×

ঢাকা, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩

এসএসসি-সমমানে খাতা পুনর্নিরীক্ষণের আবেদন শেষ আজ

২০২৬ আগস্ট ১৭ ১৩:১৫:২০

এসএসসি-সমমানে খাতা পুনর্নিরীক্ষণের আবেদন শেষ আজ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণের আবেদন চলছে। ফল প্রকাশের পরদিন, ১১ আগস্ট থেকে এ আবেদন শুরু হয়। আজ সোমবার আবেদনের শেষ দিন।

ফলাফলে সন্তুষ্ট না হওয়া শিক্ষার্থীরা এবারও খাতা পুনর্নিরীক্ষণের সুযোগ পাচ্ছেন। তবে এ বছর পুনর্নিরীক্ষণ বা খাতা চ্যালেঞ্জের আবেদনপ্রক্রিয়ায় পরিবর্তন আনা হয়েছে।

পুনর্নিরীক্ষণের জন্য নির্ধারিত অনলাইন পোর্টালে গিয়ে রোল ও রেজিস্ট্রেশন নম্বর দিতে হবে এবং ড্রপডাউন মেনু থেকে সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড নির্বাচন করতে হবে। এরপর ‘সাবমিট’ বাটনে ক্লিক করতে হবে।

পরবর্তী ধাপে মোবাইল নম্বর দিতে হবে। পুনর্নিরীক্ষণের ফল প্রকাশের পর ওই নম্বরে এসএমএস পাঠানো হবে। এরপরের স্ক্রিনে শিক্ষার্থীর বিষয়ভিত্তিক ফলাফল দেখা যাবে। এক বা একাধিক বিষয়ের ফল পুনর্নিরীক্ষণের জন্য সংশ্লিষ্ট বিষয় নির্বাচন করে ‘ফি প্রদান করুন’ বাটনে ক্লিক করতে হবে।

প্রতিটি পত্রের জন্য ১৫০ টাকা হারে ফি দিতে হবে। দ্বিপত্রবিশিষ্ট বিষয়ের ক্ষেত্রে উভয় পত্রের জন্য আবেদন করতে হবে।

পরবর্তী স্ক্রিনে প্রদেয় ফির পরিমাণ দেখা যাবে। বিকাশ, নগদ ও সোনালী সেবার মাধ্যমে ফি পরিশোধ করা যাবে। ফি পরিশোধের বিস্তারিত ধাপ অনলাইন পোর্টালের ‘হেল্প’ বাটনে ক্লিক করে জানা যাবে। ফি পরিশোধের পর আবেদন পোর্টালে ফিরে ‘জমা দিন’ বাটনে ক্লিক করতে হবে।

ফি পরিশোধ করে একবার আবেদন জমা দেওয়ার পর আরও বিষয় যুক্ত করতে চাইলে একই প্রক্রিয়ায় তা করা যাবে। তবে এ ক্ষেত্রে নতুন করে মোবাইল নম্বর দেওয়ার প্রয়োজন হবে না।

অন্যদিকে, ফি পরিশোধের আগে আবেদন পরিবর্তন বা পরিমার্জনের প্রয়োজন হলে ‘মুছে ফেলুন’ বাটনে ক্লিক করে যেসব বিষয়ের জন্য এখনো ফি দেওয়া হয়নি, সেগুলো প্রত্যাহার করে নতুন বিষয় নির্বাচন করা যাবে। তবে একবার ফি জমা দেওয়ার পর আবেদন করা বিষয় বাতিল করা যাবে না। কোনো অবস্থাতেই পরিশোধ করা ফি ফেরত দেওয়া হবে না।

এবার খাতা পুনর্নিরীক্ষণের কোনো ম্যানুয়াল আবেদন গ্রহণ করা হবে না।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত