপুরের মতো দেশগুলোর সঙ্গে সরকার যৌথভাবে কাজ করছে। এ কাজে সহযোগিতার জন্য তিনি সংশ্লিষ্ট পেশাজীবীদের প্রতি আহ্বান জানান।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম কাঙ্ক্ষিত সমাজ বিনির্মাণে নেতৃত্ব দেওয়ার জন্য তরুণদের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, তরুণরা কেবল প্রত্যাশিত ভবিষ্যতের জন্য নয়, বর্তমান সময়েও সঠিক বিচার-বিবেচনা, দায়িত্ববোধ ও দৃঢ় প্রত্যয়ের পরিচয় দিতে সক্ষম। তারা যেমন নিজেদের সংগঠিত করতে পারে, তেমনি দায়িত্বশীল পদধারীদের জবাবদিহিতার আওতায় আনতে পারে। একইভাবে সীমিত সম্পদ দিয়েও তরুণরা নতুন প্রতিষ্ঠান গড়ে তুলতে পারে।
তরুণদের উৎসাহ ও স্বীকৃতি দেওয়ার জন্য তিনি সবার প্রতি আহ্বান জানান।
সম্মেলনে বিশ্বের বিভিন্ন দেশের প্রায় ৫০০ শিক্ষার্থী অংশগ্রহণ করেন। চার দিনব্যাপী আয়োজনে লিঙ্গবৈষম্য, স্বাস্থ্য, অর্থনীতি, আর্থসামাজিক প্রেক্ষাপট, মানবাধিকার, মানবপাচার, জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন আইন, আন্তর্জাতিক চুক্তি, অভিবাসন নীতি, ভূরাজনৈতিক ও কূটনৈতিক বিষয়সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে শিক্ষার্থীরা আলোচনা করেন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৪৩ পদে নিয়োগ দেবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, আবেদন অনলাইনে
- ঢাবির সমাজবিজ্ঞান বিভাগে শিক্ষক নিয়োগ
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ পদে নিয়োগ, আবেদনের শেষ সময় ৬ অক্টোবর
- অক্টোবরে জ্বালানি তেলের নতুন দাম ঘোষণা মন্ত্রণালয়ের
- মেসির শেষ আন্তর্জাতিক ম্যাচ, বাংলাদেশে দেখবেন যেভাবে
- আজকের বাজারে স্বর্ণের দাম (৫ অক্টোবর)
- পে স্কেল বাস্তবায়নে মাউশির নতুন নির্দেশনা
- বিশ্বসেরা বিশ্ববিদ্যালয়ের তালিকায় এনএসইউ, নেই ঢাবি-বুয়েট
- বেসরকারি মাদ্রাসার শিক্ষকদের সেপ্টেম্বরের বেতন-ভাতার চেক ছাড়
- ব্রাজিল বনাম ভারত: সরাসরি দেখুন এখানে
- আজকের নামাজের সময়সূচি (২ অক্টোবর)
- শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ১০ দিনের ছুটির সুযোগ
- ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল
- এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জন্য আলাদা প্রজ্ঞাপন লাগবে না
- যে কারণে স্থগিত বাংলাদেশ-পাকিস্তান চ্যাম্পিয়ন্স ম্যাচ