ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
আদ্-দ্বীন হাসপাতাল নিয়ে মধ্যস্থতার চেষ্টা চলছে: শিশির মনির
নিজস্ব প্রতিবেদক: ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় আলোচিত আদ্-দ্বীন হাসপাতালকে ঘিরে বিতর্কের মধ্যেই প্রতিষ্ঠানটি যেন ক্ষতিগ্রস্ত বা বন্ধ না হয় এমন মত দিয়েছেন ভুক্তভোগী পরিবারও, দাবি করেছেন জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ শিশির মনির। শনিবার রাজধানীর তেজগাঁওয়ের একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। সংবাদ সম্মেলনের ব্যানারে আয়োজক হিসেবে উল্লেখ ছিল ‘পরিবার এবং হাসপাতাল কর্তৃপক্ষ’।
শিশির মনির বলেন, ভুক্তভোগী পরিবার এবং হাসপাতাল কর্তৃপক্ষ উভয়ই মনে করে, ঘটনার জন্য প্রতিষ্ঠানটি যেন বন্ধ না হয় বা অতিরিক্ত ক্ষতির মুখে না পড়ে। একই সঙ্গে যাদের অবহেলার কারণে এ ঘটনা ঘটেছে, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ারও দাবি জানানো হয়েছে। ভবিষ্যতে এ ধরনের ঘটনা যেন না ঘটে, সে জন্য কার্যকর উদ্যোগ নেওয়ার ওপরও জোর দেন তারা।
সংবাদ সম্মেলনে নিজের অবস্থান প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে শিশির মনির বলেন, তিনি এখানে মধ্যস্থতাকারী বা সালিসকারীর ভূমিকা পালন করছেন এবং সংশ্লিষ্ট সব পক্ষের সন্তুষ্টির ভিত্তিতে সমাধানের চেষ্টা করছেন। তার মতে, এটি আইন অঙ্গনে একটি নতুন দৃষ্টিভঙ্গি, যেখানে বিরোধী পক্ষ না হয়ে সমন্বয়ের মাধ্যমে সমাধান খোঁজা হয়।
গত ২৭ মে সকালে রাজধানীর মগবাজারের আদ্-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনা ঘটে। এ বিষয়ে গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনে হাসপাতালের ভবন চিকিৎসা কার্যক্রমের জন্য অনুপযুক্ত এবং চিকিৎসক-নার্স ও কর্তৃপক্ষের অবহেলাকে দায়ী করা হয়েছে।
এরপর হাসপাতালের লাইসেন্স বাতিল কেন করা হবে না এ বিষয়ে ৪ জুন স্বাস্থ্য অধিদপ্তর কারণ দর্শানোর নোটিশ দেয়, যার জবাব আগামীকাল রোববার বিকেল ৫টার মধ্যে দিতে হবে। তবে শিশির মনিরের দাবি, এই নোটিশ আইনগতভাবে সঠিক নয় এবং নির্ধারিত আইনের আওতায় এটি দেওয়া হয়নি।
তিনি আরও বলেন, শাস্তি অবশ্যই আইন অনুযায়ী হতে হবে, তবে তা প্রয়োগের ক্ষেত্রে লক্ষ লক্ষ মানুষের ক্ষতি যাতে না হয়, সেটিও বিবেচনায় রাখতে হবে। একই সঙ্গে তিনি জানান, হাসপাতাল কর্তৃপক্ষ অভ্যন্তরীণভাবে কমিটি গঠন করে কিছু পদক্ষেপ নিয়েছে এবং সংশ্লিষ্ট কয়েকজনকে সাময়িকভাবে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে।
এছাড়া আদ্-দ্বীন হাসপাতাল ভুক্তভোগীদের জন্য সম্মানজনক ক্ষতিপূরণ ও আজীবন সহায়তার সিদ্ধান্ত নিয়েছে বলেও জানান তিনি।
সংবাদ সম্মেলনে আদ্-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজের গভর্নিং বডির চেয়ারম্যান মো. আবদুস সবুর, আদ্-দ্বীন ফাউন্ডেশনের উপদেষ্টা আফিকুর রহমান, হাসপাতালের মহাপরিচালক নাহিদ ইয়াসমিন এবং ভুক্তভোগী পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- ছাত্রের সঙ্গে শিক্ষিকার শারীরিক সম্পর্ক, ৭ বছরের জেল