ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩
মেসির ব্যালন ডি’অর সম্ভাবনা জানাল ফ্রান্স ফুটবল
স্পোর্টস ডেস্ক: ২০২৬ বিশ্বকাপে গোল্ডেন বল জেতা নিয়ে স্পেনের রদ্রিকে ঘিরে বিতর্ক এখনো থামেনি। অনেকের মতে, টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হওয়া উচিত ছিল আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসির। এরই মধ্যে নতুন করে আলোচনায় এসেছে আরেকটি প্রশ্ন-বিশ্বকাপের পর মেসি কি আরও একবার ব্যালন ডি’অর জিততে পারবেন?
এমন আলোচনা চলার মধ্যেই সোমবার নিজেদের অবস্থান স্পষ্ট করেছে মর্যাদাপূর্ণ ব্যালন ডি’অর পুরস্কারের আয়োজক ফ্রান্স ফুটবল ম্যাগাজিন।
আয়োজকরা জানিয়েছেন, ব্যালন ডি’অর জয়ের জন্য ইউরোপের কোনো লিগে খেলা বাধ্যতামূলক নয়। একই সঙ্গে তারা এ ধারণাও নাকচ করেছেন যে, বিশ্বচ্যাম্পিয়ন হওয়ায় স্পেন জাতীয় দলের কোনো খেলোয়াড়কেই পুরস্কারটি পেতেই হবে। নিজেদের এই বার্তার সঙ্গে তারা আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসির ছবিও প্রকাশ করেছে।
এদিকে রদ্রির পাশাপাশি স্পেনের লামিনে ইয়ামাল ও পাউ কুবার্সিও এবারের লড়াইয়ে রয়েছেন। উত্তর আমেরিকায় অনুষ্ঠিত বিশ্বকাপে উজ্জ্বল পারফরম্যান্সের সুবাদে সম্ভাব্য প্রার্থীদের তালিকায় রয়েছেন কিলিয়ান এমবাপ্পে ও হ্যারি কেনও।
ফ্রান্স ফুটবলের প্রতিবেদনে ব্যালন ডি’অর ও বিশ্বকাপজয়ী খেলোয়াড়দের ইতিহাসও তুলে ধরা হয়েছে। সেখানে ববি চার্লটন (ইংল্যান্ড, ১৯৬৬), পাওলো রসি (ইতালি, ১৯৮২) এবং লোথার ম্যাথিউস (জার্মানি, ১৯৯০)-এর কথা উল্লেখ করা হয়েছে, যারা বিশ্বকাপ জয়ের বছরই ব্যালন ডি’অর জিতেছিলেন।
পরবর্তীতে জিনেদিন জিদান (ফ্রান্স, ১৯৯৮), রোনালদো (ব্রাজিল, ২০০২) এবং ফাবিও কানাভারো (ইতালি, ২০০৬) একই কীর্তি গড়েন, যখন এই পুরস্কার অ-ইউরোপীয় খেলোয়াড়দের জন্যও উন্মুক্ত হয়ে যায়।
তবে ২০১০ সালে এই ধারার ব্যতিক্রম ঘটান লিওনেল মেসি। বার্সেলোনার হয়ে দুর্দান্ত মৌসুম কাটিয়ে তিনি নিজের স্প্যানিশ সতীর্থ এবং বিশ্বচ্যাম্পিয়ন আন্দ্রেস ইনিয়েস্তা ও জাভিকে পেছনে ফেলে ব্যালন ডি’অর জিতেছিলেন।
২০১৪ সালে একই ধরনের কীর্তি গড়েন ক্রিশ্চিয়ানো রোনালদো। তিনি বিশ্বচ্যাম্পিয়ন জার্মানির গোলরক্ষক মানুয়েল নয়্যার এবং মেসিকে পেছনে রেখে পুরস্কারটি জেতেন। আবার ২০১৮ সালে রাশিয়া বিশ্বকাপের ফাইনালে হেরেও ক্রোয়েশিয়ার লুকা মদরিচ ফ্রান্সের আঁতোয়ান গ্রিজমানকে ছাড়িয়ে ব্যালন ডি’অর নিজের করে নেন।
এরপর ২০২৩ সালে দলগত ও ব্যক্তিগত-দুই সাফল্য একসঙ্গে অর্জন করেন মেসি। ২০২২ কাতার বিশ্বকাপ জয়ের পর তিনি অষ্টমবারের মতো ব্যালন ডি’অর জেতেন।
প্রতিবেদনের শেষাংশে ফ্রান্স ফুটবল বলেছে, ‘হ্যাঁ, বিশ্বকাপ জেতাটা সহায়ক, তবে এটি ব্যালন ডি’অর নিশ্চিত করে না। এই পুরস্কার জিততে হলে পুরো মৌসুমে সেরা খেলোয়াড় হতে হয়, শুধু বিশ্বকাপে নয়।’
আগামী ২৬ অক্টোবর লন্ডনে অনুষ্ঠিতব্য ব্যালন ডি’অর অনুষ্ঠানে জানা যাবে, এবারের সেরা ফুটবলারের স্বীকৃতি কার হাতে উঠছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর
- আজকের খেলার সময়সূচি (৩১ আগস্ট)
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত