ঢাকা, শুক্রবার, ৫ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩

গণতন্ত্রকে লক্ষ্য করে গভীর চক্রান্ত চলছে: মির্জা ফখরুল

২০২৬ জুন ০৫ ১৯:১০:৪৮

গণতন্ত্রকে লক্ষ্য করে গভীর চক্রান্ত চলছে: মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক: দেশের রাজনৈতিক পরিস্থিতি ও গণতান্ত্রিক ব্যবস্থাকে ঘিরে গভীর ও সুপরিকল্পিত চক্রান্ত চলছে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার (৫ জুন) জাতীয় প্রেসক্লাবের আবদুস সালাম হলে মাহবুবুল হক ও মাহবুবুল আলমের স্মরণে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

মির্জা ফখরুল বলেন, বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে সোশ্যাল মিডিয়া ও বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে রাজনৈতিক নেতাদের চরিত্রহননের একটি প্রবণতা দেখা দিয়েছে। এর মাধ্যমে রাজনীতিবিদদের জনগণের সামনে হেয় করার চেষ্টা চলছে, যা রাজনীতির জন্য অত্যন্ত উদ্বেগজনক বলে তিনি উল্লেখ করেন।

তিনি আরও অভিযোগ করেন, একটি সংগঠিত চক্র পরিকল্পিতভাবে গণতান্ত্রিক প্রক্রিয়াকে দুর্বল করে দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার চেষ্টা করছে। দীর্ঘ আন্দোলন ও গণতান্ত্রিক সংগ্রামের মধ্য দিয়ে অর্জিত রাজনৈতিক অগ্রগতি আবারও ঝুঁকির মুখে পড়ছে বলেও তিনি মন্তব্য করেন।

বিএনপি মহাসচিব বলেন, “আমরা গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়ে রাষ্ট্র পরিচালনার সুযোগ পেয়েছি। এখন দায়িত্ব হচ্ছে এসব ষড়যন্ত্র চিহ্নিত করে দেশকে সঠিক পথে এগিয়ে নেওয়া।”

দলের অবস্থান তুলে ধরে তিনি জানান, বিএনপি কোনো বিপ্লবী সংগঠন নয়; এটি একটি উদার গণতান্ত্রিক রাজনৈতিক দল। জনগণকে সঙ্গে নিয়ে আন্দোলনের মাধ্যমে নির্বাচনের পথে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিতে চায় দলটি।

স্মরণ সভায় প্রয়াত দুই নেতার প্রতি শ্রদ্ধা জানিয়ে মির্জা ফখরুল বলেন, মাহবুবুল হক ও মাহবুবুল আলম ছিলেন এমন এক সময়ের প্রতিনিধি, যখন রাজনীতিতে নৈতিকতা, মূল্যবোধ ও জনকল্যাণই ছিল মূল ভিত্তি। তারা সবসময় গণতান্ত্রিক ব্যবস্থাকে শক্তিশালী করার জন্য কাজ করে গেছেন।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত