ঢাকা, সোমবার, ৬ জুলাই ২০২৬, ২২ আষাঢ় ১৪৩৩

নেইমারকে নিয়ে মাশরাফির আবেগঘন পোস্ট

২০২৬ জুলাই ০৬ ১৫:৩৪:০২

নেইমারকে নিয়ে মাশরাফির আবেগঘন পোস্ট

স্পোর্টস ডেস্ক: নরওয়ের কাছে হেরে ২০২৬ বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে ব্রাজিল। আর্জেন্টিনার সমর্থক হলেও সেলেসাওদের বিদায়ে খুব একটা আনন্দিত নন বাংলাদেশের সাবেক অধিনায়ক মাশরাফি মর্তুজা। বরং ব্রাজিলিয়ান তারকা নেইমারের জন্যই বেশি খারাপ লাগছে বলে জানিয়েছেন তিনি।

বিশ্বকাপের আগে নানা আলোচনা-সমালোচনার পর কার্লো আনচেলত্তির ঘোষিত ব্রাজিল দলে জায়গা পান নেইমার। তবে পুরো টুর্নামেন্টে বেশির ভাগ সময়ই তাকে বেঞ্চে থাকতে হয়েছে। প্রথম দুই ম্যাচে মাঠে নামার সুযোগ পাননি তিনি। গ্রুপপর্বের শেষ ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে শেষ দিকে বদলি হিসেবে খেলেন। এরপর শেষ ৩২-এর ম্যাচে জাপানের বিপক্ষে তাকে নামানো হয়নি। নরওয়ের বিপক্ষে শেষ ষোলোর ম্যাচেও ৬৮ মিনিটে বদলি হিসেবে মাঠে নামান আনচেলত্তি।

বিশ্বমানের একজন ফুটবলারকে পুরো টুর্নামেন্টে এত সীমিত সময় খেলানোর জন্য ব্রাজিলের প্রধান কোচ কার্লো আনচেলত্তির সমালোচনা করেছেন মাশরাফি।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি লিখেছেন, ‘শুধু নেইমারের জন্য মনটা ভীষণ খারাপ হচ্ছে। হয়তো আর বিশ্বমঞ্চে দেখা হবে না তাকে। ব্রাজিলের হয়ে সবচেয়ে বেশি গোলের মালিককে এভাবে বেঞ্চে বসে থাকতে দেখে খুবই বিরক্ত লেগেছে। একটু বেশি সময় পেলে হয়তো গল্পটা অন্যরকমও হতে পারতো। বিদায় বেলায় কান্না দেখে খুব খারাপ লাগছিল। কী অসাধারণ একজন ড্রিবলার! কী অ্যাকুরিসি ছিল তার পায়ে! তার চেয়ে সহজভাবে কেউ পেনাল্টি মারতে পারে বলে মনে হয় না। ক্যারিয়ারটা কী দারুণ হতে পারতো। অথচ সেটার কাছাকাছিও যেতে পারলো না।’

বিশ্বকাপ থেকে ব্রাজিলের বিদায়ের ম্যাচে ১৩তম মিনিটে স্পট কিক থেকে গোল করতে ব্যর্থ হন দলটির মিডফিল্ডার ব্রুনো গিমারেস। শেষ পর্যন্ত ২-১ গোলে হেরে সেই সুযোগ হাতছাড়া করারই মূল্য দিতে হয় সেলেসাওদের। তবে পেনাল্টি মিসকে খেলারই স্বাভাবিক অংশ হিসেবে দেখছেন মাশরাফি।

এ প্রসঙ্গে তিনি লিখেছেন, ‘দুই দুটি পেনাল্টি পেয়েও হেরে গেল ব্রাজিল। বিগত চারটা বছর এই পেনাল্টি পেনাল্টি করে চিল্লাপাল্লা করে আজ সেই পেনাল্টিই কাল হয়ে দাঁড়াল। পেনাল্টি খেলারই অংশ, আবার মিস করাও খেলার অংশ; এটা ভুলে গেলে হয় না। এমন না যে, পেনাল্টি পেলেই কেউ বিশ্বকাপ জিতে যাবে। কাতার বিশ্বকাপের ফাইনালে ফ্রান্স দুটি পেনাল্টি পেয়েছিল। তারপরও সহজ গোল মিস করে টাইব্রেকারে হেরেছে। যাক, কোনো ব্যাপার না। ব্রাজিল ভক্তদের জন্য রইলো সমবেদনা। হেক্সা হবেই, এবার হয়নি, তবে.....।’

পোস্টের শেষাংশে আর্জেন্টিনা সমর্থকদের প্রসঙ্গ টেনে মাশরাফি বলেন, ‘আমরা যারা আর্জেন্টিনা ভক্ত, তাদের কাছ থেকে মানসিক শক্তি নিতে পারো। কারণ, এই কষ্ট আমাদের থেকে আর কেউ ভালো জানে না। ৩৬টা বছর যেন তেন বিষয় না। আমি তো বলি পৃথিবীর সবচেয়ে সেরা সমর্থক একমাত্র আমরাই।’

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

স্বর্ণের দাম কমেছে, ভরিতে কত?

স্বর্ণের দাম কমেছে, ভরিতে কত?

নিজস্ব প্রতিবেদক: টানা দুই দফা দাম বাড়ানোর পর দেশের বাজারে স্বর্ণের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন... বিস্তারিত