ঢাকা, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩
৭ জুন থেকে মেট্রোরেলের নতুন সময়সূচি, বাড়ছে চলাচলের সময়
নিজস্ব প্রতিবেদক: নগরবাসীর যাতায়াত আরও সহজ করতে মেট্রোরেলের চলাচলের সময় বাড়ানোর উদ্যোগ নিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, রাতের শেষ ট্রেনের সময় ২০ মিনিট বাড়ানো হচ্ছে। আগামী ৭ জুন (রোববার) থেকে এই নতুন সময়সূচি কার্যকর হওয়ার কথা রয়েছে।
বুধবার (০৩ জুন) মেট্রোরেলের দায়িত্বশীল সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
সূত্র জানায়, উত্তরা ও মতিঝিল দুই প্রান্ত থেকেই শেষ ট্রেন ছাড়ার সময় ২০ মিনিট বাড়ানোর প্রস্তাব অনুমোদন পেয়েছে।
বর্তমানে সপ্তাহের সাত দিন উত্তরা উত্তর স্টেশন থেকে শেষ ট্রেন ছাড়ে রাত ৯টা ৩০ মিনিটে এবং মতিঝিল থেকে রাত ১০টা ১০ মিনিটে। নতুন সময়সূচি অনুযায়ী উত্তরা থেকে শেষ ট্রেন ছাড়বে রাত ৯টা ৫০ মিনিটে, আর মতিঝিল থেকে ছাড়বে রাত ১০টা ৩০ মিনিটে।
তবে এই অতিরিক্ত সময়ের জন্য নতুন কোনো ট্রেন সংযোজন করা হচ্ছে না। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, বিদ্যমান সময়সূচি অনুযায়ী ২০ মিনিট হেডওয়ে বজায় রেখেই শেষ ট্রেন পরিচালিত হবে।
সূত্র আরও জানায়, সময় বাড়ানোর বিষয়ে প্রয়োজনীয় পরীক্ষামূলক কার্যক্রম ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। সব ধরনের প্রস্তুতিও শেষ পর্যায়ে রয়েছে। এখন শুধু আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষা। এ বিষয়ে এক থেকে দুই দিনের মধ্যেই বিজ্ঞপ্তি প্রকাশ করা হতে পারে।
এর আগে গত বছরের অক্টোবরে মেট্রোরেলের চলাচলের সময় এক ঘণ্টা বৃদ্ধি করা হয়েছিল। সে সময় সকালে ট্রেন চলাচল আধা ঘণ্টা আগে শুরু করা হয় এবং রাতের শেষ ট্রেনের সময়ও আধা ঘণ্টা বাড়ানো হয়েছিল।
মেট্রোরেলের নিয়মিত যাত্রী ও সাংবাদিক আসাদ আবেদীন জয় ঢাকা পোস্টকে বলেন, তার বাসা মিরপুরে। অফিস শেষে প্রায়ই তিনি ফার্মগেট থেকে শেষ ট্রেনে ওঠেন। অনেক সময় দৌড়ে ট্রেন ধরতে হয়, আবার কখনও শেষ ট্রেন মিস হয়ে যায়।
তিনি বলেন, শেষ ট্রেনের সময় আরও ২০ মিনিট বাড়ানো হলে যাত্রীদের জন্য তা অত্যন্ত উপকারী হবে। শেষ ট্রেনে সব সময়ই প্রচুর যাত্রী থাকে। ফলে সময় বাড়ালে মেট্রোরেলেরও কোনো ক্ষতি হবে না বলে তিনি মনে করেন।
এ বিষয়ে ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালকের দপ্তর থেকে বুধবার রাতে ঢাকা পোস্টকে জানানো হয়, যাত্রীদের চাহিদার কথা বিবেচনায় নিয়ে আগামী ৭ জুন থেকে ঢাকা মেট্রোরেলে একটি অতিরিক্ত ট্রিপ যুক্ত করা হচ্ছে। এর ফলে উত্তরা উত্তর স্টেশন থেকে মতিঝিলগামী শেষ ট্রেন রাত ৯টা ৫০ মিনিটে এবং মতিঝিল থেকে উত্তরা উত্তর স্টেশনগামী শেষ ট্রেন রাত ১০টা ৩০ মিনিটে ছেড়ে যাবে।
২০২২ সালের ২৮ ডিসেম্বর রাজধানীতে দেশের প্রথম মেট্রোরেলের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। প্রথমে এমআরটি লাইন-৬-এর উত্তরা উত্তর থেকে আগারগাঁও অংশে সীমিত পরিসরে চলাচল শুরু হলেও পরে ধাপে ধাপে সব স্টেশন চালু করা হয়। ২০২৩ সালের ৩১ ডিসেম্বর মতিঝিল পর্যন্ত সব স্টেশনে যাত্রী ওঠানামা শুরু হলে উত্তরা-মতিঝিল রুটে পূর্ণাঙ্গ সেবা চালু হয়। আর নির্মাণাধীন কমলাপুর স্টেশন চালু হলে এমআরটি লাইন-৬-এর সম্পূর্ণ কার্যক্রম বাস্তবায়িত হবে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- BANZI নির্বাচন: জয়-পরাজয়ের বাইরে কমিউনিটির আমানত ও প্রত্যাশা
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- দুর্নীতিবাজ-সন্ত্রাসীদের দলে জায়গা হবে না: স্বাস্থ্যমন্ত্রী
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- ঢাবিসহ ৭ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সূচি প্রকাশ
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি