×

ঢাকা, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

সীতাকুণ্ডে বিষাক্ত গ্যাসে আরও এক শ্রমিকের মৃত্যু, নি'হত বেড়ে ১০

২০২৬ আগস্ট ২১ ০৯:৪৭:১১

সীতাকুণ্ডে বিষাক্ত গ্যাসে আরও এক শ্রমিকের মৃত্যু, নি'হত বেড়ে ১০

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারী ফেরদৌস স্টিল শিপ রিসাইক্লিং ইয়ার্ডে বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় আরও এক শ্রমিকের মৃত্যু হয়েছে। ইদ্রিস আলী (৫০) নামের ওই শ্রমিকের মৃত্যুর পর দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০ জনে।

গত বুধবার (১৯ আগস্ট) সন্ধ্যায় চট্টগ্রাম নগরীর বেসরকারি ন্যাশনাল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইদ্রিস আলীর মৃত্যু হয়। দুর্ঘটনার পর গত ছয় দিন ধরে তিনি হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন।

নিহত ইদ্রিস আলীর বাড়ি জামালপুরে। গত শুক্রবার (১৪ আগস্ট) জাহাজভাঙা কারখানায় দুর্ঘটনার পর গুরুতর অসুস্থ অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। বৃহস্পতিবার তার মরদেহ গ্রামের বাড়ি জামালপুরে পাঠানো হয়েছে।

সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ফখরুল ইসলাম ইদ্রিস আলীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, দুর্ঘটনার পর অসুস্থ অবস্থায় ইদ্রিস আলীকে ন্যাশনাল হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার সন্ধ্যায় তার মৃত্যু হয়।

গত ১৪ আগস্ট সকাল ৯টার দিকে জাহাজভাঙা ইয়ার্ডে ব্যালাস্ট ট্যাংক কাটার সময় বিষাক্ত গ্যাসে আক্রান্ত হন কয়েকজন শ্রমিক। ওই ঘটনায় ঘটনাস্থল ও চিকিৎসাধীন অবস্থায় মোট নয়জনের মৃত্যু হয়। আহত আরও ছয়জনকে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তাদের মধ্যে ইদ্রিস আলীও ছিলেন।

ন্যাশনাল হাসপাতালের উপ-মহাব্যবস্থাপক মো. ফারুক জানান, বুধবার ইদ্রিস নামের এক রোগীর মৃত্যু হয়েছে। দুর্ঘটনার দিন থেকেই তিনি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন ছিলেন। বিষয়টি সংশ্লিষ্ট স্বাস্থ্য দপ্তরকে জানানো হয়েছে।

ইদ্রিস আলীর মৃত্যুর মধ্য দিয়ে সীতাকুণ্ডের ওই জাহাজভাঙা ইয়ার্ডের দুর্ঘটনায় প্রাণহানির সংখ্যা বেড়ে ১০ জনে দাঁড়িয়েছে।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত